জুমাদার আখিরাহ ১৪৪৮ || নভেম্বর ২০২৬

মাহবুব আলম - কুমিল্লা

৭০১০. প্রশ্ন

আমি সব সময় নামাযে দাঁড়ানোর আগে সতর্কতার সাথে প্যান্ট টাখনুর ওপরে উঠিয়ে নেই। কিন্তু একবার তাড়াহুড়োর কারণে প্যান্ট টাখনুর ওপরে ওঠাতে ভুলে যাই। পরে ওভাবেই নামায পড়ে ফেলি।

আমার প্রশ্ন হল, আমার ওই নামায কি আদায় হয়েছে?

উত্তর

আপনার ওই নামায আদায় হয়ে গেছে। তবে প্যান্ট টাখনুর নিচে থাকার কারণে নামায মাকরূহ হয়েছে। পুরুষের জন্য টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরা বড় গোনাহ। নামাযের ভেতরে যেমন নাজায়েয তেমনি নামাযের বাইরেও নাজায়েয।

হাদীস শরীফে এ ব্যাপারে কঠোর ধমকি এসেছে। এক হাদীসে এসেছে, আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الْإِزَارِ فَفِي النَّارِ.

পায়জামা-লুঙ্গির যে অংশ টাখনুর নিচে থাকবে, তা জাহান্নামে যাবে। (সহীহ বুখারী, হাদীস ৫৭৮৭)

তাই নামাযে এবং নামাযের বাইরে সর্বাবস্থায়ই তা থেকে বেঁচে থাকতে হবে।

নামাযের ভেতর যেমন আপনি টাখনুর ওপর প্যান্ট পরে থাকেন, তেমনি নামাযের বাইরেও টাখনুর ওপর প্যান্ট পরবেন। আর পূর্বের জন্য তওবা-ইস্তেগফার করবেন।

* >مرقاة المفاتيح< ২/৪৩৫: قال ابن الأعرابي: المسبل الذي يطول ثوبه ويرسله إلى الأرض، يفعل ذلك تبخترا واختيالا، اهـ. وإطالة الذيل مكروهة عند أبي حنيفة والشافعي في الصلاة وغيرها.

—সুনানে আবু দাউদ, হাদীস ৬৩৭, ৬৩৮; সুনানে কুবরা, বায়হাকী ২/২৪১; বযলুল মাজহুদ ৪/২৯৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন