জুমাদার আখিরাহ ১৪৪৮ || নভেম্বর ২০২৬

মুনিরুল ইসলাম - ঢাকা

৭০১৫. প্রশ্ন

আমার ওপর যাকাত ফরয হয়েছে। আমি চাচ্ছি আমার যাকাতের টাকা দিয়ে আমাদের এলাকার একটি মাদরাসার কুতুবখানার জন্য কিতাব কিনে দেব।

আমার জানার বিষয় হল, এভাবে যাকাতের টাকা দিয়ে কিতাব কিনে দিলে কি যাকাত আদায় হবে?

উত্তর

না, যাকাতের টাকায় মাদরাসার কুতুবখানার জন্য কিতাব কিনে দিলে যাকাত আদায় হবে না। যাকাত আদায় হওয়ার জন্য যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিদেরকে যাকাতের অর্থের মালিক বানিয়ে দেওয়া শর্ত। মাদরাসার কুতুবখানায় কিতাব দিলে তা কোনো ব্যক্তির মালিকানায় যায় না; বরং তা মাদরাসার মালিকানায় থেকে যায়। ছাত্ররা কেবল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সাময়িক ব্যবহারের অধিকারী হয়।

কিতাব দেওয়ার মাধ্যমে যাকাত আদায় করতে চাইলে যাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র ছাত্রদেরকে কিতাবের মালিক বানিয়ে দিতে হবে; মাদরাসাকে নয়।

* >المبسوط< للسرخسي ২/২০২: قال: ولا يجزئ في الزكاة عتق رقبة ولا الحج ولا قضاء دين ميت ولا تكفينه ولا بناء مسجد، والأصل فيه: أن الواجب فيه فعل الإيتاء في جزء من المال، ولا يحصل الإيتاء إلا بالتمليك، فكل قربة خلت عن التمليك لا تجزئ عن الزكاة.

—ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৮০; বাদায়েউস সানায়ে ২/১৪২; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২০৮; আলবাহরুর রায়েক ২/২৪৩; রদ্দুল মুহতার ২/৩৪৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন