হাফেয রায়হান রাহাত - হাতিয়া, নোয়াখালী
৬৮৫২. প্রশ্ন
আমাদের মাদরাসার বাথরুমে মশা জাতীয় একধরনের পোকা আছে। যেগুলো সাধারণত কমোড ও কমোডের আশেপাশে থাকে। আমরা যখন বাথরুমে যাই, পোকাগুলো গায়ে এসে বসে।
এখন প্রশ্ন হল, পোকাগুলোর পা কিংবা ডানার নাপাকীর কারণে শরীর বা পোশাক নাপাক হবে কি না? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
না, এ কারণে শরীর বা পোশাক কিছুই নাপাক হবে না। কেননা এই পোকাগুলোর মাধ্যমে শরীর বা কাপড়ে কোনো কিছু লাগলেও তা এতই সামান্য হয়ে থাকে, সাধারণত যার কোনো আলামতই প্রকাশ পায় না। এছাড়া এ থেকে বেঁচে থাকাও অনেক কষ্টকর ব্যাপার। তাই এ কারণে শরীর বা কাপড় অপবিত্র হবে না।
* >المبسوط< للسرخسي ১/৬০ : ولأن القليل من النجاسة لا يمكن التحرز عنه؛ فإن الذباب يقعن على النجاسات، ثم يقعن على ثياب المصلي، ولا بد من أن يكون على أجنحتهن وأرجلهن نجاسة، فجعل القليل عفوا لهذا.
–আলআসরার, দাবূসী ১/২৬১; বাদায়েউস সানায়ে ১/২৩২; ফাতাওয়া খানিয়া ১/৩০; আলকিফায়া শরহুল হিদায়া ১/১৮৩; শরহুল মুনইয়া, পৃ. ১৭৯; রদ্দুল মুহতার ১/৩২৩