জুমাদার আখিরাহ ১৪৪৮   ||   নভেম্বর ২০২৬

মডার্নিজম
দ্বীনবিচ্ছিন্ন ‘মডার্নিটি’র মৌলিক বিচ্যুতি

হযরত মাওলানা মুফতি তকী উছমানী

(আগস্ট ২০২৬ সংখ্যার পর)

 

আল্লাহ তাআলা জ্ঞানলাভের বিভিন্ন পথ উন্মুক্ত করে দিয়েছেন

নিঃসন্দেহে এই বিশ্বজগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোনো ব্যক্তি এ কথা অস্বীকার করলে আমরা তাঁর সঙ্গে তাওহীদ নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু মডার্নিটির কোনো প্রশ্ন নিয়ে কথা এগোতে পারি না।

যদি স্বীকার করে নেওয়া হয়, এই বিশ্বজগৎ একজন স্রষ্টা তৈরি করেছেন এবং তিনি আমাদেরও সৃষ্টি করেছেন, তাহলে এই বিশ্বাসের যৌক্তিক দাবি হল, এ কথাও স্বীকার করে নেওয়া যে, সেই মহান স্রষ্টা জীবনযাপন এবং প্রয়োজন পূরণের জন্য আবশ্যক জ্ঞান লাভ করার বিভিন্ন পথ উন্মুক্ত করেছেন।

জ্ঞানের সাধারণ মাধ্যম

জ্ঞানের প্রথম যে মাধ্যম আল্লাহ তাআলা দান করেছেন, তা হল পঞ্চেন্দ্রিয়। দেখার জন্য চোখ, শোনার জন্য কান, শুঁকবার জন্য নাক এবং হাত-পা ইত্যাদি। পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে মানুষ বহু বিষয়ে জ্ঞান লাভ করে।

কিন্তু এই ইন্দ্রিয়গুলো সবর্দা জ্ঞান সরবরাহ করতে পারে না। সেক্ষেত্রে আল্লাহ তাআলা জ্ঞান লাভের আরেকটি মাধ্যম দিয়েছেন। তা হল বুদ্ধি (intellect) বা যুক্তি (reason)। চিন্তা ও বিচার-বুদ্ধি সেখানে কাজ করে, যেখানে পঞ্চেন্দ্রিয় কাজ করতে পারে না।

প্রতিটি মাধ্যমের নির্দিষ্ট কর্মপরিধি আছে

আল্লাহ তাআলা জ্ঞানের এসব মাধ্যমকে এমনভাবে সাজিয়েছেন— একটি মাধ্যম আপনাকে নির্দিষ্ট জ্ঞান দিতে পারে, সেই জ্ঞান শরীরের অন্য অংশ দিতে সক্ষম নয়। যেমন, চোখ দেখতে পারে, তবে শুনতে পারে না। কান শুনতে পারে, তবে দেখতে পারে না। ঠিক তেমনি আকল ও চিন্তাশক্তি আপনাকে সেখানে জ্ঞান সরবরাহ করে, যেখানে পঞ্চেন্দ্রিয় কাজ করতে পারে না।

জ্ঞানের প্রতিটি উৎসের নিজস্ব কর্মপরিধি ও সীমাবদ্ধতা আছে, যার বাইরে তা কাজ করতে পারে না। একটি পর্যায়ে আকলও জ্ঞান সরবরাহ করতে পারে না।

ওহীর আলো থেকে বিচ্ছিন্ন ব্যক্তি দ্বন্দ্ব ও দ্বিধাবিভক্তির শিকার হয়

এই পর্যায়ে আল্লাহ তাআলা জ্ঞানের আরেকটি মাধ্যম দিয়েছেন। তা হল ‘ওহী’। আল্লাহ তাআলা পবিত্র কুরআন এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহীর ইলম দান করেছেন।

জ্ঞানের এই মাধ্যম সেইসকল বিষয়ে দেওয়া হয়েছে, যেখানে পঞ্চেন্দ্রিয় কাজ করে না এবং যুক্তি-বুদ্ধিও যথাযথ উত্তর দিতে সক্ষম নয়। ওহী সঠিক-ভুল ও হক-বাতিলের পার্থক্যের ইলম দান করে। এই ইলম কেবল ওহী থেকে লাভ করা যায়।

মানুষের সমস্যা হচ্ছে, সে নিজেকে জ্ঞানের সাধারণ দুটি মাধ্যমে সীমাবদ্ধ রাখে— পঞ্চেন্দ্রিয় ও আকল। যখন সে এই বাক্সের বাইরে কদম ফেলতে চায় না, ওহীর আলো থেকে বিচ্ছিন্ন হয়, সে দ্বন্দ্ব ও দ্বিধাবিভক্তির শিকার হয়। শেষে পথ হারিয়ে বসে।

এক যুগের ‘চূড়ান্ত সত্য’ অন্য যুগে বোকামি!

এ কারণে মানবেতিহাসের দিকে তাকালে দেখা যায়, দার্শনিকদের চিন্তাধারা কখনও এক জায়গায় স্থির থাকেনি; বরং একটি মতবাদ এক যুগে যত জাঁকজমকপূর্ণ ও ‘ফ্যাশনেবল’ হোক না কেন, কালক্রমে মানুষ বুঝতে পারে— সেটি ছিল ভিত্তিহীন, এমনকি বোকামি!

উদাহরণস্বরূপ, একসময় কমিউনিজম ছিল ‘চূড়ান্ত সত্যে’র মতো। সেটিই ছিল যুগের ‘ফ্যাশন’। আজ তার পতন ঘটেছে। কমিউনিজম গড়ে উঠেছিল মানববুদ্ধির ভিত্তিতে।

ক্যাপিটালিজমও মানববুদ্ধি-নির্ভর। আজকের বড় বড় অর্থনীতিবিদরা স্বীকার করেছেন, ক্যাপিটালিস্ট সিস্টেম মানুষের জন্য সমান সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে।

মূলকথা হল, মানুষ যখন নিজের বিচার-বুদ্ধিকে একমাত্র পথপ্রদর্শক মনে করে ঐশী নির্দেশনা উপেক্ষা করে, সে নানা বিপথগামিতার শিকার হয়। যুক্তি তখন সত্য অনুসন্ধানের পরিবর্তে ভুল ও ধ্বংসাত্মক কাজকে বৈধ প্রমাণ করার হাতিয়ার হয়ে ওঠে। ওহীকে উপেক্ষা করে মানববুদ্ধিকে ‘স্বয়ংসম্পূর্ণ’ বিশ্বাস করার পথ যে-কোনো মন্দ চিন্তার দুয়ার খুলে দেয়।

পারমাণবিক বোমা ফেলার পক্ষেও ‘যুক্তি’ আছে!

প্রথম পরমাণু বোমা ফেলা হয়েছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে।(১) গোটা বিশ্ব সেই বর্বরতার প্রতিবাদ করেছে। আমি নিজে সেই জায়গা দেখেছি। জানতে পেরেছি, সেই বোমা বর্ষণের ফলে জনমানুষের ওপর কী মহা বিপর্যয় নেমে এসেছিল!

কিন্তু (বোমা নিক্ষেপের নীতিগত সম্মতিদাতা এবং সামরিক পরিকল্পনা অনুমোদনকারী) যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল (১৮৭৪-১৯৬৫)-এর বক্তব্য দেখুন, তিনি (নির্লজ্জ সাফাই গেয়ে) বলেছেন—

To quell the Japanese resistance man by man and conquer the country yard by yard might well require the loss of a million American lives and half that number of British...

Now all this nightmare picture had vanished. In its place was the vision—fair and bright indeed it seemed—of the end of the whole war in one or two violent shocks.

জাপানীদের একজনের পর একজনের প্রতিরোধ দমন করতে এবং জাপানের প্রতি ইঞ্চি জমি দখল করে নিতে গেলে আমেরিকানদের হয়তো দশ লক্ষ এবং ব্রিটিশদের প্রায় পাঁচ লক্ষ প্রাণ দিতে হত। ...

কিন্তু এখন সেই ভয়াবহ দুঃস্বপ্নের দৃশ্যপট একেবারে গায়েব হয়ে গেল। তার বদলে দেখা দিল উজ্জ্বল ও আশাপূর্ণ ভবিষ্যৎ— সমগ্র যুদ্ধের অবসান মাত্র এক বা দুটি প্রচণ্ড আঘাতেই।(২)

দেখুন, চার্চিল বোমা ফেলার পক্ষে যুক্তি দিচ্ছেন— যুদ্ধ দ্রুত শেষ করে (নিজেদের ও মিত্রপক্ষের) এত এত সৈন্যের প্রাণ বাঁচানো গেছে। কিন্তু (আক্রান্ত অঞ্চলের) কত নিরীহ-নিরপরাধ ও নিরস্ত্র মানুষ মরল, কত পরিবার চিরতরে ধ্বংস হল, কত মানুষ আজীবনের জন্য পঙ্গু হয়ে গেল— সেসবের কথা বলেননি। শুধু বললেন, এই বোমার কারণে এত এত সংখ্যক সেনা বেঁচে গেছে!

ব্যাপারটি বুঝতে হবে— নিরেট মানববুদ্ধির জোরে কেউ যা খুশি তা-ই প্রমাণ করতে পারে। সবচেয়ে মন্দ কাজকেও ‘ভালো’ বলে সাজাতে পারে। ‘যুক্তি’র পসরা সাজিয়ে অসত্যকে ‘সত্য’ বানাতে পারে।

আকল যখন ঐশী নির্দেশনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তা পথভ্রষ্টের হাতিয়ার হয়ে ওঠে। তখন দেখা যায়, আকল মানুষকে কোথায় নিয়ে যায়, কী করায়!

‘যুক্তি হল অনুভূতি ও কামনার দাস’!

আধুনিক আইন বিশেষজ্ঞ ডেভিড হিউম (১৭১১-১৭৭৬) লিখেছেন—

Reason is, and ought only to be, the slave of the passions and can never pretend to any other office than to serve and obey them.

বুদ্ধি বা যুক্তিবিবেচনা আসলে মানুষের অনুভূতি ও কামনার দাস এবং তার অধীন। অনুভূতি ও কামনার সেবা করা এবং তার নির্দেশ পালন করা ছাড়া যুক্তির আর কাজ নেই।(৩)

অর্থাৎ মানুষের অনুভূতি ও বাসনা তার চিন্তাশক্তির ওপর কর্তৃত্ব করবে! যুক্তি হল অনুভূতি ও বাসনার গোলাম, এর আদেশ পালন করাই তার একমাত্র কাজ!

যুক্তির ব্যবহার ও প্রবৃত্তির অনুসরণে ইসলাম পার্থক্য করেছে

পবিত্র কুরআন সুস্থ বুদ্ধি আর খেয়াল-খুশির মধ্যে স্পষ্ট পার্থক্য করেছে। কুরআনের আলোকে বুদ্ধি মানুষের একটি উত্তম গুণ। কিন্তু খেয়াল-খুশি প্রসঙ্গে কুরআন বলেছে—

وَلَوِ اتَّبَعَ الْحَقُّ اَہْوَآءَہُمْ لَفَسَدَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ وَمَنْ فِيْہِنَّ.

যদি সত্য তাদের খেয়াল-খুশির পিছু চলত, তাহলে আসমান-জমিন আর এতে বসবাসকারী সবকিছু বিপর্যস্ত হয়ে যেত।(৪)  —সূরা মুমিনূন (২৩) : ৭১

খেয়াল-খুশির পিছু চলা আর যুক্তির সুস্থ ব্যবহার সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। যুক্তি ও বুদ্ধিকে খেয়াল-খুশির দাস বানিয়ে ফেললে, কুরআনের ভাষ্যমতে— আসমান-জমিন সব তছনছ হয়ে যাবে।

‘অভিজ্ঞতা বা যুক্তি দ্বারা যাচাইযোগ্য না হলে তা জ্ঞানের সীমানার বাইরে’!

দ্বীনী নির্দেশনা উপেক্ষা করে মানববুদ্ধির ওপর সম্পূর্ণ নির্ভর করার ফলে এই ধরনের (বিচ্ছিন্ন) মতবাদ তৈরি হয়— ভালো, মন্দ, উচিত, যোগ্য এই শব্দগুলো সম্পূর্ণ আবেগের বিষয়, নৈতিক জ্ঞান বা আদর্শ বলে কিছু নেই!(৫)

ফ্রিডম্যান (১৯০৭-১৯৭২) বলেন—

A representative view is that of the English philosopher Ayer, for whom the only genuine concepts are either empirical or logical. The empirically verifiable and the logically certifiable exhaust the area of the cognitive.

All other statements are ÔemotiveÕ. All ethical ÔconceptsÕ are in this category. Hence, the validity of ethical disputes is not a matter of argument. ÔWe merely praise or condemn them in the light of our own feelings.Õ

ইংরেজ দার্শনিক এ. জে. এয়ারের মতে, কেবল দুই ধরনের ধারণাই প্রকৃত অর্থে ‘জ্ঞানের’ সীমানায় পড়ে। এক হচ্ছে অভিজ্ঞতালব্ধ ধারণা, আর হল যুক্তিসম্মত ধারণা। যা অভিজ্ঞতার মাধ্যমে যাচাইযোগ্য অথবা যুক্তির মাধ্যমে নিশ্চিত করা যায়, কেবল সেটাই জ্ঞানের আওতায় পড়ে।

এছাড়া সকল বক্তব্য নিছক ‘আবেগঘটিত’। নৈতিকতার সকল ‘ধারণা’ এই শ্রেণিভুক্ত। তাই নৈতিক মতভেদের চূড়ান্ত মীমাংসা করা যায় না।(৬)

মানে দাঁড়াল, (ওহীর যেসব বক্তব্য ‘মানব অভিজ্ঞতা’ বা ‘মানবযুক্তি’র মাধ্যমে ‘যাচাইযোগ্য’ মনে হবে না, তা প্রকৃত অর্থে ‘জ্ঞান’ নয়! ফলত) কিছুই ভালো নয়, কিছুই মন্দ নয়। জাগতিক সুখ অর্জনের জন্য মানুষ নিজে যা ভালো মনে করে, তা-ই ভালো! এর বাইরে সব মন্দ!

তাই দেখা যাচ্ছে, পশ্চিমা দেশগুলো এবং এশিয়া ও আফ্রিকার কিছু দেশেও হোমোসেক্সুয়ালিটি বা সমকামী সম্পর্ক সবচেয়ে ‘ফ্যাশনেবল’ বিবেচিত হচ্ছে। যখন মানুষ স্রষ্টার নির্দেশনা উপেক্ষা করে খেয়াল-খুশিকে জীবনের মালিক বানিয়ে ফেলে, তখন (ব্যক্তিস্বাধীনতার দোহাই দিয়ে) কুপথে পা বাড়ায় বৈকি!

ইসলাম ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বনের আহ্বান জানায়

শরয়ী সীমারেখার ভেতরে (বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে) নিজেকে উন্নত করা, জীবনযাপন পদ্ধতির উন্নয়ন, ব্যবহারের জিনিসপত্র আধুনিক করার সুযোগ ইসলামে আছে।

আপনি যদি আধুনিক আর্কিটেক্টের ডিজাইন করা একটি চমৎকার বাড়ি বানান, তা ইসলাম নিষেধ করেনি। যদি আপনি মোবাইল ফোন বা গাড়ির নতুন মডেল ব্যবহার করেন, তাতেও ইসলামের বিপরীত কিছু নেই।(৭)

সমস্যা শুরু হয় যখন মানুষ সীমা অতিক্রম করে। ইসলাম বলে, জীবনে কিছু নীতি এমন থাকা দরকার, যাতে চিরন্তন সত্য নিহিত থাকবে, যেগুলো খেয়াল-খুশিমতো পাল্টানো যাবে না। সেই নীতিগুলো সংরক্ষিত আছে পবিত্র কুরআন ও সুন্নাহ্য়। সেগুলো পরিবর্তন করার সুযোগ নেই।

এ ধরনের নীতি সংখ্যায় কম। এর বাইরে আছে বিশাল বিস্তীর্ণ অংশ, যেখানে মানুষের বুদ্ধি ও অভিজ্ঞতা কাজ করতে পারে। সেখানে মানুষ এগিয়ে যেতে পারে ভালো থেকে আরও ভালো এবং আরও ভালো থেকে সেরার দিকে।

ইসলামের ভাষায় এই বিস্তীর্ণ অংশের নাম ‘মুবাহাত’ (বৈধ ও অনুমোদিত কাজের ক্ষেত্র)। ‘মুবাহ’ বিষয়গুলোতে মানববুদ্ধি ভূমিকা রাখতে পারে।

কিন্তু মৌলিক কিছু নীতি আছে, সেগুলো অপরিবর্তনীয়। যেমন, তাওহীদের বিশ্বাস ইসলামের মৌলিক আকীদা। এটি পরিবর্তন করার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন। এতে কোনো হেরফের চলে না। আল্লাহ তাআলা কিছু জিনিস হারাম করেছেন। কারণ মানববুদ্ধি এসবের অন্তর্নিহিত ক্ষতির গভীরতা বুঝতে পারে না। তাই আল্লাহ তাআলা নিজেই সেগুলো স্পষ্ট ভাষায় নিষিদ্ধ করেছেন। আপনি পছন্দ করুন বা না করুন— তা পরিবর্তন করার সুযোগ নেই।

কিছু নীতি অপরিবর্তনীয় হওয়ার আবশ্যকতা একটি স্বীকৃত বিষয়

এই বিষয়ে আধুনিক আইনবিষয়ক চিন্তাবিদরাও মত দিয়েছেন— কিছু মূলনীতি অপরিবর্তিত রাখতে হয়। উদাহরণস্বরূপ, জর্জ হোয়াইটক্রসের (১৯০২-১৯৮৫) উদ্ধৃতি দিচ্ছি—

What interests should the legal system protect? This is a question of values in which legal philosophy plays its part. But, however much we desire the help of philosophy, it is difficult to obtain. No agreed scale of values has ever been reached.

Indeed it is only in religion that we can find a basis, and the truth of religion must be accepted by faith or intuition and not purely as the result of logical argument.

আইনি ব্যবস্থা কী কী স্বার্থের সুরক্ষা দেবে— এটি মূল্যবোধের প্রশ্ন এবং এই প্রশ্নেই আইন-দর্শন তার ভূমিকা পালন করে। কিন্তু আমরা যত আন্তরিকভাবে চাই না কেন, দর্শনের সহায়তা পাওয়া অনেক কঠিন। কারণ ‘মূল্যবোধে’র কোনো সর্বসম্মত মাপকাঠি আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি।

আসলে কেবল ধর্মেই আমরা এর একটি ভিত্তি খুঁজে পাই। আর ধর্মের সত্যকে নিছক যুক্তি-প্রমাণের ফল বলে মেনে নেওয়া যায় না; বরং তা গ্রহণ করতে হয় অকৃত্রিম বিশ্বাস বা সহজাত উপলব্ধির মাধ্যমে।(৮)

বোঝা গেল— শুধু যুক্তি ঘাঁটলে কোনো বিষয়ের মূল্যবোধ-চর্চা চূড়ান্ত সত্যে পৌঁছতে পারে না। শেষ পর্যন্ত লাগেই একটা বিশ্বাস। আর ধর্ম সেই ভিত্তিটিই জোগায়।

আত্মঘাতী হামলাকারীদের প্রসঙ্গ

এবার আমি একশ্রেণির উদাহরণ দিই, যাদের ব্যাপারে চারদিকে অভিযোগ শোনা যায়। এই যে চরমপন্থিরা (মুসলিম দেশে) আত্মঘাতী বোমা হামলা করে, তারা কি দ্বীনের ভিত্তিতে এ কাজ করছে?

মোটেও না। তারা ইসলামী নির্দেশনার ভিত্তিতে এ কাজ করছে না। কারণ কুরআন-সুন্নাহ্য় আত্মহত্যা সম্পর্কে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে।

তাহলে কেন তারা এ কাজ করছে? নিজস্ব বুদ্ধি-বিবেচনার জোরে, আবেগ ও খেয়াল-খুশির তাড়নায়। এ ব্যাপারে তারা শরীয়াহর নির্দেশনা অনুসরণ করেনি।

আপনি যদি যুক্তিকে সব ধরনের দ্বীনী নির্দেশনার আওতামুক্ত করে দেন, তাহলে কোনো সীমা আপনাকে আটকাতে পারবে না। মানববুদ্ধিকে চূড়ান্ত মানদণ্ড নির্ধারণ করলে আপনি যে-কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেন, যে-কোনো কাজকে ‘ঠিক’ সাজাতে পারেন। ভালো-মন্দের সব মাপকাঠি তখন অর্থহীন হয়ে যায়।

ইসলাম আমাদের শিক্ষা দেয়— কিছু অপরিবর্তনীয় নীতি আছে, যা মেনে চলতে হবে। সেগুলো সংখ্যায় অনেক কম। সেসবের বাইরে আছে ‘মুবাহাত’ বা বৈধ কাজের সুবিশাল অধ্যায়। সেখানে কুরআন-সুন্নাহর নির্ধারিত সীমানায় থেকে আপনি নিজের উন্নয়ন করতে পারেন, জীবনধারা উন্নত করতে পারেন, নতুন কিছু আবিষ্কার করতে পারেন।

একটি বিনীত আরয

এই মৌলিক কথাগুলো আপনাদের বলতে চেয়েছিলাম। শেষে আপনাদের ভাই হিসেবে একটি বিনীত আরয করতে চাই।

আমরা যদি বিশ্বাস করি, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাহলে এই বিশ্বাসের যৌক্তিক ফল হল, এটাও বিশ্বাস করা— তিনি আমাদের জীবনযাপন পদ্ধতিও নির্ধারণ করে দিয়েছেন।

তাই প্রথমে নিজেকে বলছি, তারপর সব শ্রোতাকে বলছি, (দ্বীনী জীবনযাপনে অভ্যস্থ হই এবং) আল্লাহর কাছে দুআ করি, দুআর অভ্যাস গড়ে তুলি।

সকালে ঘুম থেকে উঠে দুআ করি—

আল্লাহ! আজকের দিন শুরু করছি, আমাকে তোমার সন্তুষ্টিমতো গড়ে তোলো, কুরআনের নির্দেশনা অনুযায়ী আমাকে চালাও। ভুল হলে সংশোধন করে দিয়ো।

রাতে ঘুমানোর আগে আবার দুআ করি—

আল্লাহ! আজকের দিন শেষ হল। তোমার কাছে হেদায়েত চেয়েছিলাম। জানি না, দিনের বেলায় তোমার অসন্তুষ্টির কী কী কাজ করেছি। তোমার কাছে ক্ষমা চাই এবং তওবা করি।

সকাল-সন্ধ্যার এই দুই দুআ আল্লাহর সন্তুষ্টি মতো জীবন গড়ে তোলায় সহায়ক হবে ইনশাআল্লাহ।

শেষ আবেদন

যে-কোনো সময় আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হবে। মৃত্যুর কথা কেউ অস্বীকার করতে পারে না। আবার কেউ জানে না কখন মৃত্যু আসবে। সারা পৃথিবীতে মানুষ সবকিছু নিয়ে সন্দেহ করেছে। আল্লাহর অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে। কিন্তু এই অমোঘ সত্যটি কেউ অস্বীকার করতে পারেনি যে, একদিন সে মারা যাবে। কেউ জানে না, সেই মুহূর্ত কখন আসবে!

আমরা যদি মুসলমান হই এবং বিশ্বাস করি, মৃত্যুর পর চিরস্থায়ী জীবন অপেক্ষা করছে, তাহলে সেই জীবনের প্রস্তুতি নেওয়া উচিত। আর সেই প্রস্তুতির বড় অংশ হল, (আখেরাতমুখী জীবনযাপন করা, পাঁচ ওয়াক্ত নামায জামাতের সঙ্গে পড়া এবং) প্রতিদিন সকাল-সন্ধ্যায় আল্লাহর কাছে দুআ করা।

আল্লাহ তাআলা আমাদের তাওফীক দিন, যেন আমরা তাঁর সন্তুষ্টিমতো কাজ করি, তাঁর নির্দেশনা অনুযায়ী জীবন গড়ি।

 

প্রশ্নোত্তর পর্ব

এক. সুদ-জুয়া ইত্যাদি অবৈধ লেনদেন ব্যাপক হওয়ার কারণেই আর্র্থিক সংকট প্রবল হচ্ছে

প্রশ্ন : ক্যাপিটালিজম সম্পর্কে ইসলাম কী বলে?

উত্তর : ক্যাপিটালিস্ট ব্যবস্থার মূল কথা হল, যে-কোনো উপায়ে আয় করা এবং বেশি থেকে বেশি মুনাফা অর্জন করার ক্ষেত্রে প্রত্যেকে স্বাধীন।

ক্যাপিটালিজম বা পুঁজিবাদ মার্কেট ইকোনমিতে বিশ্বাসী। তার মতে, অর্থনৈতিক সব সমস্যার সমাধান হয় ডিমান্ড এন্ড সাপ্লাই তথা চাহিদা ও জোগানের বাজার শক্তি দিয়ে।

ইসলাম বৈধ চাহিদা ও জোগানকে স্বীকার করে। কিন্তু ‘যে যেভাবে পারে, যত খুশি মুনাফা করুক’— এই নীতি ইসলামী নির্দেশনার বিপরীত। কারণ ইসলাম চাহিদা-জোগানের বাজার শক্তিকে মেনে নিলেও মুনাফা অর্জনের পদ্ধতিতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আপনি যদি সবাইকে ছেড়ে দেন— তারা যেভাবে খুশি বেশি থেকে বেশি লাভ করুক, তাহলে সেটা নিজেই চাহিদা-জোগানের শক্তিকে পঙ্গু করে দেয়। কারণ এর ফলে সৃষ্টি হয় সুদ (interest), জুয়া (gambling), আর একচেটিয়া কারবার (monopolies)।(৯)

একচেটিয়া কারবার দাঁড়িয়ে গেলে বাজারের স্বাভাবিক শক্তি —চাহিদা ও জোগান— স্বাধীনভাবে কাজ করতে পারে না। একচেটিয়া কারবার এই শক্তিগুলোকে সংকটে ফেলে দেয়।

এই কারণে ইসলাম কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। যেমন, আপনি সুদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে উপার্জন করতে পারবেন না। (হারাম প্রোডাক্ট বিক্রি করে বা অন্য কোনো হারাম উপায়ে আয় করতে পারবেন না।) এসব অবৈধ লেনদেন (ব্যাপক হওয়ার) কারণেই আজ আর্থিক সংকট দেখা দিয়েছে।

পুঁজিবাদের এসব দিক ইসলাম স্বীকৃতি দেয়নি। তবে ইসলামের নিষেধাজ্ঞাগুলো মেনে চললে —হারাম ছেড়ে হালাল পথে মুনাফা করলে— সেটার সুযোগ ইসলামে আছে।

দুই. ঋণনির্ভর অর্থনীতির পরিবর্তন জরুরি

প্রশ্ন : আমার প্রশ্নটি ইসলামিক ইকোনমিক সিস্টেম প্রসঙ্গে, বিশেষ করে ব্যাংকিং খাত নিয়ে। কেন মুসলিম দেশগুলোতে এখনও সুদভিত্তিক ব্যবস্থা চলছে, যা ইসলামী আইনের সুস্পষ্ট লঙ্ঘন?

উত্তর : এই প্রশ্নটি আসলে আমার কাছে নয়, রাজনৈতিক নেতাদের কাছে করা উচিত। আপনি জিজ্ঞেস করছেন, কেন তারা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করছে না; কেন তারা সুদের ভিত্তিতে ফাইন্যান্সিং চালিয়ে যাচ্ছে। তাই রাজনৈতিক কর্তৃপক্ষের কাছেই প্রশ্নটি বেশি মানায়।

তবে আমি যতটা দেখেছি, সমস্যাটা হল— ওই ব্যক্তিরা, নেতা হোক বা বুদ্ধিজীবী, ইসলামী অর্থনীতি যথাযথ অধ্যয়ন করেননি। তাদের ভয় থাকে— সুদ তুলে দিলে গোটা অর্থনীতি ধসে পড়বে, তারা আর ঋণ নিতে পারবেন না। চলমান ব্যবস্থায় ঋণের ভিত্তিতে অর্থনীতির চাকা সচল রাখা সহজ। তবে সুদ তুলে দিয়ে ইসলামী নীতির আওতায় অর্থনীতি সাজাতে চাইলে সেটা সম্ভব।

এখন আমাদের দেশগুলো বেলুনে পরিণত হচ্ছে, যা দিন দিন আরও বেশি ঋণ গ্রহণের মাধ্যমে ফুলিয়ে তোলা হচ্ছে। এই (সুদী) ঋণনির্ভর অর্থনীতি পরিবর্তন করে নতুন অর্থনীতি নিয়ে আসা দরকার— যা হবে প্রকৃত অর্থনীতি (real economy), প্রকৃত সম্পদের (real assets) সঙ্গে সম্পর্কিত।

এই কাজটি করতে প্রয়োজন পরিবর্তনকামী চিন্তাধারা আর আপোষহীন সংকল্প।

তিন. দলীল-প্রমাণের ভিত্তিতে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে দ্বীনের গৃহীত সিদ্ধান্তের বিপরীতে কোনো গোষ্ঠীর বিচ্ছিন্ন মত ইসলামের নামে প্রচার করা অনুচিত

প্রশ্ন : আমার মতে, মুসলিমদের  সামনে মৌলিক সমস্যা হল, কুরআন কারীমের ব্যাখ্যায় ব্যক্তিগত মতামত পেশ করা। প্রত্যেকে আপন খেয়ালখুশি ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী কুরআন ব্যাখ্যা করার চেষ্টা করছে, যেমন দায়েশ ও অন্যরা। এটি বড় জটিলতার দিকে নিয়ে যাচ্ছে।

উত্তর : আপনি শতভাগ ঠিক বলেছেন। প্রকৃত সমস্যা এটিই— প্রত্যেকে নিজ খেয়াল-খুশি অনুযায়ী কুরআন-হাদীস ব্যাখ্যা করার চেষ্টা করছে। তবে এই সমস্যার সমাধান খুব কঠিন নয়। ইসলামী বিশ্বে অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে এ ধরনের বিষয়ে পরামর্শ, আলোচনা-পর্যালোচনা হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়। যেমন জেদ্দায় অবস্থিত ওআইসির ইসলামিক ফিকহ একাডেমি। তারা বহু সমস্যা নিয়ে আলোচনা ও সংলাপের মাধ্যমে রেজুলেশন (সিদ্ধান্ত) জারি করে, যা সমগ্র ইসলামী বিশ্বে গৃহীত হয়।

এখন যদি ক্ষুদ্র একটি দল —‘ক্ষুদ্র’ বলতে সংখ্যা ও দক্ষতার দিক থেকে বোঝাচ্ছি— ভিন্ন ব্যাখ্যা হাজির করে; (উলূমে শরীয়াহ্য় পারদর্শী) বিশ্বের সব (মাযহাবের নির্ভরযোগ্য) আলেম ইতোমধ্যে আলোচনার পর যা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে দিয়েছেন, তাহলে সেই ব্যাখ্যা ইসলামের নামে প্রচার করা উচিত নয়। সেটা আলেমদের নামেও চালানো উচিত নয়।

প্রত্যেক সমাজেই বিচ্ছিন্ন মত প্রচারকারী থাকতে পারে। (দায়েশও বিচ্ছিন্ন মত প্রচার করছে) কিন্তু দলীল-প্রমাণের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ আলেম সিদ্ধান্ত দিয়েছেন যে, এই মত (ও কর্মপন্থা) সঠিক নয়।

সাধারণ মানুষের বোঝা উচিত, বিশ্বের সংখ্যাগরিষ্ঠ আলেমের বিপরীতে একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাজির করা ব্যাখ্যার ওপর কীভাবে আস্থা রাখা যায়?

আপনি দায়েশের কথা উল্লেখ করেছেন, তাই সেটি বলছি। অন্যথায় বর্তমান যুগে আরও অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে ইসলামী দৃষ্টিভঙ্গিতে গবেষণার প্রয়োজন। এসব বিষয়  ইসলামিক ফিকহ একাডেমির সামনে উপস্থাপন করা হয়। এই একাডেমিতে সব মুসলিম দেশের, এমনকি যেসব অমুসলিম দেশে মুসলিমরা সংখ্যালঘু, সেখানকার প্রতিনিধিত্বও থাকে। সেখানে সমস্যাগুলো পেশ করা হয়, আলোচনা-বিতর্ক চলে এবং রেজুলেশন গৃহীত হয়। সমস্যা সমাধানের এটি একটি পদ্ধতি।

তবে মনে রাখতে হবে, উম্মাহর সম্মিলিত বিবেক বা সমষ্টিগত চেতনা, যা সংখ্যাগরিষ্ঠ আলেমদের সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রতিফলিত হয়— সেটি সব ব্যক্তিগত মতামতের ওপর প্রাধান্যযোগ্য।

চার. কুরআনের সঙ্গেই পরিচিত নয়, সুন্নাহর সঙ্গেও নয় এমন লোক ইসলাম নিয়ে গবেষণা করবে কী করে?

প্রশ্ন : আপনি বক্তব্যের শুরুতে বলেছেন, ইসলাম সময়ের চাহিদা অনুযায়ী শরয়ী সীমারেখার ভেতরে পরিবর্তনের অনুমতি দেয়, এর জন্য নির্ধারিত পদ্ধতি হল ‘ইজতিহাদ’।

কিন্তু এই পদ্ধতিটি ইসলামী সমাজ থেকে কোথায় হারিয়ে গেল? আর ইজতিহাদের পদ্ধতি কী হবে?

উত্তর : এটি আসলে সুবিস্তৃত একটি বিষয়। আমি সংক্ষেপে কিছু কথা বলছি।

কিছু লোক মনে করে, ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। এটি সঠিক কথা নয়। (উপযুক্ত ব্যক্তির জন্য যথাযথ স্থানে শর্তসাপেক্ষে) ইজতিহাদের দরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খুলেছিলেন, যখন তিনি হযরত মুআয ইবনে জাবাল রা.-কে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় প্রশ্ন করেছিলেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রা.-কে জিজ্ঞেস করলেন, তোমার সামনে কোনো বিষয় উপস্থিত হলে কীভাবে ফয়সালা করবে?

তিনি বললেন, আমি কুরআন অনুযায়ী ফয়সালা করব।

নবীজী জিজ্ঞেস করলেন, কুরআনে জবাব না পেলে কী করবে?

তিনি বললেন, আপনার সুন্নাহ্ অনুযায়ী ফয়সালা করব।

আবার জিজ্ঞেস করলেন, সুন্নাহ্তেও না পেলে কী করবে?

তিনি বললেন, আমি ইজতিহাদ করব।(১০)

সুতরাং ইজতিহাদ মানে কুরআন ও সুন্নাহর (অকাট্য সিদ্ধান্তের) বিপরীতে (যুগচাহিদা পূরণের নামে) নিজস্ব ধ্যানধারণা প্রচার করা নয়; বরং কুরআন ও সুন্নাহর পরবর্তী পর্যায়ে এর স্থান।

(কুরআন-সুন্নাহ্য় পরিষ্কারভাবে ঘোষিত বিধিবিধান এবং ইসলামের প্রথম যুগ থেকে অবিচ্ছিন্ন ধারা-পরম্পরায় বর্ণিত ইজমায়ী বিধিবিধানে ইজতিহাদের কোনো ভূমিকা নেই।

ইজতিহাদের ক্ষেত্র হল ওইসব আহকাম, যেগুলোকে শরীয়ত বিশেষ কোনো ইল্লতের সাথে যুক্ত করেছে— ইল্লত পাওয়া গেলে হুকুম আরোপিত হবে, ইল্লত পাওয়া না গেলে হুকুমও আরোপিত হবে না। এক্ষেত্রে শুধু সময় ও সমাজের পরিবর্তনে বিধান পরিবর্তিত হয় না। এটি পরিবর্তিত হওয়া নির্ভর করে ইল্লত পরিবর্তনের ওপর।

আরেকটি ক্ষেত্র হল ব্যবস্থাপনাগত নিয়ম-কানুন, যা শরীয়তের মুবাহ শ্রেণির বিষয়াদির সাথে সংশ্লিষ্ট। যে সম্পর্কে শরীয়ত কিছু মৌলিক নীতি প্রদান করেছে এবং প্রায়োগিক খুঁটিনাটির ক্ষেত্রে বিচার-বিবেচনা ও অভিজ্ঞতার আলোকে সর্বসাধারণের কল্যাণকে সামনে রেখে নীতি নির্ধারণ করার হুকুম দিয়েছে। যেমন— ট্রাফিক ব্যবস্থা, ডাক-ব্যবস্থা এবং যেসব অপরাধের হুদুদ ও তাযীর শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নয়, তার জন্য উপযুক্ত দণ্ডবিধি প্রণয়ন ইত্যাদি।)

যখন সম্পূর্ণ নতুন পরিস্থিতি সামনে আসে, যা কুরআনে পরিষ্কারভাবে উল্লেখ নেই, সুন্নাহ্তেও নেই। তখন কুরআন ও সুন্নাহ্তে বর্ণিত মৌলিক নীতিগুলোর ভিত্তিতে শরয়ী বিধান উদ্ঘাটন করা হয়। সেটিও ইজতিহাদ। ইজতিহাদের এই ধরনও শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে, আজও চালু আছে।

ইজতিহাদের ভূমিকা হল কুরআনের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অন্তর্নিহিত অর্থ ও প্রয়োগ উদ্ঘাটন। ইজতিহাদের দায়িত্ব পালনকারী চেষ্টা করেন কুরআন ও সুন্নাহর সঠিক মর্ম ও উদ্দেশ্য কী, তা বুঝতে।

এখন কিছু লোকের ধারণা হল, পূর্ব থেকে শরীয়া কর্তৃক সুনিশ্চিতভাবে নিষিদ্ধ কোনো জিনিসকে অনুমোদন দেওয়ার চেষ্টাই হল ইজতিহাদ! কিন্তু (আধুনিক যুগের) কোনো কিছু নিষিদ্ধ প্রমাণ হলে তা ইজতিহাদ বলে মানতে তারা রাজি নন!

এসব ধারণা ঠিক নয়। ইজতিহাদের আসল অর্থ হল— কুরআন-সুন্নাহর সঠিক মর্ম ও উদ্দেশ্য অনুধাবন ও নির্ধারণ। শত শত বছর ধরে এই ধারা চলে আসছে।

তবে এখানে কিছু শর্ত আছে। ইজতিহাদের দায়িত্ব পালনকারীর জন্য আবশ্যক যে, সে কুরআন জানবে, সুন্নাহ্ জানবে। যদি সে কুরআনের সঙ্গেই পরিচিত না হয়, সুন্নাহর সঙ্গেও নয়, তাহলে ইজতিহাদ করবে কী করে?

যখন বলা হয়, ইজতিহাদের জন্য নির্দিষ্ট দক্ষতা ও নির্ধারিত যোগ্যতা প্রয়োজন, তখন অনেকে মনে করে বসেন, ইজতিহাদ বন্ধ করার কথা বলা হচ্ছে (এবং আলেমদের হাতে কুক্ষিগত করে রাখা হচ্ছে)। বিষয়টি এমন নয়। (কোনো দায়িত্ব উপযুক্ত দক্ষতাসম্পন্ন ব্যক্তি বা শ্রেণিই পালন করতে পারেন— এমন শর্ত না করলে অযোগ্য লোকের পাল্লায় পড়ে দুনিয়ার সব ধরনের সিস্টেম অচল হয়ে যাবে) যদি কোনো ব্যক্তি উপযুক্ত হন, কুরআন-সুন্নাহর যথাযথ অধ্যয়ন করে থাকেন, তিনি (বিধি মোতাবেক) ইজতিহাদ করলে তাতে বাধা নেই।(১১)

[সমাপ্ত]

 

টীকা ও সংযুক্তি

১. প্রতি বছর ৬ আগস্ট হিরোশিমা দিবস এবং ৯ আগস্ট নাগাসাকি দিবস পালিত হয়। চলতি বছর এই ঘটনার ৮১তম বার্ষিকী পালিত হয়েছে।

2. Churchill, Winston S. The Second World War, vol. VI, Triumph and Tragedy (London: Book Club Associates by arrangement with Penguin Books Ltd., 1985), 552–553, chap. 38, ‘Potsdam: The Atomic Bomb.’

এখানে চার্চিলের প্রাসঙ্গিক আরও কিছু বক্তব্য তুলে ধরা হচ্ছে, যাতে পারমাণবিক বোমা ব্যবহারের আরও কিছু ‘যুক্তি(!)’ এবং সিদ্ধান্তদাতাদের ভয়ংকর মানসিকতা প্রকাশ পেয়েছে—

ক. ভয়াবহ এই বোমা হামলার পর চার্চিল যুদ্ধহীন এক পৃথিবীর কল্পনা করেছেন এবং এই কল্পনাকে বোমা হামলার যুক্তি হিসেবে গ্রহণ করেছেন!

তিনি বলেন—

Future generations will judge these dire decisions, and I believe that if they find themselves dwelling in a happier world from which war has been Vanished, and where freedom reigns, they will not condemn those who struggled for their benefit amid the horrors and miseries of this gruesome and ferocious epoch.

‘আগামী প্রজন্ম হয়তো আমাদের এই ভয়াবহ সিদ্ধান্তগুলোর কঠোর বিচার করবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, যদি তারা নিজেদেরকে এক সুখী ও শান্তিময় জগতে আবিষ্কার করে, যেখান থেকে যুদ্ধ চিরতরে নির্বাসিত হয়েছে এবং যেখানে স্বাধীনতা নিজ আসনে অধিষ্ঠিত— তাহলে তারা কখনোই তাদের (পূর্বসূরিদের) নিন্দা করবে না, যারা এই বীভৎস ও হিংস্র অধ্যায়ের বিভীষিকা ও দুর্বিষহ দুর্দশার মাঝেও আগামী দিনের মানুষের মুক্তি ও মঙ্গলের জন্য প্রাণপণ সংগ্রাম করে গেছেন।’

অথচ চোখে দেখা বাস্তবতা হচ্ছে, খোদ পশ্চিমাদের কারণেই চার্চিলের কল্পিত যুদ্ধহীন পৃথিবীর দেখা আজও মেলেনি।

খ. তিনি আরও ‘যুক্তি’ দাঁড় করান, নিমিষেই সব সৈন্য নিহত হয়ে যাওয়ায় জাপানী সেনাদের লড়াই করে মরতে হল না!

I thought immediately myself of how the Japanese people, whose courage I had always admired, might find in the apparition of this almost supernatural weapon an excuse which would save their honour and release them from their obligation of being killed to the last fighting man.

‘আমি ভাবলাম, জাপানী জাতি —যাদের সাহসকে আমি সব সময় গভীর শ্রদ্ধা করেছি— এই প্রায় অলৌকিক অস্ত্রের আবির্ভাবে হয়তো একটি সম্মানজনক অজুহাত খুঁজে পাবে। এর ফলে তাদের আত্মসম্মান রক্ষা পাবে এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে মরার বাধ্যবাধকতা থেকে তারা মুক্তি পাবে(?!)।’

গ. চার্চিল স্পষ্ট বলেছেন, বোমা হামলার সিদ্ধান্তে পরাশক্তিগুলোর শাসকগোষ্ঠীর পূর্ণ ঐকমত্য, স্বতঃস্ফূর্ত এবং প্রশ্নাতীত সম্মতি ছিল! কারও যেহেতু আপত্তি ছিল না, তাই এই হামলা ‘যৌক্তিক’ ছিল! তিনি বলেন—

The historic fact remains, and must be judged in the after-time, that the decision whether or not to use the atomic bomb to compel the surrender of Japan was never even an issue. There was unanimous, automatic, unquestioned agreement around our table; nor did I ever hear the slightest suggestion that we should do otherwise.

‘এই ঐতিহাসিক সত্য অপরিবর্তনীয় এবং পরবর্তী ইতিহাসের বিচারে এটি অবশ্যই মূল্যায়ন করতে হবে যে, জাপানকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য পারমাণবিক বোমা ব্যবহার করা হবে কি না— এই প্রশ্নটি আদৌ বিতর্কের বিষয় ছিল না। আমাদের (সিদ্ধান্তের) টেবিলের চারপাশে ছিল পূর্ণ ঐকমত্য, স্বতঃস্ফূর্ত এবং প্রশ্নাতীত সম্মতি। আমি কখনও এমন পরামর্শ শুনিনি যে, আমাদের অন্য কোনো পথ বেছে নেওয়া উচিত ছিল।’

 [Churchill, Winston S. “The Supreme Triumph.” In The War Speeches of the Rt Hon Winston S. Churchill, compiled by Charles Eade, Vol. III, From September 11, 1943 to August 16, 1945, 514–515. Bombay: Cassell & Company Ltd, 1952.]

3. Hume, David. A Treatise of Human Nature. 1st ed. Oxford: Clarendon Press, Oxford University Press, 1965. P. 415.

৪. তাফসীরে উসমানীতে এই আয়াতের অধীনে বলা হয়েছে, একটি ছোট্ট গ্রামের প্রশাসনও যদি মানুষের খেয়াল-খুশির ওপর ছেড়ে দেওয়া হয়, তবে তা-ও দু-চার দিন টিকে থাকতে পারে না। কারণ মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষা সাধারণত পরস্পর বিরোধী। তাছাড়া মানুষের খেয়াল-খুশি সুশৃঙ্খল ব্যবস্থার সাথে সাংঘর্ষিক হতে দেখা গেছে। যুক্তি ও প্রবৃত্তির টানাপোড়েন আর একের পর এক পরস্পরবিরোধী ইচ্ছার সংঘাতে শেষ পর্যন্ত গোটা ব্যবস্থাই শৃঙ্খলাহীন হয়ে পড়বে। [তাফসীরে উসমানী ২/৬৫১, দারুল ইশাআত, করাচি ১৪২৮ হি./২০০৭ ঈ.]

৫. মূলে ছিল, এর ফল তাই দাঁড়ায় যা একজন দার্শনিক বলেছিলেন—

Everything else, and words like good, bad, ought, worthy are purely emotive, and there cannot be such a thing as moral and ethical science.

‘ভালো, মন্দ, উচিত, যোগ্য— এই শব্দগুলো সম্পূর্ণ আবেগের বিষয়। নৈতিক বিজ্ঞান বা আদর্শ বলে কিছু নেই।’

মূলের পুরোনো একটি প্রবন্ধে বলা হয়েছে, ফ্রিডম্যান তার ‘লিগ্যাল থিউরি’ বইয়ে কথাটি বলেছেন। [ইসলাম আওর জিদ্দত পসন্দী, পৃ. ১৮৫, মাকতাবা দারুল উলূম করাচি; পৃ. ২০৪, মাকতাবা মাআরিফুল কুরআন, করাচি]

কিন্তু সেখানে সরাসরি এমন কথা বলা নেই। তাই ফ্রিডম্যানের বক্তব্যের প্রাসঙ্গিক অংশ উল্লেখ করে অনুবাদ করা হয়েছে।

6. Friedmann, W. Legal Theory. 4th ed. London: Stevens & Sons Limited, 1960, p. 224.

৭. তবে বিলাসিতা ও অপচয় ইসলামে অপছন্দনীয়। [ দ্র. সূরা ইসরা (১৭) : ২৬-২৭]

8. Paton, George Whitecross. A Text-Book of Jurisprudence. 3rd ed. Oxford: The English Language Book Society and Oxford University Press, 1964. P. 121.

৯. মনোপলি হল এমন বাজারব্যবস্থা, যেখানে সরকার অনুমোদিত কোনো পণ্য বা সেবার একমাত্র বিক্রেতা হয় নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী। ফলে বিক্রেতা পণ্যের সরবরাহ ও মূল্য এককভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তখন বাজারে প্রতিযোগিতা না থাকায় পণ্যের দাম বেড়ে যায় আর মান কমে যায়।

তবে সব মনোপলি এক রকম নয়। সরকার বা কোনো প্রতিষ্ঠান জনস্বার্থে এককভাবে কিছু সেবা, যেমন- পানি, বিদ্যুৎ বা রেলসেবা পরিচালনা করতে পারে; কিন্তু পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা বা মানুষকে অতিরিক্ত দামে কিনতে বাধ্য করা শোষণমূলক একচেটিয়া আচরণ।

১০. মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ২৩৪৪২; মুসনাদে আহমাদ, হাদীস ২২০০৭; সুনানে দারেমী, হাদীস ১৬৮; সুনানে আবু দাউদ, হাদীস ৩৫৯৩

হাদীসটি গ্রহণযোগ্য। দেখুন : আলফাকীহ ওয়ালমুতাফাক্কিহ, খতীবে বাগদাদী ১/১৮৯-১৯০; আহকামুল কুরআন, ইবনুল আরাবী ১/৪৫৩; মাজমূউল ফাতাওয়া, ইবনে তাইমিয়া ১৩/৩৬৪; ইলামুল মুওয়াক্কিঈন, ইবনুল কায়্যিম ১/২০২

১১. আরবী ভাষা সম্পর্কে যার ন্যূনতম ধারণা নেই, যুগ যুগ থেকে ইমামগণের উলূমে শরীয়ত চর্চার স্বীকৃত পথে যে কোনোদিন হাঁটেনি, অনুবাদ নির্ভর জ্ঞানই যার একমাত্র সম্বল— এমন লোক কীভাবে দ্বীনী কোনো বিষয়ে গবেষণার দাবি করতে পারে?

মানুষ সামান্য শারীরিক রোগের জন্য চিকিৎসাশাস্ত্রের বই খুলে বসে না; বরং শরীরের বিভিন্ন অংশের রোগের চিকিৎসার জন্য ওই বিষয়ক স্পেশালিস্ট তালাশ করে; কিন্তু দ্বীনের বহু স্পর্শকাতর বিষয়ে, যার সম্পর্ক একাধিক নাজুক ইলম ও ফনের সাথে— কিছু লোক স্রেফ কিছু বইয়ের অনুবাদ পড়ে গবেষক সাজেন, অবলীলায় নিজস্ব মতামত ব্যক্ত করতে থাকেন, এমনকি বইও লিখে ফেলেন!

দুনিয়ার সব বিষয়ে দক্ষ লোকের প্রয়োজনীয়তা স্বীকৃত। কিন্তু দ্বীন ও মাসাদিরে দ্বীনের ব্যাখ্যা করার জন্য কোনো দক্ষতা অর্জনের যেন প্রয়োজন নেই! এর চাইতে বড় হিপোক্রিসি বা দ্বিচারিতা আর হতে পারে না!

দেখুন, ‘গবেষণা : অধিকার ও নীতিমালা’ শীর্ষক প্রবন্ধ, নির্বাচিত প্রবন্ধ, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক, ২/২৪১-২৪৯; মাসিক আলকাউসার, উদ্বোধনী সংখ্যা, মুহাররম ১৪২৬ হি./ফেব্রুয়ারি ২০০৫।

প্রবন্ধটিতে গবেষণার স্বীকৃত নীতিমালা স্পষ্ট করে তুলে ধরা হয়েছে।

এই নীতিমালা লঙ্ঘনের দরুণ দ্বীন, দ্বীনী বিধান ও আকলের কী ধরনের বিকৃতি ঘটে, তার বাস্তব কয়েকটি নমুনা দেখুন— ১. ইঞ্জিনিয়ার মুহাম্মাদ এনামুল হকের ‘চান্দ্রমাস’ বইয়ের ওপর হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক হাফিযাহুল্লাহর বিস্তারিত পর্যালোচনা, যা মাসিক আলকাউসারে একাধিক কিস্তিতে প্রকাশিত হয়েছে। ২০১+--৫, ২০১৭ সালের আলকাউসার ভলিউমে পাঠক লেখাগুলো পেয়ে যাবেন। ২. ‘বিচারপতি, আপনার বিচার করবে কে?’ , নির্বাচিত প্রবন্ধ ২/২৮৭-৩১৬। ৩. ‘আমিও বলি, কোথায় যাব, কার কাছে যাব’, নির্বাচিত প্রবন্ধ ২/২৫১-২৮৬।

 

 

advertisement