জুমাদার আখিরাহ ১৪৪৮   ||   নভেম্বর ২০২৬

আমার প্রিয় দাদি

খুবাইব

প্রত্যেকের জীবনে এমন কিছু ব্যক্তি থাকেন, যাদের অস্তিত্বটাই একটি জীবন্ত ছায়া, এক শান্তির পরশ। আমার প্রিয় দাদি ঠিক তেমনি একজন ছিলেন। তাঁর স্নেহের পরশ, মাথায় রাখা মায়াবী হাত আর বুকভরা ঐকান্তিক দুআর কথা মনে পড়লে আজও হৃদয়ে অদ্ভুত এক তোলপাড় সৃষ্টি হয়।

গত ২৩ মুহাররম ১৪৪৮ হিজরী আমার জীবনের এক শোকাবহ দিন―আমার প্রিয় দাদির চিরবিদায়ের দিন। এ দিনেই তিনি মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন সেখানে, যেখানে কেউ গেলে আর ফিরে আসে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

‎‎সেদিন যখন আমার কানে এই সংবাদ এল, মুহূর্তের মধ্যে আমার সবকিছু যেন স্তব্ধ হয়ে গেল। থমকে গেলাম আমি। দাদির সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতির পাতায় ভেসে উঠতে লাগল। এই তো দাদি মাথায় হাত রেখে দুআ করছেন, আমাকে পাশে বসিয়ে কত আগ্রহভরে এটা-ওটা গল্প করছেন! আজ তিনি নেই, তিনি চলে গেছেন। আর কখনও ফিরে আসবেন না―এটা ভাবতেই হৃদয়টা কেঁপে উঠল।

মাদরাসায় তখন প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতিপর্ব চলছে। যদিও দাদিকে শেষবার একনযর দেখার জন্য মনটা যারপরনাই ব্যাকুল ছিল, কিন্তু পরীক্ষা একেবারে নিকটবর্তী হওয়ায় জানাযায় উপস্থিত হওয়া দুরূহ হয়ে গেল। এসময় সুদূর ময়মনসিংহে গিয়ে জানাযায় শরীক হওয়া কঠিন! সে কষ্ট বুকে চেপে বাবাকে বললাম, ঠিক আছে, আসাতেযায়ে কেরাম ও সাথি ভাইদের নিয়ে দাদির জন্য দুআ করি— আল্লাহ দাদিকে জান্নাত নসীব করুন।

যোহরের নামাযের পর শুনি, বাবা এসেছেন। গিয়ে দেখি, বাবার চেহারা ফ্যাকাশে হয়ে আছে। ভালো করে দাঁড়াতেও মনে হয় কষ্ট হচ্ছে। পরে জানতে পারলাম, সকাল থেকে তিনি কিছুই খাননি। বাবা বললেন, ‘ময়মনসিংহে নয়, জানাযা টঙ্গীতে অনুষ্ঠিত হবে।’

এটা শুনে আমি আশান্বিত হলাম; তাহলে তো খুব সহজেই জানাযা শেষ করে মাদরাসায় উপস্থিত হওয়া যাবে। আসাতেযায়ে কেরামের অনুমতি নিয়ে আমরা টঙ্গীর উদ্দেশে রওয়ানা হলাম। আসরের কিছু আগে গিয়ে পৌঁছলাম। এশার পর জানাযা উপস্থিত হল। মনে তীব্র টান আর এক ধরনের ব্যাকুলতা নিয়ে আমরা এগিয়ে গেলাম।

‎যখন তাঁর মুখমণ্ডল থেকে কাপড় সরানো হল, চোখের সামনে ভেসে উঠল এক অভূতপূর্ব দৃশ্য। আমাদের দাদি ৮০ বছরের বেশি হায়াত পেয়েছেন, আলহামদু লিল্লাহ। ফলে জীবিত অবস্থায় বার্ধক্যের জীর্ণতা ও শরীরে প্রচণ্ড দুর্বলতা ছিল। কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছে―তাঁর চেহারায় যেন অদ্ভুত এক নূরের আভা ছড়িয়ে পড়েছে।

মনে হচ্ছিল, এক অপূর্ব আলোয় চারপাশ ছেয়ে গেছে, যার সঠিক বিবরণ আমার এই দুর্বল কলমে লিখে বোঝানো অসম্ভব।

আমার ছোট ভাই দাদির চেহারা দেখে বলল, দাদি এত সুন্দর কীভাবে হলেন?

‎বাবা তো কাপড় সরাতেই কপালে চুমু খেলেন। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মাশাআল্লাহ! কত নূরানী চেহারা!

আমি দাদির মাথার কাছে বসে পড়লাম। আমার চোখে তখন বাঁধভাঙা জোয়ার, কলিজা ফেটে কান্না আসছিল।

অবশেষে জানাযা মসজিদের সামনে নেওয়া হল। বাবা সামান্য কিছু কথা বলে জানাযার নামাযের ইমামতি করলেন। এরপর তাঁকে উত্তরায় কবরস্থানে নিয়ে যাওয়া হল, যেখানে প্রফেসর হামীদুর রহমান রাহ. চিরনিদ্রায় শায়িত আছেন। 

‎‎দাদির আমলের কিছু চিত্র

দাদির আমল সম্পর্কে বলার মতো অনেক কিছুই আছে। সব উল্লেখ করলে লেখাটা বড় হয়ে যাবে বলে এখানে কিছু উল্লেখ করছি—

‎‎১. নামাযের প্রতি ভালবাসা

‎দাদির আমল প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই যে দুটি আমলের কথা মনে পড়ে তা হল―নামাযের প্রতি ভালবাসা এবং কুরআনের সাথে গভীর সম্পর্ক। দাদি যখন নামাযে দাঁড়াতেন, তখন তাঁর চেহারা দেখে মনে হত―একজন ক্লান্ত পথিক দীর্ঘ পথ চলার পর গাছের ছায়ায় বসে যেমন শান্তি পায়, তিনিও তেমন দুনিয়ার ব্যস্ত পরিবেশ থেকে মুক্ত হয়ে এক ঐশী প্রশান্তিতে ডুবে আছেন। দাদি নামায শুরু করলে যেন শেষই করতে চাইতেন না। মাঝে মাঝে যখন দেখতাম, নামায শেষ করে সালাম ফিরিয়েছেন, মনে হত এবার হয়তো একটু গল্প করা যাবে।

কিন্তু দেখা যেত, তিনি আবার নামাযে দাঁড়াচ্ছেন। আবার অপেক্ষা করতাম, এই নামাযের পরেই হয়তো গল্প করা যাবে; কিন্তু এবারও ধারণা ভুল প্রমাণিত হত। তিনি সালাম ফিরিয়ে আবার নামাযে দাঁড়াতেন। এভাবে দীর্ঘ সময় চলে যেত। তিনি অনেকক্ষণ ধরে নামায পড়তেন। ফরযের পাশাপাশি তিনি নফলের প্রতিও অনেক গুরুত্ব দিতেন। ইশরাক, চাশত, আওয়াবীন, তাহাজ্জুদ―এগুলো তাঁর প্রতিদিনের আমল ছিল। বিশেষত সালাতুত তাসবীহ এত বেশি পরিমাণে পড়তেন, যা আমাদের পক্ষে চিন্তা করাও কঠিন।

আশ্চর্যের বিষয় হল, তিনি যতদিন নামায পড়তে পেরেছেন (শেষ জীবনে তিনি মা‘যুর হয়ে গিয়েছিলেন, যার ফলে নামায পড়তে পারতেন না) ততদিন দাঁড়িয়েই নামায পড়েছেন। একদম বার্ধক্যে এসেও তিনি বসে নামায পড়তেন না। 

‎‎২. কুরআনের সাথে গভীর ও নিবিড় সম্পর্ক

‎তিনি কুরআন সহীহ-শুদ্ধ করার আপ্রাণ চেষ্টা করতেন। সন্তানদের কাছে মশক করতেন। আমার কাছেও কিছু করেছেন। আমার সামনে তিনি তিলাওয়াত করতেন। তিলাওয়াতের ফাঁকে ফাঁকে বলতে থাকতেন―‘হইছে?’

তারপর যতটুকু বলে দেওয়ার মতো মনে হত বলে দিতাম আর তিনি দিনভর চেষ্টা চালিয়ে যেতেন। একবার দাদিকে আল্লাহর দুটি নাম বলে দেওয়া হল। তা হল—

‎يا حفيظ-يا حافظ

‎আমি দেখলাম, তিনি হা (ح)-এর সঠিক উচ্চারণের জন্য সারাদিন বলতে থাকলেন—

‎يا حفيظ-يا حافظ

‎পরে বললেন, আমাকে কাগজে লিখে দাও।

লিখে দেওয়া হল। পরের দিন সকালে উঠে কারও সাথে কথা না বলে তিনি আবার পড়া শুরু করলেন—

‎يا حفيظ-يا حافظ

‎তাঁর তখন একটাই চিন্তা―আমাকে সহীহ-শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। অথচ তিনি তখন সত্তরোর্ধ্ব একজন বৃদ্ধা!

অথচ আমরা নওজোয়ানরা অনেক সময় কিছুক্ষণ চেষ্টা করার পর যখন দেখি ভালোভাবে আয়ত্তে আসছে না, তখন হাল ছেড়ে দিয়ে বলি, ‘আমার দ্বারা আর হবে না।’ অথচ দাদিকে কখনও এ ধরনের কথা বলতে শুনিনি। তিনি জীবনের শেষ পর্যন্ত চেষ্টা অব্যাহত রেখেছেন। দাদি কুরআন শেখার জন্য কী পরিমাণ মেহনত করেছেন, তা আজ ভাবলেও অবাক হতে হয়। বার্ধক্যে এসেও তিনি সূরা মুলক পুরোটা মুখস্থ করেছিলেন। আমাকে তো সূরা হা-মীম সাজদাহর একটি উল্লেখযোগ্য পরিমাণ সারাদিন মেহনত করে মুখস্থ শুনিয়েছিলেন। এরপর এই অংশ তিনি নামাযে তিলাওয়াত করতেন।

একবার আমি তারাবীতে কুরআন খতম করেছিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, ‘আমি অনেক খুশি হইছি, যখন শুনছি তুই তারাবীতে খতম করছোছ।’

এই কথা তিনি উচ্ছ্বাসের সাথে বারবার বলতে লাগলেন।

‎‎৩. দ্বীনী কাজকে প্রাধান্য দেওয়া

‎দ্বীনী কাজকে প্রাধান্য দিতে গিয়ে দাদির ওপর যত কষ্টই আসুক, সেই কষ্টের দিকে ভ্রুক্ষেপই করতেন না।

২০০৭ সালের অক্টোবরের কথা, বাবার মুখে শুনেছি। বাবা চিল্লায় বের হয়েছেন, আমার বড় চাচা তখন সৌদি আরবে ডাক্তারি পেশায় নিয়োজিত। ওই সময় দাদি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এই পর্যায়ে পৌঁছল যে, সবাই তাঁর ব্যাপারে আশঙ্কা করতে লাগলেন।

পরে সিদ্ধান্ত হল, দাদিকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। এদিকে দাদি সেখানে থেকে সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন কি না―এর কোনো নিশ্চয়তা ছিল না।

এই পরিস্থিতিতে দাদি যখন এয়ারপোর্টে গেলেন, বাবা ফোন করে বললেন, মা! আমি তো আপনার সাথে দেখা করতে পারলাম না। আপনি আমার জন্য দুআ করবেন।

দাদি তখন বললেন, ঠিক আছে বাবা, যদি ফিরে আসি, তাহলে তো দুনিয়াতেই দেখা হবে। আর যদি আসতে না পারি, আখেরাতে তো দেখা হবেই।

তবে এই চরম কষ্টের মুহূর্তেও বাবাকে একবারের জন্যও চিল্লা থেকে এসে তাঁর সাথে দেখা করতে বলেননি।

‎‎৪. দ্বীনী বই-পুস্তকের প্রতি আগ্রহ

‎দ্বীনী বই-পুস্তক পড়ার প্রতি দাদির ছিল তীব্র আগ্রহ। তিনি যখন বই হাতে নিতেন, খুব আগ্রহের সাথে পড়তেন। বিশেষত ফাযায়েলে আমল, ফাযায়েলে সাদাকাত―এই দুই কিতাব যখন পড়া শুরু করতেন, কিছু দূর যাওয়ার পর দেখা যেত―তিনি কাঁদছেন! আর সাথে বলতেন, আল্লাহ কি আমারে মাফ করবে?

তিনি আমাদেরকেও বই পড়ে শোনাতেন। আমাদেরও অনেক ভালো লাগত শুনতে। বিশেষত সীরাতের প্রতি আমার আগ্রহ অনেক ছোট থেকেই। কোনো সময় দেখা যেত, আমি সীরাতের কোনো কিতাব পড়ার পরও দাদির হাতে দিয়ে বলতাম, দাদি, এই যে দেখুন নবীজীর বই! তখন তিনি তা থেকে আমাদের পড়ে শোনাতেন আর আমার খুব ভালো লাগত। 

‎‎একটি বিশেষ গুণ

‎দাদির একটি বড় গুণ ছিল, তিনি সবার সাথে এমনভাবে মিশতেন যে, প্রত্যেকেই মনে করত, তিনি আমাকেই বেশি মহব্বত করেন। তিনি এক সন্তানের কাছে বেশিদিন থাকতেন না। প্রত্যেকের কাছে যেতেন, প্রত্যেককে যথেষ্ট সময় দিতেন।

কারও বাসা থেকে যখন ফেরার সময় হত, তিনি ক্ষমা চেয়ে নিতেন। বিশেষত পুত্রবধূদের কাছে গিয়ে বলতেন, ‘তোরা আমারে মাফ করে দিস।’

এভাবে সকলের সন্তুষ্টি নিয়ে তিনি বিদায় গ্রহণ করতেন। আহ, আমাদের দাদি কত ভালো ছিলেন!

‎‎ইন্তেকালের আগে

‎দাদির অন্তরে আখেরাতের চিন্তা সদা জাগরূক ছিল। কয়েক বছর আগে তাঁর একটা বিশেষ অপারেশন হয়, এরপর ধীরে ধীরে তিনি দুর্বল হতে থাকেন, একপর্যায়ে শয্যাশায়ী হয়ে পড়েন। ওই সময় তিনি যাকে দেখতেন তাকেই বলতেন, আমারে মাফ করে দিস।

যখন তাঁকে বলা হত, ‘আমাদের তো আপনার প্রতি কোনো কষ্ট নেই’, তখন তিনি চুপ হতেন। কিছুক্ষণ পর আবার বলে উঠতেন, ‘আমারে মাফ করে দিস!’

অদ্ভুত এক অস্থিরতা পরিলক্ষিত হত তখন দাদির চেহারায়।

‎দাদির শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যেতে থাকে। একপর্যায়ে এমন অবস্থায় পৌঁছায় যে, গোসল করা তাঁর জন্য কষ্টকর হয়ে পড়ে; ফলে এমন হত, ৪-৫ দিন পার হয়ে গিয়েছে, কিন্তু তাঁর গোসল করা হচ্ছে না।

আশ্চর্যের বিষয় হল, ইন্তেকালের দিন তিনি আশপাশের লোকদের গোসল করিয়ে দিতে বললেন। সবাই কিছুটা অবাক হল।

যা হোক, দাদির কথা অনুযায়ী সেদিন তাঁকে গোসল করানো হল। অতঃপর (বড় ফুফুর ভাষ্য অনুযায়ী) মনে হল, তিনি ঘুমিয়ে গেলেন। লোকেরা ভাবল, হয়তো ঘুম পেয়েছে। ডাকতে গিয়ে দেখা গেল, তিনি সাড়া দিচ্ছেন না।

সবাই বুঝল, তিনি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

‎মৃত্যুর সময় মানুষের যে কষ্ট দেখা যায়, দাদির ক্ষেত্রে আলহামদু লিল্লাহ এর কিছুই দেখা যায়নি। তারপর তাঁর চেহারা ধীরে ধীরে ফরসা হতে শুরু করে। একপর্যায়ে সাদার সাথে হলুদ বর্ণ মিশ্রিত হয়ে এক অনন্য ঔজ্জ্বল্য ছড়াতে থাকে চারপাশে। তাঁর সামনে যারা যেতে পেরেছে, সকলেই এটা প্রত্যক্ষ করেছে।

এই সকল আলামত দেখে আমরা আশাবাদী, আমাদের দাদি খুব শান্তির সাথে মহান প্রভুর কাছে গিয়েছেন।

‎‎বড় সৌভাগ্যবান আমরা, আল্লাহ আমাদেরকে এমন একজন নেক দাদি দান করেছেন। তবে আজ আমাদের মাঝে দাদি নেই। এই কথাটি যখনই মনে পড়ে, হৃদয়ে অস্থিরতা সৃষ্টি হয়।

একদিন আমার প্রিয় হুজুর (হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব দামাত বারাকাতুহুম)-এর কাছে গিয়ে এই অস্থিরতার কথা তুলে ধরলাম।

তিনি একটি শের শোনালেন, যা শুনে আমি কিছুটা প্রশান্তি পেলাম।

শেরটি হল—

‎يہاں ہم سب مسافر ہيں وہي آخر ٹھکانہ

‎کوئي آگے روانہ ہے کوئي پيچھے روانہ

এখানে আমরা সবাই মুসাফির।

ওপারই আমাদের আসল ঠিকানা;

কেউ যাচ্ছে আগে,

আর কেউ-বা একটু পরে!

আল্লাহ তাআলা আমার দাদির ওপর অশেষ রহমত নাযিল করুন, তাঁকে মাগফিরাত করুন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন— আমীন, ইয়া রাব্বাল আলামীন।

 

 

advertisement