আবু রায়হান ইবনে তুজাম্মেল হোসাইন - ঢাকা

প্রশ্ন

আমি এই বছর তাইসীর জামাতে পড়ি। আমি সবসময় উর্দূ ভাষায় কথা বলতে চাই। যদিও আলহামদু লিল্লাহ আল্লাহর রহমতে উর্দূ কিতাব পড়তে পারি, তবে অনেক শব্দার্থ এবং ব্যাকরণ না জানার কারণে উর্দূতে বলতে পারি না, এজন্য উর্দূ শব্দার্থ বিষয়ক কিছু অভিধান এবং উর্দূ ব্যাকরণ ও সাহিত্যের কিছু কিতাব প্রকাশনীর নামসহ জানিয়ে বাধিত করবেন।

উত্তর

উর্দূ কিতাব পড়তে এবং বুঝতে পারা অনেক প্রশংসাযোগ্য বিষয়। বিশেষত আমাদের আকাবিরের কিতাবাদি থেকে যথাযথ উপকৃত হওয়ার জন্য উর্দূ ভাষা আয়ত্ত করার বিকল্প নেই। আল্লাহ তাআলা বরকত দান করুন।

উর্দূ শেখার জন্য নেসাবে যেসকল কিতাব আছে, সেগুলো খুব ভালোভাবে পড়ুন। উর্দূ শব্দ এবং বাক্যের সঠিক উচ্চারণ, শব্দার্থ এবং তরজমা উস্তাযের দরস থেকে আত্মস্থ করার চেষ্টা করুন। শব্দার্থের জন্য মুহাম্মাদ ইসহাক জালালপুরীর بچوں کا ديني لغت সংগ্রহ করুন। এবং থানভী লাইব্রেরী থেকে প্রকাশিত فيروز اللغات -এর বাংলা অনুবাদও রাখতে পারেন। তাইসীরুল মুবতাদী কিতাবের শেষে حصۂ قواعد اردو -যা নেসাবে রয়েছে- ভালোভাবে পড়ুন এবং অনুশীলনের সঙ্গে পড়ুন। এর সঙ্গে হযরত মাওলানা সুলতান যাওক নদভী রাহ.-এর آسان قواعد اردو সঙ্গে রাখতে পারেন। মাঝেমধ্যে পরস্পরে উর্দূতে কথা বলার অনুশীলন করতে পারেন। এভাবে মেহনত করতে থাকলে উর্দূতে কথা বলার যোগ্যতাও ইনশাআল্লাহ বৃদ্ধি পেতে থাকবে। নেসাবের বাইরে উর্দূ সাহিত্য বিষয়ক কোনো কিতাব এখন আপনার জন্য মুনাসিব মনে হচ্ছে না।

তবে মনে রাখবেন, এখন আপনার প্রধান কর্তব্য হল, গুরুত্বের সঙ্গে নিয়মিত দরসে শরীক থাকা, তাকরার করা, উস্তায দরসে যে সবক পড়াবেন, তা পূর্বে মুতালাআ করে আসা। উস্তায কোনো কাজ দিলে তা যথাযথ পূর্ণ করে আসা। এবং কিতাবী ইস্তে‘দাদ তৈরির বিষয়ে মনোযোগী হওয়া। কোনো সবক যেন নিজের কাছে অস্পষ্ট না থাকে, সে বিষয়ে পূর্ণ সচেতন হওয়া। কোথাও কোনো অস্পষ্টতা অথবা প্রশ্ন থাকলে হল্ করে নেওয়া। নেগরান উস্তাযের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। তাঁর কাছে যাওয়া-আসা করা। আপনি কিতাব বুঝতে পারছেন কি না, সবক আত্মস্থ হচ্ছে কি না নেগরান উস্তাযকে বিষয়গুলো যাচাইয়ের দরখাস্ত করা।

এ বিষয়গুলো একজন তালিবুল ইলমের জন্য অনেক জরুরি; বরং বলা যায় ভিত্তিস্বরূপ। এগুলোতে যদি কোনো ঘাটতি থেকে যায়, পরবর্তীতে তা শোধরানো অনেক দুঃসাধ্য ব্যাপার।

শেয়ার লিংক

ইবনে উসমান - মাদানী নগর

প্রশ্ন

হযরত, আমি গত বছর খুছূছী পড়েছি। উর্দূ ভাষা আমার প্রায় আয়ত্ত হয়েছে। কিছু দুর্বলতা রয়ে গেছে। যার কারণে উর্দূ বয়ান শুনলে কিছু কিছু জায়গা বুঝে আসে না। আমি চাই, উর্দু ভাষাকে বাংলা ভাষার মতো বানাতে, যেন উর্দূ বয়ান ভালোভাবে বুঝি। উর্দূ কিতাব ভালোভাবে বুঝি। এবং উর্দূতে অনর্গল কথা বলতে পারি। কীভাবে এ যোগ্যতা অর্জন করতে পারব?

উত্তর

উপরিউক্ত প্রশ্নের উত্তরটি মনোযোগ দিয়ে পড়ুন। আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন।

শেয়ার লিংক

আলমুহারিব - দিনাজপুর

প্রশ্ন

আমি এই বছর তাইসীর জামাত সম্পন্ন করেছি। এখন মীযানে ওঠার আগে আমি আরবী পড়তে চাচ্ছি। এখন আমার জন্য মীযান পড়া ভালো হবে, নাকি আরবী পড়লে ভালো হবে; দয়া করে আমাকে উত্তম ও সঠিক পরামর্শ দিয়ে বাধিত করবেন।

উত্তর

আমি তো এ দুইয়ের মাঝে কোনো বৈপরীত্য দেখছি না। আপনি মীযান জামাতে ভর্তি হলেও আপনার নেসাবে আরবী শেখার কিতাব পাবেন। এমনকি الطريق إلى العربية কিতাবটিও পাবেন। আল্লাহ তাআলা আপনার সহায় হোন।

শেয়ার লিংক