রমযান ১৪৪৭   ||   মার্চ ২০২৬

পাঠকের পাতা

শিক্ষার্থীদের পাতার অবশিষ্ট অংশের সংকলন ছাপার আবেদন

মাসিক আলকাউসারের সাথে আমার পরিচয় ছোটবেলা থেকেই। বুঝ হওয়ার পর এর থেকে বহু ফায়েদা লাভ করেছি। পরিবারের সবাই এর নিয়মিত পাঠক। আলহামদু লিল্লাহ। এজন্য আলকাউসার পরিবারের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে শিক্ষার্থীদের পাতাআমার সবচেয়ে প্রিয় পাঠ্যবিষয়। এ পাতায় প্রকাশিত প্রবন্ধ ও শিক্ষা পরামর্শের সংকলন তালিবানে ইলম : পথ ও পাথেয়আমার আগ্রহ ও প্রেরণা এবং রূহের খোরাক। তাই আলকাউসারের অগ্রগতিই আমাদের সকলের কাম্য।

শিক্ষা পরামর্শের সংকলন তালিবানে ইলম : পথ ও পাথেয়কিতাবটির বাকি অংশ আরেকটি খণ্ডে ছাপা হলে তালিবুল ইলম ভাইদের অনেক ফায়েদা হত। তাই আলকাউসার পরিবারের প্রতি আবদার রইল, এ বিষয়ের প্রতি আপনারা সু-নযর দেবেন।

আল্লাহ তাআলা আলকাউসারের সাথে সম্পৃক্ত সবাইকে জাযায়ে খায়ের দান করুক আমীন।                                           

মাহমুদ মুজিব

জামিয়াতুল মানহাল আলকওমিয়া উত্তরা, ঢাকা

 

ইতিহাস বিষয়ক লেখা চাই

আমি মাদানী নেসাবের দ্বিতীয় বর্ষের তালিবুল ইলম। আলকাউসার পত্রিকাটি আগ্রহের সাথে পাঠ করি। অনেক জ্ঞান আহরণ করে সমৃদ্ধ হই। রজব ৪৭/জানুয়ারি ২৬ সংখ্যায় নতুন একটি বিষয় দেখে মনটা ভরে গেল।

নবীজীর মেরাজের ঘটনা এর পূর্বেও আমি পড়েছি; কিন্তু আমার কাছে এটা সব চেয়ে বেশি গ্রহণযোগ্য ও  ব্যতিক্রম লাগল বিশদ বিবরণের কারণে।

আলকাউসারের কাছে আমার আবদার প্রতি সংখ্যায় কিছু কিছু করে মুসলিম  উম্মাহর  সোনালি ইতিহাস বিষয়ে লেখার। কারণ ইতিহাসবিমুখ জাতি শেকড়বিহীন গাছের ন্যায়। শেকড়বিহীন গাছ যেমন আত্মপরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি ইতিহাসবিমুখ  জাতি কখনো নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে না।

মুসলিম জাতি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কীর্তিমান জাতি। তাদের ইতিহাস-ঐতিহ্যের সামনে পৃথিবীর যে কোনো যুগের, যে কোনো জাতির ইতিহাস মলিন। কিন্তু পরিতাপের বিষয় হল, আমরা ইতিহাসবিমুখ!

তাই আলকাউসারের  সম্পাদক সাহেবের কাছে আমার জোর আবদার, আমাদের এ প্রজন্মের ইতিহাসবিমুখতা চিরতরে দূর করার জন্য বিভিন্ন সময় ইতিহাস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু মনীষীদের জীবন চরিত তুলে ধরার; যাতে আমরা তাদের আখলাকে হাসানা গ্রহণ করতে পারি, পূর্ববর্তীদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং নিজেদেরকে আগামীর সৈনিক হিসেবে গড়তে পারি।

মইন বিন মাসুদ

কেরানীগঞ্জ

 

নিয়মিত আকাবিরে দেওবন্দের  জীবনী ছাপার আবেদন

আমি এক বছর যাবৎ আলকাউসারের নিয়মিত পাঠক। আরও আগ থেকেই আলকাউসার সম্পর্কে জেনেছি; কিন্তু পড়ার সুযোগ হয়নি। তবে রাজধানীর একটি প্রসিদ্ধ  মাদরাসায় পড়ার সুবাদে এই পত্রিকার সাথে আমার সখ্যতা  হয়। তখন থেকে শুরু হয় তার প্রতি আমার অন্তরঙ্গতা ও ভালবাসা। আমি আলকাউসারের প্রতিটি লেখা খুব গুরুত্ব ও মনোযোগ সহকারে পড়ি এবং অনুধাবন করার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি।

আমার আবেদন, আমাদের এই প্রিয় পত্রিকাটিতে নিয়মিত আকাবিরে দেওবন্দের  জীবনী ছাপা হোক। যাতে আমাদের এই নতুন প্রজন্ম তাঁদের চিন্তা-চেতনা ধারণ করে এবং তাঁদের জীবনকে অনুসরণ করে বেড়ে উঠতে পারে।

মোহাম্মদ তানজিমুল হাসান

নরসিংদী সদর

 

এক তালিবে ইলমের চোখে আলকাউসার

আলকাউসার আমার কাছে কেবল একটি মাসিক পত্রিকা নয় যেন হৃদয়ের এক তৃষ্ণা। মাস শুরু হয়ে গেছে অথচ এখনো আলকাউসার হাতে পৌঁছেনি, তখন মনটা ছটফট করে ওঠে।

অবশেষে যখন পত্রিকাটি হাতে আসে, তখন সর্বপ্রথম চোখ চলে যায়আপনি যা জানতে চেয়েছেনবিভাগে। পুরো মাস জুড়ে যেসব মাসআলা নিয়ে মনে প্রশ্ন জমে থাকে, তার অনেকগুলোর উত্তর সেখানে পেয়ে যাই।

তারপর মনোযোগ দিইশিক্ষার্থীদের পাতায়। তালিবে ইলমদের জন্য সেখানে যে দিকনির্দেশনা ও উপদেশ দেওয়া হয়, সেগুলো আমার পথচলায় আলো জ্বালায়। সেখান থেকে অর্জিত নসীহত আমাকে আরও সচেতন ও দায়িত্ববান হতে শেখায়।

এরপর পড়ি সম্মানিত সম্পাদকের পাতা। সেখানে সময়ের প্রেক্ষাপটে লেখা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাকে সমসাময়িক বাস্তবতা বুঝতে সাহায্য করে। এসব লেখা শুধু তথ্য দেয় না, বরং চিন্তার গভীরতাও বৃদ্ধি করে।

তারপর হৃদয় ছুঁয়ে যায় আনওয়ারুল কুরআনবিভাগ, যেখানে কুরআনের আলো নতুনভাবে মনকে আলোকিত করে। এভাবে ধারাবাহিকভাবে শেষ করি পুরো পত্রিকাটি; তৃপ্তি আর প্রশান্তির সাথে।

হে আল্লাহ! তুমি এই পত্রিকাটিকে বাংলার প্রতিটি কোণে, গ্রামে-গঞ্জে পৌঁছে দেওয়ার তাওফীক দান করো। এর সঙ্গে সম্পৃক্ত সকলকে জাযায়ে খায়ের দান করো। আমাকে এই পবিত্র খেদমতের একজন ক্ষুদ্র খাদেম হিসেবে কবুল করে নাও।

মুহাম্মদ রাকিবুল ইসলাম রাওহা

পাটগ্রাম, লালমনিরহাট

 

তৃষ্ণার্ত হৃদয়ে আবে যমযম!

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কওমী ঘরানার রাজনৈতিক দলগুলো ভিন্ন মতাদর্শের দলের সঙ্গে জোট গঠন করা নিয়ে মনে বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়। দোদুল্যমানতার দোলনায় দুলতে থাকি কয়েক দিন। অবশেষে তৃষ্ণার্ত হৃদয়ের আবে যমযম হয়ে সামনে এল মাসিক আলকাউসার জানুয়ারি সংখ্যা। জোটের রাজনীতি ও ভোটের রাজনীতি : কিছু নিবেদনইসলামী রাজনীতি করতে হলে জনগণের কাছে পৌঁছতে হবেশিরোনামের লেখাদুটি মনের সব ধোঁয়াশা দূর করে দিল।

আল্লাহ আলকাউসার পরিবারকে জাযায়ে খায়ের দান করুন। হকের মুখপত্র আলকাউসারকে কিয়ামত অবধি জ্ঞানপিপাসু মানুষের জ্ঞানের আলো হিসেবে স্থায়ী করুন।

মাহমুদুল হাসান

লক্ষ্মীপুর

 

আলকাউসার কেবল একটি পত্রিকা নয়, উত্তম পথপ্রদর্শক

আমি অনেক বছর যাবৎ আলকাউসার পত্রিকাটির নিয়মিত পাঠক। এই দ্বীনী পত্রিকাটি পাঠকের মনে নানাভাবে কৌতূহল সৃষ্টি করে। এর প্রতিটি লেখা পাঠকের মনে অধিকতর রেখাপাত করে।

এটি এমন এক নূর, যা পথহারা পথিককে দেয় সঠিক পথের সন্ধান এবং অন্ধকার এই যুগেও হতাশায় নিমজ্জিত জাতিকে বাতলে দেয় ইসলামের আদর্শে আদর্শবান হয়ে বেঁচে থাকার উৎকৃষ্ট পন্থা। আমাকেও আলকাউসার অন্ধকারের অতল গহ্বর থেকে উদ্ধার করে আলোর দিকে পথ দেখিয়ে  চলেছে ক্রমাগত।

আমি মনে করি, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিআমত। এই পত্রিকাটির মাধ্যমে আমরা যে পরিমাণ উপকৃত হই, সেই অনুযায়ী এর মূল্য নিতান্তই অল্প। এর হক আদায় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই কল্যাণ কামনা করি সেই মহানুভব মুরব্বীদের প্রতি, যাঁদের সীমাহীন পরিশ্রম ও প্রচেষ্টায় এই আলোকবর্তিকা প্রতি মাসে আমাদের হাতে এসে পৌঁছে। এই ছোট্ট পরিসরে কলমের ভাষায় অন্তরের কৃতজ্ঞতা ফুটিয়ে তোলা সম্ভব নয়; আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমীন!

মুহিব্বুল্লাহ

যাত্রাবাড়ী, ঢাকা

 

একজন পাঠকের অনুভূতি

প্রতি মাসে অপেক্ষার পর যখন আলকাউসার হাতে পাই, মনে হয় কোনো আত্মীয়ের চিঠি পেলাম। পাতার পর পাতা উল্টাতে থাকলে সময়ের গতি যেন বেড়ে যায়। নিমিষেই ফুরিয়ে যায় ঘণ্টার পর ঘণ্টা। প্রিয় পত্রিকা কেবল তথ্যই পরিবেশন করে না; হৃদয়ের গভীরে স্পর্শ করে সুপ্ত অনুভূতি জাগ্রত করে। জীবন বোধের সূক্ষ্ম দিকগুলো যে এত চমৎকারভাবে উপস্থাপন করা যায়, আলকাউসার না পড়লে উপলব্ধিই করতে পারতাম না।

এটি কেবল একটি পত্রিকা নয়, বরং আমাদের আত্মিক ও বুদ্ধিবৃত্তিক যাত্রার সঙ্গী।

প্রতি মাসে আলকাউসার হাতে নিয়ে আমার মনে হয়, এটি একটি বিশ্বস্ত সঙ্গী, একজন সুহৃদ উপদেশদাতা এবং ঈমানী চেতনার সজীব ধারক। লেখাগুলো দৈনন্দিন জীবনের বিভ্রান্তি দূর করে, পথ দেখায়, আত্মা পরিশুদ্ধ করে। আল্লাহ ও রাসূলের প্রতি ভালবাসা আরও সুদৃঢ় করে।

আপনাদের এই নিরলস প্রচেষ্টা, মেধা ও সময় বিনিয়োগ সত্যিই অত্যন্ত মূল্যবান ও উপকারী। আল্লাহ তাআলা আপনাদের এই খেদমত কবুল করুন। আরও সুস্বাস্থ্য ও প্রেরণা দান করুন।

কামনা করি, ইসলামী সাহিত্য ও জ্ঞানচর্চার এই মশালটি প্রজ্জ্বলিত থাকুক, পরবর্তী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হোক। জাযাকুমুল্লাহু খাইরান।

লাবিবা

পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা

 

 

advertisement