সাব্বির আহমদ - মিরপুর ১২, ঢাকা
৭০০৩. প্রশ্ন
আমি একটি প্রতিষ্ঠানের ছোট-বড় কেনাকাটার দায়িত্বে আছি। সেখানে মাঝেমধ্যে পে-স্লিপ আর মূল খরচের মধ্যে পার্থক্য তৈরি হয়। যেমন, মিটিংয়ের জন্য খাবার নিয়ে এলাম। অর্ডার করে এডভান্স করার সময় যে টাকার বিল করেছে হোটেল থেকে, এর বাকি টাকা পরিশোধ করার সময় হোটেল থেকেই কিছু টাকা কম রাখা হয়। ধরুন, ১২ হাজার টাকা বিল করা ছিল; কিন্তু রাখল ১১ হাজার ৯ শত টাকা। এই বাড়তি ১০০ টাকা অফিস নেবে না। কারণ, বিলে ১২,০০০ টাকা লেখা। আর বিলে কাটাকাটি করা যাবে না। কারণ এতে অডিটে আপত্তি আসে। মাঝেমধ্যে এমন বাড়তি টাকা হাতে থাকে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে ইসলামের বিধান কী?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই টাকা যদি দোকান-কর্তৃপক্ষ আপনাকেই উদ্দেশ্য করে (টিপস বা বখশিশের মতো) দিয়ে থাকে; মোট মূল্য (Total Amount) থেকে ডিসকাউন্ট বাবদ কর্তন না হয়, তাহলে ওই টাকা আপনি চাইলে নিতে পারবেন এবং আপনার জন্য তা ভোগ করাও বৈধ হবে। এক্ষেত্রে তা প্রতিষ্ঠানে ফেরত দিতে হবে না। তবে সতর্কতার দাবি হল, ভবিষ্যতে দোকানিকে বলে দেওয়া যে, আপনারা পরে যে টাকা কম রাখবেন, তা আগেই বিলে ডিসকাউন্ট দিয়ে দেবেন। আমাকে আলাদাভাবে দেওয়ার দরকার নেই।
আর যদি এই টাকা মোট মূল্য থেকে ডিসকাউন্ট বা মূল্যছাড় ধরে ফেরত দেয়, তাহলে তা প্রতিষ্ঠানের; আপনার জন্য এই টাকা ভোগ করা বৈধ হবে না। বরং কোনোভাবে কর্তৃপক্ষকে তা পৌঁছে দেওয়ার বা প্রতিষ্ঠানের পক্ষে খরচ করার চেষ্টা করতে হবে। এর কোনোটাই সম্ভব না হলে দরিদ্রদের সদকা করে দেবেন।
—কিতাবুল আছল ১১/২৮৮; আলমুহীতুল বুরহানী ১২/১৯১, ১৫/৬৫; জামিউল ফুসূলাইন ২/৫২; ফাতহুল কাদীর ৬/৩৫৯; আদ্দুররুল মুখতার ৪/২৮৩, ৫/৯২