ফিরোজ - পটুয়াখালী
৭০১১. প্রশ্ন
আমি এক মসজিদের ইমাম। অনেক সময় নামায পড়ানো অবস্থায় যখন রুকুতে যাই, বুঝতে পারি যে, নতুন কেউ জামাতে শরীক হওয়ার জন্য আসছে। তখন রুকু একটু লম্বা করি। তাসবীহ কয়েকবার বেশি পড়ি।
জানতে চাচ্ছি, আমার এই কাজ কি ঠিক?
উত্তর
আগত মুসল্লী যেন রুকু পেয়ে যায়— এ উদ্দেশ্যে ইমামের জন্য রুকু সামান্য লম্বা করা জায়েয আছে।
ইমাম শাবী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন—
إِذَا كُنْتَ إِمَامًا فَدَخَلَ إِنْسَانٌ وَأَنْتَ رَاكِعٌ، فانْتَظِرْهُ.
যখন তুমি নামাযে ইমামতি কর, আর তুমি রুকুতে থাকা অবস্থায় নতুন কোনো মুসল্লী আসার কথা বুঝতে পার, তখন তুমি রুকুতে তার অপেক্ষা কর। (যাতে সে রুকুতে শরীক হতে পারে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩৪১৬)
তবে এটি সকল মুসল্লীর জন্য প্রযোজ্য। কোনো বিশেষ ব্যক্তির প্রতি সম্মান ও মর্যাদা প্রদানের লক্ষ্যে তার জন্য ইমাম কর্তৃক রুকু লম্বা করা শরীয়তসম্মত নয়। এমনটি করা থেকে বিরত থাকতে হবে।
* >الفتاوى من أقاويل المشايخ< ص ৬২: وسئل أبو نصر عن الإمام إذا كان في الركوع، فسمع شخصا جائيا فيطول الركوع ليدرك الجائي الصلاة، هل يكره؟ قال: روي عن الشعبي أنه قال: لا بأس به مقدار تسبيحة أو تسبيحتين... قال الفقيه أبو الليث: إن كان الإمام عرف الجائي لا ينتظره؛ لأنه يشبه الميل إليه، وإن لم يعرف فلا بأس بذلك؛ لأن في ذلك إعانة منه على الطاعة.
—মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩৪১৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১০৮; হালবাতুল মুজাল্লী ২/১৫৭; আলবাহরুর রায়েক ১/৩৫১; রদ্দুল মুহতার ১/৪৯৪