জুমাদার আখিরাহ ১৪৪৮ || নভেম্বর ২০২৬

আহমাদ ইসমাইল - শনির আখরা, ঢাকা

৭০১৬. প্রশ্ন

এক ব্যক্তির তিনজন স্ত্রী। প্রতিবেশী এক শিশু ছোট স্ত্রীর দুধ পান করেছে। এখন দুধপানকারী শিশু কি ওই ব্যক্তির বাকি দুই স্ত্রীর সাথে এবং তার থেকে বাকি দুই স্ত্রীর গর্ভজাত মেয়েদের সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে?

উত্তর

শিশুটি ওই মহিলার দুধ পান করার দ্বারা তার স্বামী শিশুটির দুধ-পিতা সাব্যস্ত হয়েছে। আর নিজের পিতার অন্যান্য স্ত্রী এবং তার থেকে অন্য স্ত্রীদের গর্ভজাত সন্তানদের মতো দুধ-পিতার অন্যান্য স্ত্রী এবং তার অন্য স্ত্রীদের গর্ভজাত সন্তানরাও মাহরামের অন্তর্ভুক্ত। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে তারা সকলেই শিশুটির মাহরাম হয়ে গেছে। শিশুটি বড় হওয়ার পর তাদের সাথে সে দেখা করতে পারবে; তাদের সাথে তার পর্দা করা জরুরি নয়।

* >شرح مختصر الكرخي< للقدوري ৪/১৮৯: وكذلك لو كان للرجل امرأتان فحملتا منه، وأرضعت كل واحدة منها صغيرا أجنبيا، فقد صارا أخوين من أب، فإن كانت إحداهما أنثى لم يجز لها أن تتزوج بالآخر؛ لأنه أخوها من أبيها.

—আলমাবসূত, সারাখসী ৩০/২৯৩; বাদায়েউস সানায়ে ২/৫৩৮, ৩/৩৯৭; আলমুহীতুল বুরহানী ৪/৯৪; আলইখতিয়ার ৩/১৩০; ফাতহুল কাদীর ৩/৩১২-৩১৩; আলবাহরুর রায়েক ৩/২২৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন