জুমাদার আখিরাহ ১৪৪৮   ||   নভেম্বর ২০২৬

ফিরে দেখা ১৪৪৭ হিজরী
‖ আমরা যাঁদের হারিয়েছি

মাওলানা মুহাম্মাদ যহীরুল ইসলাম

(অক্টোবর ২০২৬ সংখ্যার পর)

 

৩০ রজব (২০-১-২৬), মঙ্গলবার

হযরত মাওলানা কারী মিফতাহুল্লাহ ছাহেব রাহ.

হযরত মাওলানা মুহাম্মাদ ইউসুফ বানূরী রাহ.-এর প্রিয় শাগরিদ। ১৯৭২ সালের আন্তর্জাতিক মজলিসে তাহাফফুযে খতমে নবুওত আন্দোলনের সময় তিনিও গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। ইবতিদাইয়্যা থেকে দাওরা পর্যন্ত বানূরী টাউনেই পড়েছেন। তাঁর আসাতেযায়ে কেরামের মধ্যে ছিলেন আল্লামা ইউসুফ বানূরী রাহ., মুফতী ওলী হাসান টোংকী রাহ., মাওলানা মুহাম্মাদ ইদরীস মিরাঠী রাহ. ও মাওলানা ফযল মুহাম্মাদ সাওয়াতী রাহ.। হযরত বানূরী রাহ. নিজেই তাঁকে বানূরী টাউনের উস্তায হিসেবে নিযুক্ত করেন। পঞ্চাশ বছরেরও অধিককাল দরস-তাদরীস, ইমামত-খেতাবাতের সাথে যুক্ত ছিলেন। বানূরী টাউনে বহু বছর ‘শরহু মাআনিল আছার’ পড়িয়েছেন। সাবেক শাইখুল হাদীস মাওলানা আনওয়ার বদখশানী রাহ.-এর ওফাতের পর তিনি জামিয়ার শাইখুল হাদীস নিযুক্ত হয়েছিলেন।

৩ শাবান (২৩-১-২৬) জুমাবার

শায়েখ হাবীব উমর হামেদ জীলানী রাহ.

ইয়ামানের বিশিষ্ট দাঈ আলেম। ১৩৬৫ হিজরীতে ইয়ামানের হাযরামাওতে জন্মগ্রহণ করেন। যিন্দেগীর বড় অংশ মক্কা মুকাররমায় কাটিয়েছেন। মসজিদে হারামে বিভিন্ন বিষয়ে নিয়মিত দরস প্রদান করতেন। মক্কা মুকাররমার শাফেয়ী মাযহাবের মুফতী ছিলেন তিনি। তাঁর মাশায়েখের মধ্যে ছিলেন, শায়েখ হাসান মাশশাত, সায়্যিদ আলাভী বিন আব্বাস মালেকী, শায়েখ ইসহাক আযযূয এবং শায়েখ হাবীব আবদুল কাদির ছাক্কাফ রাহ.-সহ ইয়ামান ও হারামাইনের আরও মাশায়েখ।

৮ শাবান (২৮-১-২৬) বুধবার

মুফতী গোলাম রহমান রাহ.

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রসিদ্ধ আলেম ও সুপরিচিত দ্বীনী ব্যক্তিত্ব। ১৩৭০ হি. মোতাবেক ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। নোয়াখালী-লক্ষীপুর টুমচর মাদরাসা থেকে আলিম-ফাযিল সম্পন্ন করার পর দরসে নেযামিতে আদ্যোপান্ত পড়েন।

নোয়াপাড়া পীরবাড়ি মাদরাসা এবং যশোর জামিয়া ইজাযিয়া রেলস্টেশন মাদরাসায় কাফিয়া জামাত পর্যন্ত পড়ার পর ১৩৯২ হিজরী মোতাবেক ১৯৭৩ সালে দারুল উলূম দেওবন্দ যান। দেওবন্দ যাওয়ার পূর্বে শাইখুল হাদীস যাকারিয়া রাহ.-এর নিকট পত্র মারফত মশওয়ারা চাইলে হযরত লেখেন—

آپ تشريف لے آئيے، کثرتِ درود حصولِ مقصد ميں مجرب ہيں۔

দেওবন্দে শরহে বেকায়া থেকে তাখাসসুস ফিল ইফতা পর্যন্ত ছয় বছর অধ্যয়ন করেন। মুফতী মাহমুদ হাসান গাঙ্গোহী রাহ., কারী তায়্যিব ছাহেব রাহ. এবং মুফতী সাঈদ আহমদ পালনপুরী রাহ.-সহ অনেক আকাবিরে দেওবন্দের শাগরিদ ছিলেন।

খুলনার ঐতিহ্যবাহী মাদরাসা দারুল উলূম খুলনায় প্রায় ত্রিশ বছর শিক্ষকতা করেন। পরবর্তীতে ২০০৬ সালে খুলনার বাগমারায় মারকাযুল উলূম মাদরাসা প্রতিষ্ঠা করেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উলামায়ে কেরাম এবং দ্বীনদার মহলে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। কোনো কোনো শাখাগত মাসআলায় জুমহুর উলামায়ে কেরাম থেকে ভিন্নমত পোষণ করতেন।

২৩ শাবান (১২-২-২৬) বৃহস্পতিবার

হযরত মাওলানা কারী মুহাম্মাদ যাইনুল আবেদীন

ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার বিশিষ্ট আলেম। বুলন্দশহর জামে মসজিদের ইমাম ও শহরের কাযী ছিলেন এবং ঐতিহাসিক ওপারকোট এলাকার কাসিমুল মাআরিফ ফুরকানিয়া মাদরাসার মুহতামিম ছিলেন।

৩ রমযান (২১-২-২৬) শনিবার

মাওলানা সায়্যিদ সালমান গিলানী

পাকিস্তানের সর্বজন প্রিয় ইসলামী কবি। খতমে নবুওত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ও আহলে বাইতের প্রশংসায় কবিতা লিখতেন এবং আবৃত্তি করতেন। তাঁর পিতা সায়্যিদ আমীন গিলানী রাহ.-ও সে সময়ের বড় শায়ের ছিলেন।

১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট আলেম মাওলানা আবু আম্মার যাহেদ রাশেদী দামাত বারাকাতুহুম তাঁর শোকবার্তায় লেখেন—

شاعر اسلام الحاج سيد سلمان گيلاني بھي ہم سے رخصت ہوگئے، انا للہ وانا اليہ راجعون۔ وہ اپنے والد محترم شاعرحريت وختم نبوت الحاج سيد امين گيلاني رحمہ اللہ تعالي کے ذوق وفن، مشن اور روايات کے امين تھے ۔۔۔، وہ شعر وشاعري اور حق کے پر چار وخدمت کے ساتھ ساتھ مجلس آرائي کے ذوق واسلوب سے بھي مالامال تھے اور بذلہ سنجي ميں يد طولي رکھتے تھے۔۔۔

৫ রমযান (২৩-২-২৬) সোমবার

মাওলানা মুফতী মুনীরুল হক কাসেমী দয়াপুরী রাহ.

কুমিল্লার বিশিষ্ট আলেম। কুমিল্লার ঐতিহাসিক রানীর বাজার মাদরাসার সাবেক মুফতী ও কাপ্তান বাজার জমিরিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন।

১৩৮৫ হিজরী মোতাবেক ১৯৬৬ সনে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার দয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৭৭ সাল থেকে হেদায়া জামাত পর্যন্ত নয় বছর হাফেজ্জী হুজুর রাহ.-এর মাদরাসায়ে নূরিয়ায়, জালালাইন, মেশকাত এবং বড় কাটারা মাদরাসায় ১৯৮৮ সালে দাওরায়ে হাদীস এবং এরপর দারুল উলূম দেওবন্দে ফিকহ পড়েন। সে সময় মুফতী মাহমুদ হাসান গাঙ্গোহী রাহ. ও মুফতী নিযামুদ্দীন রাহ. ফিকহ ও ইফতা বিভাগের তত্ত্বাবধান করতেন।

জামিয়া নূরিয়া ইসলামিয়ায় তাঁর আসাতেযার মধ্যে হযরত মাওলানা আবদুল হাই পাহাড়পুরী রাহ.-ও ছিলেন। তিনি আদীব হুজুর হযরত মাওলানা আবু তাহের মেসবাহ দা. বা.-এর কাছে সেসময় আরবী ভাষা-সাহিত্য চর্চা করেন।

মাওলানা যমীরুদ্দীন নানুপুরী রাহ. (১৪৩২ হি.)-এর মুজাযে বাইআত ছিলেন।

৬ রমযান (২৪-২-২৬) মঙ্গলবার

শায়েখ মুহাম্মাদ হাসান হীতূ রাহ.

সিরিয়ার বিশিষ্ট ফকীহ বুযুর্গ আলেমেদ্বীন। ফিকহ, উসূলে ফিকহ এবং ইসলামী আকীদা তাঁর বিশেষ বিষয় ছিল। ইলমী অঙ্গনে প্রসিদ্ধ তাঁর লিখিত কিতাবের মধ্যে—

الحديث المرسل حجيته وأثره

الوجيز في أصول التشريع الإسلامي

الخلاصة في أصول الفقه

الاجتهاد وطبقات مجتهدي الشافعية

—কিতাবগুলো অন্যতম। শাফেয়ী মাযহাবের আলেম ছিলেন। ইন্দোনেশিয়ার সুপ্রসিদ্ধ দ্বীনী প্রতিষ্ঠান ‘জামিআতুল ইমামিশ শাফিয়ী’ তাঁরই প্রতিষ্ঠিত। ১৩৬২ হিজরী মোতাবেক ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন।

১০ শাওয়াল (৩০-৩-২৬) সোমবার

মাওলানা আবু তাহের নদভী রাহ.

মাওলানা আবুল হাসান আলী নদভী রাহ.-এর বিশিষ্ট শাগরিদ, জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী রাহ. চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত উত্তর নিচিন্তপুর গ্রামে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন।

১৪০১ হিজরীতে জামিয়া ইসলামিয়া পটিয়ায় দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। ১৪০২ হিজরীতে পটিয়ায় ফিকহ-ইফতা পড়ার পর ১৪০৪ হিজরীতে পুনরায় দারুল উলূম দেওবন্দে দাওরায়ে হাদীস পড়েন। ১৪০৪-১৪০৫ হিজরীতে দারুল উলূম নদওয়াতুল উলামায় ‘আদবে আরবী’ পড়েন। ১৪০৬ হিজরীর মুহাররম থেকে জামিয়া ইসলামিয়া পটিয়ায় তাদরীসের খেদমতে নিয়োজিত হন।

২০২২ সালে সাবেক মুহতামিম মাওলানা আবদুল হালীম বোখারী রাহ.-এর ওফাতের পর ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি (৩ শাবান ১৪৪৫) তারিখে তিনি জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম হন।

১৪ শাওয়াল (৩-৪-২৬) শুক্রবার

মাওলানা আহমাদ হুসাইন রাহ.

বৃহত্তর ময়মনসিংহের অন্যতম বর্ষীয়ান বুযুর্গ, নেত্রকোনা-পূর্বধলার সেহলা মাদরাসার মুহতামিম মাওলানা আহমাদ হুসাইন রাহ. ১৯৩৭ সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। মোমেনশাহী ঈশ্বরগঞ্জের জামিয়া মাহমুদিয়া দারুস সালাম সোহাগী মাদরাসা থেকে ১৩৮২ হিজরী মোতাবেক ১৯৬২ সালে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। ১৯৬৪ থেকে ইন্তেকাল পর্যন্ত দীর্ঘ ৬২ বছর সেহলা মাদরাসায় খেদমত করে যান। ১৩৯৮ হিজরী থেকে মৃত্যু পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর এ মাদরাসায় মুহতামিমের দায়িত্ব পালন করেন।

মোমেনশাহীর (বড় হুজুর) শাইখুল  হাদীস মাওলানা ফজলুর রহমান ছাহেব রাহ. (১৯৯৭ ঈ.)-এর মুজাযে  বাইআত ছিলেন।

১৫ শাওয়াল (৪-৪-২৬) শনিবার

হাকীম মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ মুগীছী রাহ.

ভারতের মিরাঠের প্রভাবশালী আলেমেদ্বীন। ভারতের উত্তর প্রদেশের মিরাঠ জেলার খরখূদা এলাকায় ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন।

১৯৫৩ সালে দারুল উলূম দেওবন্দে ভর্তি হন এবং ১৯৫৭ সালে দারুল  উলূম দেওবন্দ থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী রাহ., আল্লামা ফখরুদ্দীন মুরাদাবাদী রাহ., আল্লামা ইবরাহীম বালিয়াভী রাহ.-এর শাগরিদ ছিলেন। বিশিষ্ট আলেম মুফতী মুজাহিদুল ইসলাম কাসেমী রাহ. দাওরায়ে হাদীসে তাঁর সহপাঠী ছিলেন।

উত্তর প্রদেশের বৃহত্তর মাদরাসাগুলোর অন্যতম জামিয়া ইসলামিয়া গুলযারে হুসাইনিয়া মাদরাসায় প্রায় ৬০ বছর মুহতামিম ছিলেন।

তাঁর প্রতিষ্ঠান থেকে ‘ইয়াদগারে আসলাফ’ নামে মাসিক দ্বীনী পত্রিকা প্রকাশিত হত।

৩০ শাওয়াল (১৯-৪-২৬) রবিবার

মাওলানা ফারূক ছাহেব লক্ষ্মীপুরী হুজুর রাহ.

সুদীর্ঘ চার দশকেরও অধিককালের কাকরাইলের মুকীম মুরব্বী। ১৯৭৫-৭৬ সালে দারুল উলূম হাটহাজারী মাদরাসায় মেশকাত ও দাওরা সম্পন্ন করেন। এর আগে ১৯৬০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত লক্ষ্মীপুর টুমচর ইসলামিয়া কামিল মাদরাসায় অধ্যয়ন করেন। সেখান থেকে ফাযিল সম্পন্ন করেন।

হাটহাজারীর মুফতী আহমাদুল হক ছাহেব রাহ.-এর খাদেম ছিলেন এবং তাঁর সাথে ইসলাহী তাআল্লুক ছিল। তাঁরই পরামর্শে দাওয়াত ও তাবলীগের কাজে যুক্ত হন। পরবর্তীতে কাকরাইলের মুরব্বী মাওলানা লুৎফর রহমান ছাহেব রাহ.-সহ অন্য মুরব্বীদের পরামর্শে ১৯৮০ সালে কাকরাইল মারকাযের মুকীম হয়ে তাবলীগের মেহনত শুরু করেন।

১৯৫৩ সালে লক্ষ্মীপুর জেলাধীন সদর থানা, পেয়ারাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

১ যুলকদ (২০-৪-২৬) সোমবার

হযরত মাওলানা ইদরীস ছাহেব রাহ.

জামিআ ইসলামিয়া পটিয়া এবং দারুল মাআরিফ আলইসলামিয়া চট্টগ্রামের প্রবীণ উস্তায ও বুযুর্গ আলেম। চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত শাহনগরে ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সনে পটিয়া মাদরাসায় দাওরায়ে হাদীস সম্পন্ন করার পর লাহোর জামিয়া আশরাফিয়ায় তাফসীর বিভাগ এবং করাচি জামিআতুল উলূমিল ইসলামিয়া বানূরী টাউনে ফিকহ ও ইফতা পড়েন। হযরত মাওলানা মুহাম্মাদ ইউসুফ বানূরী রাহ., মাওলানা ইদরীস কান্ধলভী রাহ., মাওলানা রসূল খান হাযারাভী রাহ., মুফতী আযীযুল হক রাহ. ও খতীবে আযম সিদ্দীক আহমাদ রাহ.-সহ আকাবিরের বড় এক জামাতের শাগরিদ ছিলেন তিনি। করাচি অবস্থানকালে মুফতী মুহাম্মাদ শফী রাহ.-এর ইসলাহী মাজালিসে শরীক হতেন।

১৯৬২ সালে মুফতী আযীযুল হক রাহ.-এর নির্দেশে জামিয়া ইসলামিয়া পটিয়ায় উস্তায হিসেবে যোগদান করেন। ১৯৭১ সাল পর্যন্ত পটিয়ায় তাদরীসের খেদমত আঞ্জাম দেন। পরবর্তীতে ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত দারুল মাআরিফে শিক্ষকতা করেন। ২০০২ সাল থেকে অসুস্থতাজনিত কারণে তাদরীসের খেদমত থেকে অবসর গ্রহণ করেন। তলাবায়ে কেরাম তাঁর তাদরীস ও উসলূবে তাদরীসে মুগ্ধ ছিল।

৩ যিলকদ (২২-৪-২৬) বুধবার

হযরত মাওলানা কমর উসমানী ছাহেব রাহ.

শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহ.-এর বিশিষ্ট শাগরিদ ছিলেন। দারুল উলূম দেওবন্দ ওয়াফক-এর উস্তাযুল হাদীস ছিলেন।

৪ যিলকদ (২৩-৪-২৬ বৃহস্পতিবার

হযরত মাওলানা আশরাফ আলী খান ছাহেব রাহ.

পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিশিষ্ট আলেমেদ্বীন। শাইখুল কুররা হযরত মাওলানা গোলামুল্লাহ খান রাহ.-এর সুযোগ্য ছাহেবযাদা।

রাওয়ালপিন্ডির প্রসিদ্ধ মাদরাসা রাজাবাজার দারুল উলূম তালীমুল কুরআন মাদরাসার মুহতামিম ছিলেন।

৬ যিলকদ (২৫-৪-২৬) শনিবার

মাওলানা গোলাম মোস্তফা বিন মাওলানা আবদুল জাব্বার রাহ.

মিরপুর মুসলিম বাজার মাদরাসার প্রবীণ উস্তাযুল হাদীস। যফর আহমদ উসমানী রাহ., হযরত সদর ছাহেব (হযরত শামসুল হক ফরিদপুরী) রাহ., হযরত হাফেজ্জী হুজুর রাহ., মুহাদ্দিস ছাহেব (মাওলানা হেদায়াতুল্লাহ ছাহেব) রাহ., মুফতী আবদুল মুঈয রাহ. ও মাওলানা এহতেশামুল হক থানভী রাহ. প্রমুখ আকাবিরের শাগরিদ।

নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ৮নং বিশকাকুনী ইউনিয়নের শরীফপুর (কলংকা) গ্রামে ১৯৪০ ঈসায়ী সনের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। 

বৃহত্তর ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ায় মেশকাত পর্যন্ত পড়েন।

এ মাদরাসায় তৎকালীন বরেণ্য বুযুর্গ মাওলানা আবদুল ওয়াহিদ রাহ., হযরত মাওলানা নুরুদ্দীন গওহরপুরী রাহ., হযরত মাওলানা ফয়জুর রহমান এবং মাওলানা দৌলত আলী রাহ. প্রমুখের শিষ্যত্ব লাভ করেছেন। হেদায়া জামাতের পর মেশকাতের আগে এক বছর কুমিল্লার বরুড়া মাদরাসায় পড়েন। বরুড়ার তৎকালীন আকাবিরের মধ্যে মাওলানা কুরবান আলী রাহ.-এর শিষ্যত্ব লাভেও ধন্য হন। ১৯৬০ সালে জামেয়া কুরআনিয়া লালবাগ মাদরাসায় দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।

এ বছর লালবাগে তিনি উল্লিখিত আকাবির-আসলাফের সান্নিধ্য পেয়েছিলেন।

তাঁর পিতা মাওলানা আবদুল জাব্বার রাহ. প্রতিষ্ঠিত জামিয়া দারুস সুন্নাহ্য় ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। ৭১’র যুদ্ধের সময় মাদরাসাগুলো বন্ধ হলে মাঝে দুই বছর অন্য দুটি মাদরাসায় থাকেন।

২০০০ সাল থেকে ইন্তেকাল পর্যন্ত মিরপুরের জামিয়া ইমদাদিয়া দারুল উলূম মুসলিমবাজার মাদরাসায় যথাক্রমে উস্তাযুল হাদীস, নায়েবে মুহতামিম এবং শাইখুল হাদীসের দায়িত্ব পালন করেন।

১১ যিলহজ (২৯-৫-২০২৬) জুমাবার

জনাব হাফেজ সালেহ আহমেদ বিন মৌলভী আবদুল আউয়াল রাহ.

মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়ার মুহতারাম মুদীর মুফতী আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ এবং আমীনুত তালীম মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেবের মামা। ১৩৬৮ হিজরী মোতাবেক ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। মনোহরগঞ্জ উপজেলাধীন জামিয়া ইসলামিয়া হামীদিয়া কাশিপুর ও কুমিল্লা চৌদ্দগ্রামের জামিয়া ইসলামিয়া নারানকরা মাদরাসায় অধ্যয়ন করেন।

নারানকরা মাদরাসা, নোয়াখালী আলাদিনগর মাদরাসা, চাটখিল পাল্লাবাজার সংলগ্ন মিয়াবাড়ি মাদরাসা, সিলেট কাজির বাজার মাদরাসা এবং চাঁদপুর খেড়িহর মাদরাসায় শিক্ষকতা করেন।

পুরো যিন্দেগী কুরআন কারীমের খেদমতেই কাটিয়েছেন। অসংখ্য হাফেযে কুরআনের উস্তায ছিলেন। ছাহেবে নিসবত বুযুর্গ ছিলেন। হযরত হাফেজ্জী হুজুুর রাহ. ও কুমিল্লার মাওলানা দেলাওয়ার হুসাইন ফেনুয়ার হুজুর রাহ.-এর খলীফা মাওলানা আনওয়ারুল্লাহ সাহেব (নারানকরার পীর) রাহ. (মৃ. ১৪৩৪ হি.) তাঁকে খেলাফত প্রদান করেন।

১৬ যিলহজ (৩-৬-২৬) বুধবার

হযরত মাওলানা ড. আবদুশ শহীদ নুমানী রাহ.

হযরত মাওলানা মুহাম্মাদ আবদুর রশীদ নুমানী রাহ.-এর ছোট ছাহেবযাদা। ১৯৫০ সনে করাচিতে জন্মগ্রহণ করেন। কারী ফাতাহ মুহাম্মাদ পানিপথী রাহ.-এর নিকট ইলমুত তাজবীদ ও ইলমুল কিরাআতে তাখাসসুস করেন। তাঁর বিশিষ্ট ছাত্রদের মধ্যে গণ্য হতেন।

জামিয়াতুল উলূমিল ইসলামিয়া-সহ করাচির কয়েকটি প্রতিষ্ঠানে দরসে নেযামী সমাপ্ত করেন। মাওলানা মুহাম্মাদ ইউসুফ বানূরী রাহ., মুফতী ওলী হাসান টোংকী রাহ., মাওলানা ইদরীস মিরাঠী রাহ.-সহ সমকালীন আকাবির মাশায়েখের শিষ্যত্ব লাভ করেছেন। ১৯৭১ সালে করাচি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে আরবী ভাষা-সাহিত্যে স্মাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে সৌদির জামিআতুর রিয়াদ থেকে ফলিত ভাষাবিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা অর্জন করেন এবং পরে পিএইচডি ডিগ্রিও লাভ করেন। তার ডক্টরেটের থিসিস ছিল—

مسند الإمام أبي حنيفة برواية أبي نعيم الأصبهاني

করাচি ইউনিভার্সিটিতে ১৯৭৩ সনে শিক্ষক হিসেবে যোগদান করেন। শুরুতে সহকারী অধ্যাপক হিসেবে, পরবর্তীতে ‘আলউস্তাযুল মুতামায়্যিয’ পদে উন্নীত হন। এ প্রতিষ্ঠানে তার শিক্ষকতা পাঁচ দশকব্যাপী বিস্তৃত ছিল।

তাঁর পিতা মাওলানা মুহাম্মাদ আবদুর রশীদ নুমানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী নিয়েও তিনি কাজ করেছেন। এটি এখনো অমুদ্রিত অবস্থায় আছে। আল্লাহ তা’আলা সংশ্লিষ্টদেরকে সেটি দ্রুত ছাপানোর তৌফিক দিন। আমিন।

২৫ যিলহজ (১২-৬-২৬) শুক্রবার

ভোলা জেলার মাওলানা আবদুল মালেক বিন আবদুল মোত্তালিব ছাহেব রাহ.

ভোলার শীর্ষস্থানীয় বুযুর্গ আলেম, চরশুভী মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আবদুল মালেক ছাহেব ১৩৭০ হিজরী মোতাবেক ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। ভোলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইযযতুল ইসলাম চরখলিফা মাদরাসায় শরহে জামী জামাত পড়ে দারুল উলূম হাটহাজারী মাদরাসায় চলে যান। ১৯৭২ সালে দারুল উলূম হাটহাজারী থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। তাঁর মাশায়েখের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মাওলানা আবদুল কাইয়ূম ছাহেব রাহ., (মুহাদ্দিস ছাহেব) মাওলানা আবদুল আযীয রাহ. ও মুফতী আহমদুল হক ছাহেব রাহ.। তিনি ভোলার (বড় হুজুর) মাওলানা আবদুল আযীয ছাহেব রাহ.-এরও শাগরিদ ছিলেন।

১৯৭২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত চরখলিফা মাদরাসায় শিক্ষকতা করেন। ১৯৮৩ সাল থেকে ইন্তেকাল পর্যন্ত সুদীর্ঘ ৪৩ বছর দারুল উলূম চরশুভী মাদরাসায় দ্বীনী খেদমত আঞ্জাম দিয়ে যান।

প্রখ্যাত আলেম হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন ছাহেব দা. বা.-এর খাস উস্তায ছিলেন।

২৬ যিলহজ (১৩-৬-২৬) শনিবার

মাওলানা মিজানুর রহমান কাসেমী (হাফেজ সাহেব হুজুর) রাহ.

ফেনীর ঐতিহাসিক ইসলামিয়া দারুল উলূম শর্শদি মাদরাসা (স্থাপিত ১৩৬৪ হি./১৯৪৩ ঈ.)-এর সিনিয়র উস্তায।

১৯৭১ সালে কুমিল্লার বরুড়া থানার ওলিতলা গ্রামে জন্মগ্রহণ করেন। মায়ের দিক থেকে তাঁর পূর্বপুরুষ ছিলেন উজানীর কারী ইবরাহীম ছাহেব রাহ.-এর শাগরিদ ও খাদেম কারী নুরুল হক ছাহেব রাহ.। কারী নুরুল হক রাহ. ছিলেন ওলিতলা ফাযিল মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম।

হেদায়াতুন নাহু থেকে মেশকাত পর্যন্ত শর্শদি মাদরাসায় পড়ার পর দাওরায়ে হাদীস দারুল উলূম দেওবন্দে পড়েন। ১৪১৭-১৪১৮ হিজরী শিক্ষাবর্ষে দেওবন্দে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।

তাঁর উস্তায শর্শদি মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা নুরুল ইসলাম এনায়েতপুরী রাহ.-এর আমন্ত্রণে তিনি শর্শদি মাদরাসায় শিক্ষকতায় নিয়োজিত হন এবং ইন্তেকাল পর্যন্ত প্রায় তিন দশক শর্শদি মাদরাসায় খেদমত করে যান।

ফেনীর মোহাম্মাদ আলী বাজারের পূর্ব পাশে অবস্থিত মধ্যম কাছাড় রহমানিয়া ওসমানিয়া মাদরাসা তিনিই প্রতিষ্ঠা করেন। নিজ এলাকা লাকসাম থানার চরবাড়িয়া গ্রামে তাঁর পিতা মাওলানা হাবীবুর রহমান রাহ. প্রতিষ্ঠিত আশরাফ নগর দারুল উলূম মাদরাসার পরিচালনাও তিনিই করতেন।

 

 

advertisement