আরমান ইউসুফ - জামাতে শরহে জামী, জামিয়াতুল মানহাল আলকওমিয়া, উত্তরা, ঢাকা
প্রশ্ন
আমি শরহে জামী জামাতে পড়ি। আরবী ভাষায় পারদর্শী হতে চাই, যেন আরবী বলতে, লিখতে ও পড়তে পূর্ণাঙ্গরূপে সক্ষম হই। আমি আরবীতে কথা বলতে অনেক চেষ্টা করছি, কিন্তু পারছি না। কখনো কখনো একটু-আধটু বললেও অধিকাংশ সময় লজ্জায় বলতে পারি না। কারণ আমার আরবী কথোপকথনে অনেক ভুল হয় এবং সাথি ভাইয়েরা হাসাহাসি করে।
হযরতের কাছে আমার আরয হল, কীভাবে কী করলে আমার লক্ষ্যে পৌঁছতে পারব? আরবীতে সুন্দর ও সাবলীলভাবে বলতে, লিখতে ও পড়তে পারব?
উত্তর
আশা করি, আপনার নাগালে ‘তালিবানে ইলম : পথ ও পাথেয়’ কিতাবটি রয়েছে। সেখানে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
দেখুন, প্রাথমিক অবস্থায় ভুল তো হবেই। এতে লজ্জার কিছু নেই। তবে কারও ভুলে হাসাহাসি করা অন্যায়। আপনি সেদিকে ভ্রুক্ষেপ না করে আপনার মেহনত চালিয়ে যান। কোনো মুনাসিব সাথির সঙ্গে দৈনিক আসরের পরে কিছু সময় তামরীন করতে পারেন। এক্ষেত্রে হযরত আদীব হুজুর দামাত বারাকাতুহুমের الطريق إلى العربية ও التمرين الكتابي পাশে রাখা যেতে পারে। দারুল কলম থেকে প্রকাশিত কাসাসুন নাবিয়্যীনের ভূমিকায় হযরত আদীব হুজুর দামাত বারাকাতুহুম যেসব হেদায়েত ও নির্দেশনা দিয়েছেন, সেগুলো অনুসরণ করলে আপনার পথচলা আরও সহজ হবে ইনশাআল্লাহ।