আবদুল্লাহ - ঢাকা
৬৯৭৫. প্রশ্ন
আমার বাবা সোনালী ব্যাংকে চাকরি করেছেন। পাশাপাশি তিনি ব্যাবসাও করতেন। চাকরি এবং ব্যাবসার টাকার সাথে আরও কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়ে তিনি একটি বাড়ি নির্মাণ করেন। তবে বাড়িটির নির্মাণ ব্যয়ে চাকরির টাকাই বেশি পরিমাণে খরচ হয়েছে। লোন এবং ব্যাবসার টাকা ছিল অনেক কম। আর ব্যাংক লোনের টাকা তিনি পরবর্তী পেনশনের টাকা দিয়ে পরিশোধ করেছেন।
হুজুরের কাছে জানতে চাচ্ছি, এই বাড়ি থেকে যে ভাড়া আসে, তা কি আমার জন্য হালাল হবে?
উত্তর
ওই বাড়িটির নির্মাণ ব্যয়ের সিংহভাগ টাকাই যেহেতু আপনার বাবার ব্যাংকের বেতন-ভাতা ও ব্যাংক লোনের টাকার। আর অল্পকিছু টাকা ব্যাবসার আয়ের। তাই ওই বাড়িটি বৈধ সম্পত্তির অন্তর্ভুক্ত নয়। বৈধভাবে উক্ত বাড়ি ব্যবহার এবং এর ভাড়া ভোগ করতে চাইলে যে পরিমাণ হারাম টাকা (অর্থাৎ ব্যাংকের বেতন-ভাতা, পেনশন) তাতে ব্যয় করা হয়েছে, ওই পরিমাণ টাকা হালাল উপার্জন থেকে সদকা করে দিতে হবে। এরপর তার ব্যবহার ও আয় ভোগ করা বৈধ হবে। এক্ষেত্রে পুরো টাকা একসাথে সদকা করতে না পারলে সাধ্যানুযায়ী যা সম্ভব সদকা করতে থাকবে।
—সহীহ মুসলিম, হাদীস ১৫৯৮; আলমাবসূত, সারাখসী ১২/১৭২; শরহুল জামিইস সগীর, সদরুশ শহীদ, পৃ. ৫৩৫; আলমুলতাকাত ফিল ফাতাওয়া, পৃ. ২৬৮; তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৬১৯