পারিয়া রাইসিন তাসপি - চট্টগ্রাম
৬৮৬০. প্রশ্ন
আমার স্বামী কয়েকবার ম্যাসেজে বলেছে, তোমাকে তালাক দিব এবং মুখেও বলেছে, তোমাকে তালাক দিয়ে দিব, তোমাকে ছেড়ে দিব ইত্যাদি। সব রাগের মাথায় বলেছে। তবে তিনি আসলে তালাক কার্যকর করেননি।
আমি জানতে চাই, এ ধরনের কথার পুনরাবৃত্তির মাধ্যমে কি তালাক হয়ে গেছে? অনুগ্রহ করে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিস্তারিত ব্যাখ্যা করবেন।
উত্তর
না, প্রশ্নোক্ত কথাগুলো আপনার স্বামী অনেকবার বলে থাকলেও এর দ্বারা তালাক হয়নি। কেননা এভাবে ভবিষ্যতে তালাক দিব, ছেড়ে দিব বলার দ্বারা তালাক হয় না।
উল্লেখ্য, শরীয়তে তালাক হচ্ছে বাস্তবেই উভয়ে আর ঘর-সংসার না করার ক্ষেত্রে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার পথ; স্বামী-স্ত্রীর মাঝে কোনো ঝগড়া-বিবাদ হলে একে অপরের ওপর রাগ ও ক্ষোভ প্রকাশের মাধ্যম নয়। তাই ঝগড়া-বিবাদ দেখা দিলেই তালাকের প্রসঙ্গ টেনে আনা বা বারবার তালাক দিয়ে দেওয়ার কথা বলা খুবই অন্যায় ও গর্হিত কাজ।
প্রশ্নোক্ত শব্দগুলো দ্বারা তালাক না হলেও এভাবে তালাক, তালাক বলতে থাকলে কখনো এমন কথা বের হয়ে যাওয়া অস্বাভাবিক নয়, যার দ্বারা বাস্তবেই তালাক হয়ে যায়। তাই ভবিষ্যতে এ বিষয়ে খুবই সতর্ক থাকা দরকার।
–ফাতহুল কাদীর ৩/৪১৫; আলবাহরুর রায়েক ৩/৩১৪; আদ্দুররুল মুনতাকা ২/১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮৪; তানকীহুল ফাতাওয়াল হামিদিয়া ১/৩৮