রাফি - ঢাকা
৭০২৪. প্রশ্ন
আমার জুতা ছিঁড়ে গেছে, তা দেখে আমার একজন উস্তায জুতা কেনার জন্য আমাকে পাঁচ শ টাকা দেন। এদিকে জুতা কেনার আগেই এক সাথি ভাই আমাকে এক জোড়া জুতা হাদিয়া দেন।
জানার বিষয় হল, হুজুরের দেওয়া টাকাটা কি এখন হুজুরকে ফিরিয়ে দিতে হবে, নাকি আমি তা আমার অন্য প্রয়োজনে খরচ করতে পারব?
উত্তর
আপনার হুজুর জুতা কেনার উদ্দেশ্যে ওই টাকা আপনাকে দিলেও ওই টাকা গ্রহণ করার পর আপনি এর পূর্ণ মালিক হয়ে গেছেন। ওই টাকা আপনার অন্য প্রয়োজনে খরচ করারও সুযোগ আছে। তবে বাস্তবেই গ্রহীতার বিশেষ কোনো প্রয়োজনের উদ্দেশ্যে কেউ কোনো হাদিয়া দিলে নৈতিকতার দাবি হল, তা সেই প্রয়োজনেই ব্যয় করা। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে, আপনার উস্তাযকে বিষয়টি জানিয়ে দেওয়া।
* >المبسوط< للسرخسي ১২/৯৬: وإن قال: داري هذه لك عمرى تسكنها، وسلمها إليه فهي هبة؛ لأن قوله: تسكنها، ليس بتفسير لقوله: عمرى، فالفعل لا يصلح تفسيرا للاسم، ولكنه مشورة أشار عليه في ملكه، فإن شاء قبل مشورته وسكنها، وإن شاء لم يقبل.
—আলজামিউস সগীর, পৃ. ৪৩৭; তুহফাতুল কাহা ৩/১৬১; বাদায়েউস সানায়ে ৫/১৬৭; মিরাজুদ দিরায়া ৭/১৭৩; আদ্দুররুল মুখতার ৫/৬৮৯