হানিফ - ঢাকা
৭০১৪. প্রশ্ন
আমাদের এলাকায় একটি বড় মসজিদ নির্মাণ করা হয়েছে। এখন এর একটি মিম্বার তৈরি করা হবে। মিম্বারটি কেমন হবে, কত তাক বা সিঁড়ি বিশিষ্ট হবে— তা নিয়ে আলোচনা হচ্ছে। অনেক মসজিদে দেখা যায় তিন সিঁড়ি বিশিষ্ট মিম্বার। আবার কিছু কিছু মসজিদে তিনের অধিক সিঁড়ির মিম্বার।
জানার বিষয় হল, এক্ষেত্রে শরীয়তের দিকনির্দেশনা কী? জানালে অনেক উপকার হবে।
উত্তর
মসজিদের মিম্বার তিন তাক বা তিন সিঁড়ি বিশিষ্ট হওয়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারটি তিন তাক বিশিষ্ট ছিল।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন—
وَكَانَ مِنْبَرُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَصِيْرًا، إِنَّمَا هُوَ ثَلَاثُ دَرَجَاتٍ.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারটি ছোট আকারের ছিল এবং তা তিন তাক বিশিষ্ট ছিল। (মুসনাদে আহমাদ, বর্ণনা ২৪১৯)
অবশ্য প্রয়োজনে মিম্বার তিন তাকের বেশি বানানো নাজায়েয বা নিষেধ নয়।
—মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৫২৪৪; ফাতহুল বারী ২/৪৬৩-৪৬৪; উমদাতুল কারী ৬/২১৫; রদ্দুল মুহতার ২/১৬১