জুমাদার আখিরাহ ১৪৪৮   ||   নভেম্বর ২০২৬

প্রিয় বান্দাদের দুটি দুআ, দুটি পরিচয়

মাওলানা শিব্বীর আহমদ

সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। সেখানে তাদেরকে ‘রাহমানের বান্দা’ বলে সম্বোধন করা হয়েছে। যেন বলা হচ্ছে— রাহমান বা পরম দয়াময় সত্তা আল্লাহ রাব্বুল আলামীনের বান্দা হতে হলে এমনই হতে হবে। আল্লাহর বান্দা তো সকলেই— মুমিন-মুত্তাকী পাপী-কাফের সকলেই, কিন্তু যারা ওই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে পারবে, দয়াময় আল্লাহর প্রকৃত বান্দা তারাই। প্রিয় বান্দাদের সে বৈশিষ্ট্যাবলিতে আল্লাহ তাআলা দুটি দুআও উল্লেখ করেছেন।

প্রথম দুআ

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ .

হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাব সরিয়ে দিন। —সূরা ফুরকান (২৫) : ৬৫

আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহর কাছে এভাবেই জাহান্নাম থেকে মুক্তির দুআ করে। এটা তাদের অন্যতম বৈশিষ্ট্য। পরকালে যারা বিশ্বাস করে, জান্নাত-জাহান্নামে যারা বিশ্বাস করে, জান্নাতের সীমাহীন নিআমত আর জাহান্নামের অবর্ণনীয় শাস্তি যারা বিশ্বাস করে, তারা তো জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবেই। প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যাবলির ধারাবাহিকতায় এর আগে বলা হয়েছে— তারা রাত জেগে নামায আদায় করে, নামাযে দাঁড়িয়ে থেকে আর সিজদায় লুটিয়ে পড়ে কেটে যায় তাদের রাত।

এর পরই বলা হয়েছে তাদের জাহান্নাম থেকে মুক্তির দুআর কথা। তারা এটা ভাবে না— রাত জেগে নামায আদায় করাতেই দায়িত্ব শেষ; বরং তারা গভীর রাতের নির্জন সিজদা আর কিয়ামের পরেও ভীত-সন্ত্রস্ত থাকে এবং আল্লাহর কাছে এ ফরিয়াদও করে— আল্লাহ! জাহান্নামের আগুন থেকে আপনি আমাদের বাঁচান।

এ দুআর মধ্যে একদিকে রয়েছে পরকালের প্রতি ও জাহান্নামের আযাবের প্রতি ঈমানের সুস্পষ্ট প্রকাশ। পরকালের প্রতি ঈমান এতটাই গুরুত্বপূর্ণ, পবিত্র কুরআন-হাদীসের জায়গায় জায়গায় আল্লাহর প্রতি ঈমান ও পরকালের প্রতি ঈমানকে একসঙ্গে উল্লেখ করা হয়েছে। আর এ দুআয়ও পরকালের প্রতি ঈমানের স্বীকারোক্তি রয়েছে।

দ্বিতীয়ত এ দুআর মধ্যে প্রকাশ পায় আল্লাহর শাস্তির ভয়। এ ভয় একজন মুমিনের অপরিহার্য অনুষঙ্গ। আল্লাহ-বিশ্বাসী মুমিন যত নেক কাজই করুক, মানে ও পরিমাণে যত বেশি ইবাদত-বন্দেগী করুক, সে যেমন তার নেক আমলের প্রতিদান আশা করে, এর পাশাপাশি আল্লাহর শাস্তির ভয় ও নিজের আমলগুলো প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কাও তার মনে থাকে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এ আশঙ্কা থেকে কেউ নিরাপদ নয় যে, কখন আবার ঈমান বরবাদ হয়ে যায়, শয়তানের ধোঁকায় কখন হারিয়ে ফেলে সরল পথের দিশা, ছিটকে যায় হেদায়েতপ্রাপ্ত মুমিন-মুত্তাকীর দল থেকে। জাহান্নাম থেকে দূরে থাকার প্রার্থনার মধ্য দিয়ে আল্লাহর প্রিয় বান্দাগণের মনে থাকা সে ভয় ও আশঙ্কা দৃশ্যমান হয়ে ওঠে।

রাত জেগে নামায পড়া যেমন মুত্তাকীদের পরিচয়, একইভাবে শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করাও তাদের অন্যতম বৈশিষ্ট্য। সূরা যারিয়াতের ১৭ ও ১৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন—

كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ، وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ.

রাতের সামান্য সময়ই তারা ঘুমিয়ে কাটাত। আর শেষ রাতে তারা ইস্তিগফার করত।

সূরা আলে ইমরানেও ১৬ ও ১৭ নং আয়াতে মুত্তাকীদের কিছু পরিচয় তুলে ধরা হয়েছে। বলা হয়েছে—

اَلَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ،اَلصّٰبِرِيْنَ وَالصّٰدِقِيْنَ وَالْقٰنِتِيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ.

যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা অবশ্যই ঈমান এনেছি, তাই আমাদের গোনাহগুলো আপনি ক্ষমা করে দিন আর জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচান; (যারা) ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানকারী আর শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারী।

নিজের গোনাহের জন্য ক্ষমা চাওয়া আর জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাওয়া একই সূত্রে গাঁথা। আল্লাহর প্রিয় বান্দা যারা, এ আশ্রয় প্রার্থনা তাদের এক বড় পরিচয়। কান্নাকাটি করে যদি নেক আমলগুলো কবুল করিয়ে নেওয়া যায়, টিকে থাকা যায় সীরাতে মুস্তাকীমে আর জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করা যায়— একজন মানুষের এর চেয়ে বড় সফলতা আর কী হতে পারে! এ ঘোষণা পবিত্র কুরআনের—

فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ.

যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হল আর জান্নাতে প্রবেশ করানো হল, সে-ই তো সফল। —সূরা আলে ইমরান (৩) : ১৮৫

দ্বিতীয় দুআ

رَبَّنَا ہَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا.

হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যাদের দেখে আমাদের চোখ জুড়াবে আর আপনি আমাদেরকে মুত্তাকীদের ইমাম বানিয়ে দিন। —সূরা ফুরকান (২৫) : ৭৪

সূরা ফুরকানের আলোচ্য তালিকায় এ দুআটি আল্লাহর প্রিয় বান্দাদের শেষ বৈশিষ্ট্য। দুআটির ভাষা যতটা সংক্ষিপ্ত ও সরল, এর মর্ম ও আবেদন ততটাই গভীর ও হৃদয়স্পর্শী। দুআটির দুটি অংশ। প্রথম অংশে চাওয়া হয়েছে চোখ জুড়ানো পরিবার ও সন্তান। আর দ্বিতীয় অংশে রয়েছে নিজেদের উঁচুস্তরের দ্বীনদারির দুআ।

কুরআনের শব্দটি বড়ই চমৎকার— قُرَّةَ اَعْيُنٍ —অর্থাৎ যা দেখে চোখ শীতল হয়, নয়ন জুড়িয়ে যায়। উক্ত আয়াতে এ নয়ন জুড়ানো স্ত্রী ও সন্তানের দুআই করা হয়েছে। আল্লাহবিশ্বাসী প্রতিটি মুমিনের কাছে পরকালের সফলতাই জীবনের মূল লক্ষ্য, আর সে সফলতার জন্য আবশ্যক দ্বীন ও হেদায়েত, তাই স্ত্রী ও সন্তানাদি যখন দ্বীনদার হয়, হেদায়েতের ওপর চলে, তখন তাদের দেখে মুমিন স্বামীর ও মুমিন বাবার চোখ জুড়িয়ে যায়। কেউ যখন নিজের সন্তানকে নামায পড়তে দেখে, কুরআন তিলাওয়াত করতে দেখে, কোনো ভালো কাজ করতে দেখে, নেককার মানুষের সঙ্গে চলাফেরা করতে দেখে, তখন তার হৃদয়-মন খুশিতে তৃপ্তিতে ভরে যায়।

পরকালের প্রতি, জান্নাত-জাহান্নামের প্রতি বিশ্বাস যাদের অটুট, তারা তাদের সন্তানদের দুনিয়াবি সাফল্যের চেয়ে পরকালীন মুক্তিই বেশি কামনা করে। যে বাবা সন্তানের ক্ষণস্থায়ী সুখের জন্য বিলিয়ে দেয় জীবনের সব আরাম-আয়েশ, জীবনের সমস্ত কিছুর বিনিময়ে নির্মাণ করতে চায় সন্তানের দুদিনের ভবিষ্যৎ, সেই বাবা যদি মুমিন হয়— তাহলে তো সে সন্তানের পরকাল নিয়ে, তাকে দ্বীনদার করে গড়ে তুলতে আরও অনেক বেশি সচেষ্ট থাকবে।

একই কথা স্ত্রীর ক্ষেত্রেও। স্ত্রীকে খুশি করতে, সন্তুষ্ট রাখতে স্বামী কত কিছুই না করে। স্ত্রীর ত্যাগের বিনিময়ে স্বামীও ব্যয় করে তার সাধ্যের সবটুকু।

যে স্ত্রী ও সন্তানকে ভালো রাখার জন্য স্বামী ও বাবারা বিলিয়ে দেন তাদের সর্বস্ব, তাদের পরকালীন সফলতাও তারা প্রার্থনা করবেন— এটাই তো স্বাভাবিক। এ প্রার্থনা-ই আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে উক্ত দুআয়— হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের এমন স্ত্রী-সন্তান দান করুন, যাদের দেখে চোখ জুড়াবে। অর্থাৎ আমাদের স্ত্রী-সন্তানদের আপনি নেক কাজ করার তাওফীক দান করুন, তাদেরকে দ্বীনদার বানিয়ে দিন, তাদেরকে আপনার শরীয়তের অনুগত বানিয়ে দিন, ঈমান ও ইয়াকীনে তাদেরকে অবিচলতা দান করুন, দ্বীনী ইলমে সমৃদ্ধ করুন, সর্বোপরি তাদের এমন জীবন দান করুন, যার ওসীলায় তারা লাভ করবে জাহান্নাম থেকে মুক্তি।

একটি সন্তান একজন বাবার কাছে কতটা প্রিয়— তা হয়তো কোনো ভাষাতেই ব্যক্ত করা সম্ভব নয়। কিন্তু এ প্রিয় সন্তানও হয়ে দাঁড়াতে পারে বিপদের কারণ— কখনও দ্বীনের দিক থেকে, কখনও দুনিয়ার দিক থেকে। কুরআন কারীমের বিভিন্ন আয়াতে একদিকে যেমন সন্তানের প্রতি আকুলতা, সন্তানের প্রার্থনা ইত্যাদি বর্ণিত হয়েছে, আবার সন্তান কখনও কখনও ফেতনার কারণও হয়ে দাঁড়ায়— এ কথাও বলা হয়েছে।

আল্লাহ তাআলা বলেন—

اِنَّمَاۤ اَمْوَالُکُمْ وَاَوْلَادُکُمْ فِتْنَةٌ.

নিশ্চয়ই তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি ফেতনাস্বরূপ। —সূরা তাগাবুন (৬৪) : ১৫

সন্তান যদি বাবাকে দ্বীন থেকে সরিয়ে দেয়, সন্তানের প্রতি ভালবাসা যদি বাবাকে গোনাহের কাজে জড়িয়ে পড়তে প্ররোচিত করে, সন্তানের ক্ষণস্থায়ী ভবিষ্যতের চিন্তায় বাবা যদি নিজের ও সন্তানের চিরস্থায়ী ভবিষ্যৎ নষ্ট করে, তবে সে সন্তান যে বিপদ, তাতে সন্দেহ নেই। আলোচ্য দুআটিতে এ বিপজ্জনক সন্তান থেকে আশ্রয় প্রার্থনাও শেখানো হয়েছে।

দুআটির দ্বিতীয় অংশ—

وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا.

অর্থাৎ আমাদেরকে মুত্তাকীদের ইমাম বানিয়ে দিন।

ইমাম তো তিনিই, যাকে অনুসরণ করা হয়, যাকে আদর্শ মনে করা হয়। সে হিসেবে ‘আমাদেরকে মুত্তাকীদের ইমাম বানিয়ে দিন’ বাক্যটির মর্ম এই— আমাদেরকে এমন তাকওয়া দান করুন, যেন মুত্তাকীরা আমাদের অনুসরণ করে চলে। এখানে কেবল নিজে মুত্তাকী হওয়ার দুআ করার কথা বলা হয়নি। বলা হয়নি— আমাদেরকে মুত্তাকী বানিয়ে দিন কিংবা আমাদেরকে তাকওয়া দান করুন। বরং বলা হয়েছে— আমাদেরকে মুত্তাকীদের ইমাম বানিয়ে দিন। সুতরাং দুআটির শেষাংশে এ প্রার্থনা করা হচ্ছে যে, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আপনি যেমন নেক কাজ করার তাওফীক দেবেন, তেমনি তাদেরকে ও আমাদেরকে তাকওয়ার এমন স্তরে পৌঁছার তাওফীক দিন, যেন অন্য যারা তাকওয়ার পথে চলতে চায়, তারা আমাদের অনুসরণ করে। আপনি আমাদেরকে এভাবে মুত্তাকীদের ইমাম ও আদর্শ বানিয়ে দিন।

প্রিয় বান্দাদের পরিচয় হিসেবে বর্ণিত এ দুআদুটি নিয়মিত করা উচিত, যাতে আমরা ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারি। ব্যাপক অর্থবোধক এ দুআদুটি তাই আমাদের চলার পথের খুবই উপযোগী ও উপকারী পাথেয়।

 

 

advertisement