আবদুর রহমান - চকরিয়া, কক্সবাজার
৭০২১. প্রশ্ন
ঘুষের টাকা দিয়ে কোনো হালাল ব্যাবসা করলে তার প্রফিট কি হালাল হবে? আমি ১০ কোটি ঘুষের টাকা দিয়ে জমি কিনে তা থেকে ৩০টা ফ্ল্যাট থেকে ২০টা পেয়েছি জমির মালিক হিসেবে। বাকি ১০টা ডেভেলপারের। আমি যদি এখন ৩টা ফ্ল্যাট বিক্রি করে ১০ কোটি টাকা সদকা করি বা যার থেকে ঘুষ নিয়েছি তাকে ফেরত দেই, তাহলে কি আমার বাকি ১৭টা ফ্ল্যাট হালাল হবে?
উত্তর
ঘুষের টাকা সম্পূর্ণ হারাম। এ টাকা কোনো ব্যাবসায় খাটালে তা থেকে প্রাপ্ত আয় বা মুনাফাও হারাম। সুতরাং ঘুষের ওই টাকা থেকে ক্রয়কৃত জমির ওপর নির্মিত ফ্ল্যাট যেহেতু হারাম উপার্জনেরই অংশ, তাই এ থেকে অংশবিশেষ বিক্রি করে তা থেকে প্রাপ্ত টাকা ঘুষদাতাকে ফেরত দিলে অবশিষ্ট সম্পদ হালাল হয়ে যাবে না।
আপনি উক্ত ফ্ল্যাটগুলো বৈধ উপায়ে ভোগ করতে চাইলে গৃহীত ঘুষের মূল টাকা ঘুষদাতাকে আপনার বৈধ উপার্জন/সম্পদ থেকে ফেরত দিতে হবে। আর ফ্ল্যাটের অতিরিক্ত যে মূল্য হবে, তাও আপনার বৈধ উপার্জন থেকে সওয়াবের নিয়ত ছাড়া দরিদ্রদের সদকা করতে হবে। এরপর আপনি এই ফ্ল্যাটগুলো ভোগ করতে পারবেন। আর হারাম টাকা গ্রহণ ও ভোগ করার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা-ইস্তেগফারও করবেন।
* >الجامع الصغير< ص ৪৬৭: رجل غصب ألفا واشترى بها جارية، فباعها بألفين، واشترى بألفين جارية، فباعها بثلاثة آلاف، فإنه يتصدق بجميع الربح.
—সুনানে আবু দাউদ, হাদীস ৩৫৭৫; কিতাবুল আছল ১২/১২৯; বাদায়েউস সানায়ে ৬/১৪৯; আলআশবাহ ওয়ান নাযায়ের, পৃ. ১৭৮; আদ্দুররুল মুখতার ৬/১৮৯