মুহাম্মাদ হাসান - নারায়ণগঞ্জ
৬৮৬৩. প্রশ্ন
আমার মা বাসায় পালার জন্য অনেকগুলো মুরগি কেনেন। একদিন আমি মাকে বললাম, মা, আপনার মুরগিগুলো মাশাআল্লাহ অনেক দ্রুত বড় হচ্ছে।
মা বললেন, মুরগিগুলো যদি বেঁচে থাকে, তাহলে আমি একটি মুরগি মসজিদে দান করব।
আমি তখন জিজ্ঞাসা করলাম, আপনি কি তাহলে মান্নতের নিয়ত করেছেন?
তিনি সঙ্গে সঙ্গে বললেন, না, এমনি সাধারণ দানের নিয়ত করেছি।
জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার মায়ের ওপর কি মান্নত আবশ্যক হয়েছে? কারণ সাধারণত মানুষ এভাবেই মান্নত করে থাকে। যদি মান্নত হয়ে থাকে, তাহলে কি মুরগিটি মসজিদে না দিয়ে কোনো গরিবকে এর মূল্য সদকা করে দিলে মান্নত আদায় হয়ে যাবে?
উত্তর
না, এর দ্বারা মান্নত হবে না। কেননা মসজিদের জন্য মান্নত করলেও তা মান্নত হিসেবে গণ্য হয় না। তবে আপনার মা যেহেতু একটি ভালো নিয়ত করেছেন, তাই সে অনুযায়ী একটি মুরগি বা এর মূল্য মসজিদে দান করে দেওয়াই সমীচীন হবে। একজন মুসলমানের ভালো নিয়তও অনেক মূল্যবান।
–আলমাবসূত, সারাখসী ৮/১৩৮; বাদায়েউস সানায়ে ৪/২২৮, ২৩২; ফাতাওয়া খানিয়া ২/১৬; ফাতহুল কাদীর ৪/৩৭৪; ইমদাদুল আহকাম ৩/২৯