আমির হোসেন - চুয়াডাঙ্গা
৬৯৬৬. প্রশ্ন
আমার এক নাতি মাদরাসায় পড়ে। তার ভর্তির জন্য আমি কি তাকে যাকাতের টাকা দিতে পারব? এতে কি আমার যাকাত আদায় হবে? অবশ্য তাদেরকে যাকাতের টাকার কথা জানানো হয় না। জানতে পারলে আমার মেয়ে হয়তো কষ্ট পাবে।
উত্তর
নিজ সন্তানের সন্তান (নাতি, নাতনি)-কে যাকাত দেওয়া যায় না। তাই নাতিকে যাকাতের অর্থ দিলে আপনার যাকাত আদায় হবে না। অতীতে এভাবে কোনো টাকা দিয়ে যাকাতের নিয়ত করে থাকলে সে পরিমাণ টাকা যাকাত হিসাবে উপযুক্ত ব্যক্তিদের আদায় করে দিতে হবে।
আপনি তার ভর্তির টাকা দিতে চাইলে যাকাত থেকে না দিয়ে সাধারণ দান হিসেবে দেবেন। এতে আপনি দ্বিগুণ সওয়াবের অধিকারী হবেন।
সালমান বিন আমের রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন—
اَلصَّدَقَةُ عَلَى الْمِسْكِيْنِ صَدَقَةٌ، وَهِيَ عَلَى ذِي الرَّحِمِ ثِنْتَانِ: صَدَقَةٌ وَصِلَةٌ.
দরিদ্রকে সদকা করলে তা কেবল সদকাই হয়। আর আত্মীয়কে দিলে তাতে রয়েছে দুটি সওয়াব, একটি হল সদকা এবং আরেকটি আত্মীয়তা রক্ষা। (জামে তিরমিযী, হাদীস ৬৫৮)
—আলজামিউস সগীর, পৃ. ১২২; আলমাবসূত, সারাখসী ৩/১১; বাদায়েউস সানায়ে ২/১৬২; আলমুহীতুল বুরহানী ৩/২১২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮; রদ্দুল মুহতার ২/২৫৮