রবিউল আউয়াল ১৪৪৮ || সেপ্টেম্বর ২০২৬

খাইরুল ইসলাম - চাঁদপুর

৬৯৬৫. প্রশ্ন

একজন হাফেয সাহেব তারাবীর নামাযে সিজদার আয়াতের আগের আয়াত পড়ে সিজদা করেছেন। এরপর সিজদার আয়াত পড়ে সঙ্গে সঙ্গে রুকু-সিজদা করে স্বাভাবিকভাবে নামায শেষ করেছেন।

জানার বিষয় হল, ওই নামায কি সহীহ হয়েছে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে সিজদার আয়াত তিলাওয়াত করার আগেই সিজদায়ে তিলাওয়াত করা নিয়ম পরিপন্থি হয়েছে এবং এর কারণে সাহু সিজদা আবশ্যক হয়েছিল। তাই এক্ষেত্রে নামায শেষে সাহু সিজদা না করে থাকলে তা ঠিক হয়নি। ভবিষ্যতে এমন ভুল হয়ে গেলে সাহু সিজদা করে নেবে।

আর এক্ষেত্রে ইমাম সিজদার আয়াতটি পড়ার পরই যেহেতু রুকুতে চলে গেছেন (এরপর দুই আয়াতের বেশি তিলাওয়াত করেননি), তাই ওই রাকাতের সিজদার মাধ্যমেই ইমাম-মুক্তাদী সকলের উক্ত সিজদায়ে তিলাওয়াত আদায় হয়ে গেছে।

উল্লেখ্য, নামাযে এভাবে সিজদায়ে তিলাওয়াত আদায় হয়ে গেলেও উত্তম ও যথার্থ পন্থা হচ্ছে, সিজদার আয়াত পড়ার পর পৃথক সিজদার মাধ্যমে তা আদায় করা।

কিতাবুল আছল ১/২১১; আলমাবসূত, সারাখসী ২/৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪০৩; মাজমাউল আনহুর ১/২৩৪; আদ্দুররুল মুখতার ২/১১২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন