সালেহা বেগম তুলা - গোপালগঞ্জ
৭০১৯. প্রশ্ন
আমাদের এলাকায় একাধিক মসজিদ রয়েছে। এক কিলোমিটারের মধ্যে চার-পাঁচটি মসজিদ। সবগুলোই প্রশস্ত এবং সরকারি কার্যালয় অথবা ওয়াকফকৃত জায়গায় প্রতিষ্ঠিত। পাঁচ ওয়াক্ত নামাযে প্রায় সবগুলো মসজিদেই অল্প সংখ্যক মুসল্লী হয়। জুমার নামাযেও জায়গার সংকট হয় না। তথাপি একই এলাকায় এক ব্যক্তি তাদের বংশের লোকদের অভিপ্রায়ে সম্মিলিত জমিতে নতুন মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছেন। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন—
১. যে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন।
২. কাছাকাছি একটি মসজিদ তৈরি করা। যাতে মুসল্লীদের সামান্য দূরের (১০০-২০০ মিটার বা কমবেশি) মসজিদে কষ্ট করে যেতে না হয়।
একজন বলেছেন, এসব কারণে মসজিদ বানানো শরীয়ত অনুমোদন দেয় না। প্রয়োজন নেই এমন স্থানে মসজিদ বানানো জায়েয নেই। কারণ তাতে মুসল্লীদের মধ্যে বিভেদ তৈরি হয়। তার দাবি, মসজিদ বানাতে হলে আগে শরয়ীভাবে সেই স্থানে মসজিদের প্রয়োজন আছে কি না— তা প্রমাণ করতে হবে। ব্যক্তির যেখানে ইচ্ছা সেখানেই মসজিদ বানানো যাবে না। বানালে তা ‘মসজিদে যিরার’ বা ক্ষতিকর মসজিদ বলে গণ্য হবে এবং তাতে নামায হবে না। যদি কেউ মসজিদ বানানোর ফযীলত পেতে চায়, তাহলে তার উচিত, যেখানে মসজিদ প্রয়োজন সেখানে মসজিদ বানানো। নিজের ইচ্ছামতো কোথাও নয়।
এই ব্যক্তির কথা কি সঠিক? উপরিউক্ত হালতে এ রকম মসজিদ বানানোর শরয়ী হুকুম কী?
উত্তর
আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ বানানো বড় ফযীলতের কাজ। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ মসজিদ বানালে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানানোর কথা হাদীস শরীফে বর্ণিত হয়েছে। তবে মসজিদ এমন স্থানে বানানো কর্তব্য, যেখানে মসজিদের বাস্তব প্রয়োজন রয়েছে। কোনো এলাকায় যথেষ্ট সংখ্যক মসজিদ থাকা সত্ত্বেও বিনা প্রয়োজনে শুধু ফযীলতের কথা চিন্তা করে বা মুসল্লীদের সামান্য হাঁটার দূরত্ব কমানোর কথা চিন্তা করে নতুন মসজিদ বানানো শরীয়তে কাম্য নয়।
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের এলাকায় যেহেতু স্বল্প দূরত্বে বেশ কয়েকটি মসজিদ আছে, তাই সেখানে নতুন করে আরেকটি মসজিদ বানানো সমীচীন হবে না। মসজিদ বানাতে চাইলে এমন এলাকা নির্বাচন করা উচিত, যেখানে বাস্তবে মসজিদের প্রয়োজন রয়েছে।
আর উক্ত মসজিদ বানানোকে কেন্দ্র করে প্রশ্নোক্ত ব্যক্তি যে বলেছেন, ‘ব্যক্তির ইচ্ছাতে যেখানে ইচ্ছা মসজিদ বানালে তা মসজিদে যিরার বা ক্ষতিকর মসজিদ বলে গণ্য হবে’— এ কথা ঠিক নয়। প্রয়োজন না থাকা সত্ত্বেও পাশাপাশি মসজিদ বানানো শরীয়তে কাম্য না হলেও কেউ এমন জায়গায় মসজিদ বানিয়ে নিলে সেটিও শরয়ী মসজিদ গণ্য হবে। অন্য সকল মসজিদের ন্যায় এটিকেও আবাদ রাখা ও তার আদব বজায় রাখা জরুরি। ‘তাতে নামায হবে না’— এ কথা সম্পূর্ণ ভুল।
* >مرقاة المفاتيح< ২/৩৯৩: وحكمة أمره لأهل كل محلة ببناء مسجد فيها، أنه قد يتعذر أو يشق على أهل محلة الذهاب للأخرى، فيحرمون أجر المسجد وفضل إقامة الجماعة فيه، فأمروا بذلك ليتيسر لأهل كل محلة العبادة في مسجدهم من غير مشقة تلحقهم، وقال البغوي: قال عطاء: لما فتح الله تعالى على عمر رضي الله عنه الأمصار، أمر المسلمين ببناء المساجد، وأمرهم أن لا يبنوا مسجدين يضار أحدهما الآخر، ومن المضارة فعل تفريق الجماعة إذا كان هناك مسجد يسعهم، فإن ضاق سن توسعته أو اتخاذ مسجد يسعهم.
—আহকামুল কুরআন, জাস্সাস ২/১৫৭; তাফসীরে বাগাবী ২/৩৮৮; ফাতহুল ইলাহ, ইবনে হাজার হাইতামী ৩/২২০; তাফসীরে রূহুল মাআনী ১১/২১