খবর...অতঃপর...
জাতীয়
লন্ডনে নাজমুল আলম, দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক
r নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় এই নেতা জুলাই ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন।
আমার দেশ, ১ অক্টোবর ২০২৬
· দুদকের ওই কর্মকর্তাদের চোখে চশমা পরানো দরকার। অবশ্য তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলতে পারেন, আমরা দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছি। বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞার কথা বলিনি, ইংল্যান্ড ত্যাগে নিষেধাজ্ঞার কথা বলিনি, যুক্তরাষ্ট্র ত্যাগে নিষেধাজ্ঞার কথা বলিনি!
r আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন : মাসুদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে তার হাতে হাতকড়া পরানো হয়নি, বরং এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকেই হাতকড়া পরানো ও অপমানিত করা হয়েছে।
শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেটে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
আমার দেশ, ৩ অক্টোবর ২০২৬
· আখতারুজ্জামান গ্রেফতার হয়ে অন্তত তাদের মুখে মুক্তিযুদ্ধের ইতিহাসের পক্ষের উচ্চারণ তো পাওয়া গেছে!
আখতারুজ্জামানের মতো একজন লোক, যিনি বহুবার একটি দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং কাকুতি-মিনতি করে আবার সে দলে যোগ দিয়েছেন, এমনকি যিনি ফ্যাসিবাদীদের পাতানো নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন, সর্বশেষ দল থেকে নমিনেশন না পেয়ে জামায়াতে যোগ দিয়েছেন, তাকে যেভাবে সদ্য যোগ দেওয়া দলের বড় বড় নেতারা রাতারাতি হিরো বানিয়ে ফেলেছিলেন, সেটি দেখে অনেকেরই চোখ ছানাবড়া হয়েছে। যে দল কি না প্রচার করে থাকে, তারা ক্যাডারভিত্তিক, তাদের দলে নেতা হতে হলে দীর্ঘদিন কর্মী হয়ে থাকতে হয়, সে দল আরেক দল থেকে বারবার বহিষ্কৃত ও পূর্ব থেকেই বিতর্কিত বলে পরিচিত একজনকে নায়ক বানিয়ে ফেলেছে!
r বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না : ভূমিমন্ত্রী
দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।
শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘বাংলাদেশ আল্লাহর জমিন; দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর।’ যাদের হেডকোয়ার্টার দিল্লি, তাদের দিল্লিতে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।
আমার দেশ, ৩ অক্টোবর ২০২৬
· শুধু মুখে বললে হবে না; মনেপ্রাণে ধারণও করতে হবে।
r সিজিএসের সম্মেলন
শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে অন্য রকম পরিস্থিতি হতো : দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। আমরা যদি তাঁকে অবতরণের অনুমতি না দিতাম, তবে একদম অন্য রকম এক পরিস্থিতির সৃষ্টি হতো।’
প্রথম আলো, ৩ অক্টোবর ২০২৬
· কী পরিস্থিতি হত সেটা তো তিনি ব্যাখ্যা করেননি এবং কেন তারা বাধ্য হয়েছিলেন— সে কথাও বলেননি। তিনি যদি বলতেন, আমরা এতদিন তাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রেখেছি। আমাদেরকে তিনি একতরফাভাবে দু-হাতে খালি দিয়েই গেছেন। বাংলাদেশের জন্য কিছু নেননি। সে কারণে তার অবৈধ সরকারকে আমরা সমর্থন দিয়ে টিকিয়ে রাখতে সাহায্য করেছি। তাহলে কথাটি পূর্ণতা পেত।
কী হত তার, যদি সেখানে তার প্লেন নামতে না দিত?
সেটি বাংলাদেশে আবার ফেরত আসত। বাংলাদেশের জনগণই তার ব্যাপারে সিদ্ধান্ত নিত, তাকে কী করা দরকার, তার বিচার প্রক্রিয়া কীভাবে হবে? তিনি কি ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন, না ক্ষমতা থেকে নামবেন? সেগুলো দেশের জনগণ ঠিক করত। কিন্তু ভারত তাকে সেখানে নামতে দিয়ে এবং সেখানে আতিথেয়তা দিয়ে বাংলাদেশের জনগণকে অসম্মান করেছে।
r এএসআইয়ের বক্তব্য ভাইরাল
আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি একটি মামলার তদন্তে গিয়ে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে ইলিয়াস হোসাইন এ বক্তব্য দেন বলে জানা গেছে। স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাঁর ওই বক্তব্যের ভিডিও ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
প্রথম আলো, ৫ অক্টোবর ২০২৬
· এ ধরনের ব্যক্তিরাই পুলিশ প্রশাসনকে ও পুরো আইনশৃঙ্খলা বাহিনীকে কলঙ্কিত করে।
r‘আমি চুরি করে খাই, তবে জায়েজ করে খাই’ : চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল
‘আমি চুরি করে খাই, তবে জায়েজ করে খাই’ সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন সেখের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের বিষয়ে জানতে সাংবাদিকরা প্রশ্ন করলে এ মন্তব্য করেন চেয়ারম্যান ফরহাদ হোসেন। পরে ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।
সিরাজগঞ্জ টাইমস, ৭ অক্টোবর ২০২৬
· ভদ্র ও ইনসাফওয়ালা চোর বটে!
r‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’ প্রচারণা শুরু করছে সরকার
পরিবার পরিকল্পনা খাতকে শক্তিশালী করতে আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে বছরব্যাপী ব্যাপক জন্মনিয়ন্ত্রণসামগ্রী নিয়ে প্রচারাভিযান শুরু করছে সরকার। কর্মসূচিতে র্যালি, মেলা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পরিবার পর্যায়ে প্রয়োজনীয় পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
বুধবার (৭ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল।
বাংলা ট্রিবিউন, ৭ অক্টোবর ২০২৬
· এদেরকে চীন, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে শিক্ষা নিতে বলা হোক। ওইসকল দেশ জোরপূর্বক সন্তান জন্মদানে বাধা প্রদান করেছিল। বহু আইনি খড়্গের মাধ্যমে মানুষকে বিরত রেখেছিল সন্তান জন্ম দেওয়া থেকে।
এখন ওসকল দেশে নারীরা সন্তান জন্ম না দিয়ে অভ্যস্ত হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে বিয়ে-শাদিকে ঝামেলা মনে করছে। সেসব দেশ এখন উল্টো সন্তান জন্মদানের জন্য হরেক রকমের পুরস্কার ঘোষণা করছে— মা-বাবার জন্য দীর্ঘ ছুটি এবং যাবতীয় খরচাদি বহন করাসহ আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। কিন্তু মায়েরা আর আগের মতো সন্তান জন্ম দিতে রাজি হচ্ছে না।
যে ভুল করে পৃথিবী এখন সংশোধনের পথে যাচ্ছে, সে ভুলের পথে এদেশের কর্তাব্যক্তিরা হাঁটা শুরু করছে। শুধু এক ক্ষেত্রে নয়, এদেশে গবেষণাসহ বহু ক্ষেত্রেই এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীলদের থেকে পরিলক্ষিত হয়ে থাকে।
r নেকাব পরায় ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ আখ্যা ঢাবি অধ্যাপকের, বললেন— ‘প্রতিবাদ করলেও আমার কিছু করতে পারবা না।’
দ্যা ডেইলি ক্যাম্পাস, ৭ অক্টোবর ২০২৬
· এ ধরনের ধৃষ্টতা প্রদর্শনকারীদের শুধু শিক্ষকতা থেকে সরিয়ে দেওয়াই কি যথেষ্ট!? এদেরকে কি পরিপূর্ণ বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ছাত্রীদের মানহানি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে মামলা দায়ের করে শাস্তি নিশ্চিত করা জরুরি নয়?
r সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন : বরকত উল্লাহ বুলু
বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ভোটেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু।
তিনি বলেছেন, ‘সনাতন ধর্মের ভাই-বোনদের কারণে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন।’
মঙ্গলবার (০৬ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলা টিভি নিউজ, ৭ অক্টোবর ২০২৬
· বুলু সাহেবকে দেখে তো মনে হয় না, তার নব্বই-এক শ বছর হয়ে গেছে, স্মৃতি ভ্রম ঘটেছে। তাই আবল-তাবল বকছেন। বুলু সাহেবের কি দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত নয়? তারেক রহমান সাহেবের কাছে এ কথা গেলে তিনি কী বলবেন?
r চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসকের বক্তব্য ভাইরাল
‘জনগণ আমাদের চায় না, দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে’
‘আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা নির্বাচিত প্রতিনিধি না। দল আমাদেরকে নিয়ে এই চেয়ারে বসিয়েছে। এই এলাকার মানুষ আমাদেরকে চায় না।... সেই জন্য আমরা এলাকার মানুষের চাইতে দলের মানুষকে প্রাধান্য বেশি দেব, যেহেতু দল আমাকে বসিয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামানের এমন একটি বিস্ফোরক ও বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক, ৭ অক্টোবর ২০২৬
· খুবই তো মজার বিষয়। বেতন-ভাতা সুযোগ-সুবিধা সব নেবেন জনগণের টাকায়। জনগণের পয়সায় ক্ষমতায় বসে আবার দলীয় লোক বসানোর জন্য এ ধরনের ঠুনকো যুক্তি পেশ করবেন! একেই বলে, ... ... সিনাজুরি।
r ব্যাংক খাতের পুনরুদ্ধারে আগামী ৫-৮ বছরে প্রতি বছর ৬০ হাজার কোটি টাকা লাগবে : গভর্নর
ব্যাংকিং খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ থেকে আট বছরে জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
প্রথম আলো, ১১ অক্টোবর ২০২৬
· এই তো পুঁজিবাদের খেলা। সাধারণ জনগণের টাকা জমা করো। লুটপাট করে খাও। হোমড়াচোমড়াদের লুটপাটের সুযোগ করে দাও। তারপর ভাগবাঁটোয়ারা করে সব নিয়ে বিদেশে চলে যাবে। এরপরে আবার সেই সাধারণ জনগণের থেকেই করের টাকা নেওয়া হবে। সেই করের টাকায় পুঁজিবাদীদের ব্যাংক আবার পুনরুদ্ধার করবে। আবার নতুন করে লুটপাটের সুযোগ তৈরি হবে!
r মীর শাহে আলম
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে
বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা পর্যায়ক্রমে চাকরি পাবেন, বৈধভাবে ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে সবারই মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গত ২৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ‘আমি কথা দিচ্ছি, বিএনপির দুর্দিনের সব নেতাকর্মীর মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। আপনারা চাকরি পাবেন, আপনারা বৈধভাবে ডিলারশিপ পাবেন, বৈধভাবে কাজের সুযোগ পাবেন, বৈধভাবে ঠিকাদারি পাবেন, আইন-নিয়মের মধ্য থেকে দলের যারা নির্যাতিত নেতাকর্মী পর্যায়ক্রমে সবারই মূল্যায়ন হবে।’
কালের কণ্ঠ, ১১ অক্টোবর, ২০২৬
· চাকরি ডিলারশিপ ও ঠিকাদারি তো সাধারণ জনগণের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে পাওয়ার কথা। এদেশে চাকরি ও বিভিন্ন ক্ষেত্রে দলবাজি ও দলপ্রীতির কথা তো কোনো গোপন বিষয় নয়। কিন্তু একজন প্রতিমন্ত্রী যদি মুখেও সেটা উচ্চারণ করেন, তাহলে সেটি কোন্ পর্যায়ে গিয়ে ঠেকে, তা তো সহজেই বোধগম্য।
r ইনশাআল্লাহ, আমরা মন্দিরে তো যাবই, আমার নেতা-কর্মীরা সবাই পূজার অনুষ্ঠানে অংশ নেবেন : নাহিদ
চ্যানেল ২৪, ১৫ অক্টোবর ২০২৬
· এটি এখন অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে। এদেশে হিন্দুদের পূজা আসলেই রাজনীতিবিদদের মধ্যে একধরনের অস্থিরতা লক্ষ করা যায়। তারা কে কার থেকে আগ বাড়িয়ে হিন্দুদের সাথে একাত্মতা ঘোষণা করতে পারবে, তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তারা এমনটি করে থাকেন।
সংখ্যালঘুরাও এদেশের নাগরিক। তারা নিজস্ব পরিসরে থেকে তাদের ধর্ম পালন করবে— এতে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু মুসলমান নেতারা যখন অন্যদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন এবং অন্যের ধর্মীয় অনুষ্ঠানকে নিজেদেরও উৎসব বলে প্রচার-প্রচারণা চালান, তখন খুব স্বাভাবিকভাবেই তাদের ধর্মীয় জ্ঞান নিয়ে সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগে।
সংখ্যালঘুদেরকে তাদের ধর্মীয় কাজ অবাধে করতে দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা এক কথা আর অন্যের ধর্মের সাথে নিজে একাকার হয়ে যাওয়া, তাদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া, তাদের উৎসবকে নিজেদের উৎসব বলে ব্যক্ত করা— সম্পূর্ণ ভিন্ন কথা। ইসলামে এমন কিছুর সুযোগ একেবারেই নেই।
এমন কর্মকাণ্ড দ্বারা মানুষ ঈমান থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এটি একটি-দুটি কিতাবে নয়; অসংখ্য ফিকহ ও আকীদার কিতাবে এমন কথা লেখা রয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দ্বারা ক্ষেত্রবিশেষে ঈমানহানীও ঘটতে পারে।
সুতরাং এ ধরনের বিষয়কে হালকাভাবে নেওয়া এবং ভিন্ন ধর্মাবলম্বীদেরকে সহযোগিতা বা সমর্থন দেওয়ার নামে তাদের সাথে ধর্মীয় সংস্কৃতি ও ধর্মীয় কর্মকাণ্ডে একাত্ম হয়ে যাওয়া মুসলমানদের জন্য কোনোক্রমেই শরীয়তসম্মত নয়।
r‘জামায়াত রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না’ : নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “জামায়াত রাজনীতি করতে পারলে, আওয়ামী লীগ কেন পারবে না?” তাঁর এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এবং অন্যান্য রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নুরুল হক নুরের এ মন্তব্য সামনে এলো।
ভোরের পাতা, ১৬ অক্টোবর ২০২৬
· নুরুদের যদি রাজনৈতিকভাবে জামায়াতকে ঠেকানোর মুরোদ না থাকে, তাহলে তারা চুপ থাকুক। কিন্তু নুরুদের মুখে ফ্যাসিবাদীদের পক্ষাবলম্বন বা তাদের পক্ষে ওকালতি করা একেবারেই বেমানান। জনগণ এই ধরনের কথাবার্তা বলা লোকদের সহ্য করার মতো অবস্থায় এখনও এসেছে বলে মনে হয় না।
r যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী
প্রশ্নপত্র ফাঁস হওয়ায় শেষ মুহূর্তে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে হয়েছে। পরীক্ষা দিতে ঢাকায় এসে ফিরে যেতে হয়েছে হাজারো চাকরিপ্রার্থীকে। এবার সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগ পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। রাতে ঘুমানোর প্রয়োজন হলে ঘুমাবেন নিজের দপ্তরে।
প্রথম আলো, ১৬ অক্টোবর ২০২৬
· হায়রে বাংলাদেশ! যেখানে রক্ষকই ভক্ষক। যেই সরকারি কর্মীদের ওপর আস্থা রেখে প্রশ্নপত্র তৈরি হবে, যাদের মাধ্যমে অন্যদের পরীক্ষা নেওয়া হবে, তাদেরকেই যদি বিশ্বাস না করা যায়, এত আতঙ্কগ্রস্ত হয়ে থাকতে হয় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের, তাহলে সে জাতির অবস্থা যে কোন্ জায়গায় গিয়ে ঠেকেছে, তা তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। প্রতিমন্ত্রীর আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। কারণ বিগত ফ্যাসিবাদী আমলে সম্ভবত এমন কোনো সরকারি পরীক্ষাই বাদ ছিল না, যার প্রশ্নপত্র আগে থেকে ফাঁস হয়নি।
প্রতিবেশী রাষ্ট্র
r‘গরু পশু নয়, আমাদের মা, যারা গরুকে পশু হিসেবে দেখেন, তাদের চিন্তা পশুসুলভ’
গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবি প্রসঙ্গে স্পষ্ট মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, কিছু মানুষ গরুকে জাতীয় পশু ঘোষণা করার কথা বলছেন; কিন্তু আমাদের কাছে গরু কোনো পশু নয়, বরং মা। আমাদের সঙ্গে তার সম্পর্ক জন্ম-জন্মান্তরের।
লখনৌতে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) প্রাক্তন নেতা অশোক সিঙ্ঘলের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
আমার দেশ, ২৯ সেপ্টেম্বর ২০২৬
· গরুকে পশু না মেনে যারা মা মানে, তাদের দৃষ্টিভঙ্গি কী হবে— সেটা তো আর ব্যাখ্যা করার দরকার নেই। বর্তমানের ১৫০ কোটি জনগণের দেশ ভারতের ভেঙে পড়া মানবিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের দুর্দশা দেখলেই তো সেটা বুঝে আসে।
আন্তর্জাতিক
r‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক নির্বাচনী প্রচার সমাবেশে মুসলিম বিশ্বে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে রসিকতা করেছেন। একই সময়ে তিনি ইরানের প্রেসিডেন্ট পদ নিয়েও উপহাস করেন।
জর্জিয়ার ডালটনে উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, “আপনি যদি মধ্যপ্রাচ্যের কারও নাম নিয়ে সন্দেহে থাকেন, তাহলে শুধু ‘মোহাম্মদ’ বলুন। আপনার প্রায় ৬৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। ‘হ্যালো, মোহাম্মদ।’ আমি বহু বছর ধরে এমনটা করে আসছি। কখনও ভুল হয়নি।”
মোহাম্মদ মুসলিমদের মধ্যে সবচেয়ে প্রচলিত পুরুষ নামগুলোর একটি। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাম অনুসারে মুসলিমরা প্রায়ই তাদের ছেলেদের এই নাম রাখেন।
ট্রাম্প বলেন, “ইরানই একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না।” এরপর তিনি কয়েকজন ‘মোহাম্মদ’ নামের ব্যক্তিকে কাল্পনিকভাবে প্রশ্ন করার ভঙ্গি করেন যে তারা এই পদটি নিতে চান কি না। মাসুদ পেজেশকিয়ান ২০২৪ সাল থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ট্রাম্পের এই রসিকতায় জর্জিয়ার সমাবেশে উপস্থিত জনতা ‘উচ্ছ্বসিত’ প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত ছিল।
মানবাধিকারকর্মী এবং মুসলিম অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বারবার ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, তার বক্তব্যে মুসলিম, অভিবাসী ও জাতিগত সংখ্যালঘুদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় এবং তাদের উপহাস করা হয়।
স্টার নিউজ, ১৭ অক্টোবর ২০২৬
· যতটুকু জানা যায়, রাজনীতিতে আসার আগে ট্রাম্প ব্যবসা করতেন। তিনি মধ্যপ্রাচ্যে কোনো চাকরি করেছেন বলে তো জানা যায় না যে, সেখানে চাকরির সুবাদে তিনি এটা ট্রাই করে দেখেছেন। তিনি মধ্যপ্রাচ্যে গিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে ভিআইপি মর্যাদা নিয়ে। তাকে কেন এরকম মানুষকে ডাকতে হয়েছে? রাজনীতিবিদরা যে মুখরোচক কথা বানিয়ে থাকে, এটি তার একটি প্রমাণ।
কিন্তু কথা এখানে শেষ হয়ে যাচ্ছে না। কথা হল, একটি শক্তিধর বৃহত্তর রাষ্ট্রের রাষ্ট্রপতি কীভাবে ‘মুহাম্মাদ’ নাম নিয়ে এভাবে ব্যঙ্গ করতে পারেন!? মানুষের রুচিবোধ কত নিচে নেমে গেলে এবং ধৃষ্টতা ও শত শত কোটি মানুষের অন্তরে আঘাত দেওয়ার হীন মানসিকতা কত বেশি প্রকট হলে এমন কথা বলতে পারে! ·
গ্রন্থনা : ওয়ালিউল্লাহ খান