নূরুল আমীন - জেদ্দা, সৌদি আরব
৭০১৩. প্রশ্ন
আমি সৌদি প্রবাসী। মাদরাসায় কয়েক জামাত পড়েছিলাম। তখন থেকেই জানি যে, নামাযে শব্দ করে কাঁদলে নামায ভেঙে যায়। কিন্তু সৌদিতে আসার পর যখন জামাতে শরীক হই, তখন অনেক সময় দেখি, কোনো কোনো ইমাম কবর, হাশর, হিসাব, জাহান্নামের আযাবের আয়াত পড়ে কাঁদেন। অনেক সময় মুসল্লীগণও পেছন থেকে কাঁদার শব্দ শুনতে পান। এক্ষেত্রে আমার মনে খটকা তৈরি হয়।
তাই জানতে চাচ্ছি, এক্ষেত্রে নামাযের হুকুম কী?
উত্তর
নামাযে পার্থিব কারণে, যেমন কোনো বিপদাপদ বা আনন্দ-বেদনায় শব্দ করে কাঁদলে নামায ভেঙে যায়। কিন্তু আল্লাহর মহব্বত ও ভয়, জান্নাত-জাহান্নামের স্মরণ বা তিলাওয়াতের সময় আয়াতের মর্ম উপলব্ধি করে কাঁদলে নামায নষ্ট হয় না। সাহাবায়ে কেরাম থেকে এমন ঘটনা বর্ণিত আছে।
আবদুল্লাহ বিন শাদ্দাদ রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন—
سَمِعْتُ نَشِيْجَ عُمَرَ وَأَنَا فِيْ آخِرِ الصُّفُوْفِ فِيْ صَلَاةِ الصُّبْحِ، وَهُوَ يَقْرَأُ: إِنَّمَا أَشْكُوْ بَثِّيْ وَحُزْنِيْ إِلَى اللهِ.
আমি ফজরের নামাযে শেষ কাতারে দাঁড়িয়ে উমর রা.-এর কান্না বিজড়িত আওয়াজ শুনেছি। তিনি তখন এই আয়াত তিলাওয়াত করছিলেন—
إِنَّمَا أَشْكُوْ بَثِّيْ وَحُزْنِيْ إِلَى اللهِ.
(মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩৫৮৫)
আপনি যে মাসআলাটি জেনে এসেছেন, তা প্রথম ক্ষেত্রে, অর্থাৎ পার্থিব কারণে শব্দ করে কাঁদার ক্ষেত্রে প্রযোজ্য। আখেরাতের স্মরণে কাঁদার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এক্ষেত্রে শব্দ করে কাঁদলেও ইমাম, মুসল্লী সকলের নামায আদায় হয়ে যাবে।
* >الجامع الصغير< ص ৯২: محمد عن يعقوب عن أبي حنيفة: في رجل أن في الصلاة أو تأوه أو بكى فارتفع بكاؤه، قال: إن كان من ذكر الجنة أو النار لم يقطعها، وإن كان من وجع أو مصيبة قطعها.
—ফাতাওয়া খানিয়া ১/১৩৬; আলগায়া, সারুজী ৪/৭৫; জামিউর রুমূয ১/১৮৭; মারাকীল ফালাহ, পৃ. ১৭৮; রদ্দুল মুহতার ১/৬১৯