জুমাদার আখিরাহ ১৪৪৮ || নভেম্বর ২০২৬

মুশফিক - নোয়াখালী

৭০০৯. প্রশ্ন

সিজদার মধ্যে আমার পা মাঝে মাঝে জমিন থেকে উঠে যায়। সেদিন একজন বলল যে, সিজদার মধ্যে পা উঠিয়ে রাখলে নামায হয় না।

আমার জানার বিষয় হল, তার ওই কথা কি ঠিক?

 

উত্তর

যদি পুরো সিজদার মধ্যে উভয় পা সমতল থেকে সম্পূর্ণ উঠিয়ে রাখে; দুই পায়ের কোনো অংশ সামান্য সময়ের জন্যও সমতলে লাগিয়ে না রাখে, তাহলে ওই সিজদা আদায় হবে না এবং নামাযও হবে না। কিন্তু যদি সিজদার মধ্যে কোনো এক পায়েরও কোনো অংশ কিছু সময়ের জন্য সমতলে লেগে থাকে, তাহলে ওই সিজদা আদায় হয়ে যাবে। তবে কোনো ওজর ছাড়া এমনটি করা যাবে না। বিনা ওজরে এভাবে অল্প সময়ের জন্যও কোনো পা উঠিয়ে রাখা মাকরূহ। সুন্নত তরীকা হল, সিজদার মধ্যে উভয় পা পুরো সময় সমতলে লাগিয়ে রাখা ও আঙুলসমূহ কিবলামুখী করে রাখা।

*>البحر الرائق< ১/৩১৮: وخرج أيضا بقولنا: (مما لا سخرية فيه) ما إذا رفع قدميه في السجود، فإنه لا يصح؛ لأن السجود مع رفعهما بالتلاعب أشبه منه بالتعظيم والإجلال، ويكفيه وضع أصبع واحدة، فلو لم يضع الأصابع أصلا ووضع ظهر القدم فإنه لا يجوز؛ لأن وضع القدم بوضع الأصبع، وإذا وضع قدما ورفع آخر جاز مع الكراهة من غير عذر، كما أفاده قاضي خان، وذهب شيخ الإسلام إلى أن وضعهما سنة، فتكون الكراهة تنزيهية، والأوجه على منوال ما سبق هو الوجوب، فتكون الكراهة تحريمية؛ لما سبق من الحديث.

—ফাতাওয়া খানিয়া ১/১২০; আলমুজতাবা, যাহেদী ১/২৩০; হালবাতুল মুজাল্লী ২/৭১; মাজমাউল আনহুর ১/১৪৬; শরহুল মুনইয়া, পৃ. ২৮৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন