রবিউল আখির-জুমাদাল উলা ১৪৪৮ || অক্টোবর ২০২৬

সালমান - নোয়াখালী

৬৯৯৭. প্রশ্ন

আমি একজন ব্যবসায়ী। গত বছর মে মাস থেকে আমার যাকাত বর্ষ শুরু হয়। তখন আমার কাছে ছিল, চার লক্ষ টাকা। পরে ব্যবসায় উন্নতি হয়ে বর্ষ পূর্ণ হওয়ার সময় টাকা হয়, ছয় লক্ষ টাকা।

জানার বিষয় হল, বছরের মাঝখানে যে টাকা আয় হয়েছে, এর হিসাব কীভাবে করব?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যাকাত বর্ষ যেদিন পূর্ণ হবে সেদিন আপনার হাতে যত টাকা থাকবে, সে পুরো টাকার যাকাত আদায় করতে হবে। কেননা যাকাত আদায়ের জন্য প্রত্যেক টাকার ওপর এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয়; বরং যেদিন যাকাত বর্ষ পূর্ণ হবে, সেই দিন তার মালিকানায় যাকাতযোগ্য সম্পদ যাই থাকবে, এর পুরোটারই যাকাত দিতে হবে।

উল্লেখ্য, যাকাত হিজরী বর্ষ ও চান্দ্রমাস হিসাবে দিতে হয়। সৌর তথা ইংরেজি বর্ষ চান্দ্রবর্ষ থেকে বছরে ১১ দিন বড় হয়ে থাকে। তাই সে হিসাবে যাকাত দিলে আদায়কৃত যাকাত কম হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়টি লক্ষ রাখা আবশ্যক।

* كتاب >الأصل< ২/৮৯: قلت: أرأيت التاجر تصيبه في ماله الآفات، ثم يحول عليه الحول، وقد زادها له في سعر غلاء أو غير ذلك، فارتفع في يديه، فيزكيه، فهل يحط عنه من الزكاة شيء لما أصابته من الآفات؟ قال: يقوم ماله كله يوم حال عليه الحول، فيزكيه بقيمته يومئذ، لا ينظر إلى ما كان من نقصان فيه من قبل تلك الآفات ولا من زيادة.

—ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৯২; আলবিনায়া ৪/৭২; মাজমাউল আনহুর ১/৩০৭; আলবাহরুর রায়েক ২/২২২; আদ্দুররুল মুখতার ২/২৮৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন