মুহাম্মাদ ফেরদাউসুর রহমান - মাদারীপুর সদর
৭০২২. প্রশ্ন
আমরা যারা প্রবাসে আছি আমাদের অনেকের মুদি দোকানে চাকরি করতে হয়। সেখানে বাধ্য হয়ে মদও বিক্রি করতে হয়। জানার বিষয় হল, এখান থেকে আমাদের যে ইনকাম হয়, তা কি হালাল হবে?
উত্তর
মদ পান করা যেমন হারাম। তেমনি মদ বিক্রি করাও হারাম।
হাদীস শরীফে এসেছে, আনাস রা. বলেন—
لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيْ الْخَمْرِ عَشَرَةً: عَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَشَارِبَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَآكِلَ ثَمَنِهَا، وَالْمُشْتَرِيْ لَهَا، وَالْمُشْتَرَاة لَه.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ক্ষেত্রে দশ শ্রেণির লোকদের প্রতি লানত করেছেন। (তারা হল) মদ প্রস্তুতকারী, যে তা প্রস্তুত করতে বলে, মদ পানকারী, তা বহনকারী, যার কাছে মদ বহন করে নেওয়া হয়, যে তা অন্যকে পান করায়, মদ বিক্রেতা, মদ বিক্রির মূল্য ভক্ষণকারী, যে মদ ক্রয় করে এবং যার জন্য তা ক্রয় করা হয়। (জামে তিরমিযী, হাদীস ১২৯৫)
তাই যথাসম্ভব এমন দোকানে কাজ করা থেকে বিরত থাকতে হবে, যেখানে বৈধ মালামাল বিক্রির পাশাপাশি মদও বিক্রি করতে হয়। যদি মদ বিক্রির দায়িত্ব এড়িয়ে ওই সব দোকানে কাজ করা সম্ভব হয়, তাহলে করবে। অন্যথায় অন্য কোনো বৈধ কাজের জন্য চেষ্টা চালিয়ে যাবে। আর যতদিন বাধ্য হয়ে এ চাকরিতে থাকবে, ততদিন বেতনের কিছু অংশ সওয়াবের নিয়ত ছাড়া দরিদ্রদের সদকা করে দেবে।
* كتاب >الأصل< ২/৫১৫: وإذا اشترى النصراني أو الرجل من أهل الذمة الخمر من الرجل المسلم، فذلك باطل لا يجوز، وكذلك لو باع الكافر من مسلم خمرا لم يجز ذلك... لا تحل الخمر لمسلم، ولا يحل بيعها، ولا أكل ثمنها، بلغنا نحو من ذلك عن رسول الله صلى الله عليه وسلم.
—সহীহ মুসলিম, হাদীস ১৫৭৯; আলমাবসূত, সারাখসী ১৩/১৩৭; ফাতাওয়া খানিয়া ৩/১১৬; আলমুহীতুল বুরহানী ১১/৩৪৫; মাজমাউল আনহুর ৪/১৮৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪৯