মুহাম্মাদ মাসুম বিল্লাহ - পটুয়াখালী
প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আমি তাকমীল জামাতে অধ্যয়ন করি। আরবী ভাষায় আমার দুর্বলতা থাকার কারণে আরবী কিতাবাদি বুঝতে কিছুটা সমস্যা হয়। এছাড়াও আরবী লেখা ও বলায় অনেক দুর্বলতা আছে। তাই আমি চাচ্ছি, আগামী এক বছর আরবী ভাষা নিয়ে স্বতন্ত্র মেহনত করব। যাতে আরবী ভাষার মৌলিক দুর্বলতা কেটে যায় এবং ভালোভাবে আরবী ভাষা আত্মস্থ করতে পারি। কিন্তু আমার পারিবারিক অসচ্ছলতার দরুন আরবী ভাষা-সাহিত্যের প্রসিদ্ধ কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তার ব্যয়ভার বহন করা সম্ভব নয়।
এখন আমার জানার বিষয় হল, এমতাবস্থায় আমার করণীয় কী? ব্যক্তিগতভাবে আমি কীভাবে আরবী ভাষা চর্চা করতে পারি? এই বিষয়ে আপনার মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে উপকৃত করবেন।
আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন এবং উম্মাহর প্রতি আপনার এই খেদমত কবুল করুন।
উত্তর
আল্লাহ তাআলা আপনার দুআ কবুল করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনার পেরেশানী দূর করে দিন।
প্রথম দিকের জামাতগুলোতে যথাযথ মেহনত করা হলে আপনার এই দুর্বলতা থাকার কথা নয়। এ দুর্বলতা কাটিয়ে উঠতে নির্বাচিত কিছু কিতাব পড়ার পাশাপাশি প্রচুর পরিমাণে তাকরার এবং অনুশীলনের বিকল্প নেই। তাই আপনি কোনো উস্তাযের তত্ত্বাবধানে মেহনত করুন। তাকরার ও অনুশীলনের জন্য কোনো সাথি নির্বাচন করুন।
প্রথমে ‘এসো আরবী শিখি’ ও ‘আততামরীনুল কিতাবী’ যথাযথ অনুশীলনের মাধ্যমে পড়া শুরু করুন। ‘তালিবানে ইলম পথ ও পাথেয়’ কিতাবে এ বিষয়ক কিছু নির্দেশনা আছে। সেগুলোও দেখুন।