এই হাদীস আমাকে কুরআনের শিক্ষক বানিয়েছে
ইবনে আবুল বাশার
আবু আবদুর রহমান আসসুলামী রাহ. ছিলেন অনেক বড় তাবেয়ী। তাঁর মূল নাম আবদুল্লাহ ইবনে হাবীব। তাঁর পিতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আবু আবদুর রহমান আসসুলামী রাহ. উসমান রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَه.
তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে-ই, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। —সহীহ বুখারী, হাদীস ৫০২৭; জামে তিরমিযী, হাদীস ২৯০৭
আবু আবদুর রহমান আসসুলামী রাহ. ছিলেন মুকরিউল কূফা। তিনি উসমান রা., আলী রা., যায়েদ ইবনে ছাবেত রা., উবাই ইবনে কা‘ব রা., আবদুল্লাহ ইবনে মাসঊদ রা. প্রমুখ সাহাবী থেকে কুরআন শিখেছেন। এরপরে তিনি উসমান রা.-এর খেলাফতের যামানা থেকে হাজ্জাজ ইবনে ইউসুফের যামানা পর্যন্ত প্রায় চল্লিশ বছর কূফায় মানুষকে কুরআন শিক্ষা দিয়েছেন। বহু তাবেয়ী ও তাবে তাবেয়ী এবং কারী ও মুকরিগণ তাঁর কাছে কুরআন শিখেছেন। এদের মধ্যে প্রসিদ্ধ ব্যক্তিগণ হলেন— ইমাম শা‘বী রাহ., আতা ইবনুস সায়েব রাহ., আসেম ইবনে আবীন নাজূদ রাহ., ইয়াহইয়া ইবনে ওয়াছ্ছাব রাহ. প্রমুখ।
আবু আবদুর রহমান আসসুলামী রাহ. উপরিউক্ত হাদীসটি রেওয়ায়েতও করেছেন এবং সুদীর্ঘ প্রায় চল্লিশ বছর কুরআন শিক্ষাও দিয়েছেন। তিনি বলেন, ওই হাদীসই আমাকে এখানে বসিয়েছে।
দ্রষ্টব্য : তবাকাতে ইবনে সা‘দ, সিয়ারু আ‘লামিন নুবালা (আবু আবদুর রহমান আসসুলামী রাহ.-এর জীবনী)