মাকসুদ - নোয়াখালী
৬৯৫৭. প্রশ্ন
আমার কিছু হাঁস ছিল। এর মধ্য থেকে একটি হাঁস শিয়াল ধরে নিয়ে যায়। আনুমানিক তিন ঘণ্টা পর এক বাগানে গিয়ে দেখি, শিয়াল হাঁসের মাথাসহ গলা পর্যন্ত খেয়ে বাকি অংশ ফেলে গেছে। এরপর আমি সেটা জবাই না করে বাসায় এনে রান্না করে খেয়ে ফেলি।
আমার জানার বিষয় হল, হাঁসটি খাওয়া কি আমার জন্য ঠিক হয়েছে?
উত্তর
না, ওই হাঁসটি খাওয়া আপনাদের জন্য হালাল হয়নি। কেননা পশু-পাখির গোশত হালাল হওয়ার জন্য জীবিত থাকা অবস্থায় ‘বিসমিল্লাহ’ বলে শরীয়তসম্মত পদ্ধতিতে তা জবাই করা শর্ত। এভাবে অন্য কোনো প্রাণী কোনো পশু-পাখির গলা কেটে ফেললে তা হালাল হয়ে যায় না; বরং তাও হারাম।
কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন–
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ.
তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, সেই জন্তু, যার ওপর আল্লাহ ছাড়া অন্য কারও নাম উচ্চারণ করা হয়েছে এবং (হারাম করা হয়েছে) শ্বাসরোধে মৃত জন্তু, ওপর থেকে পতনে মৃত জন্তু, অন্য পশুর শিংয়ের আঘাতে মৃত জন্তু, হিংস্র পশুর খাওয়া জন্তু। তবে যা তোমরা (মরার আগে) জবাই করতে পেরেছ (তা হারাম নয়)। –সূরা মায়িদা (০৫) : ০৩
>تفسير القرآن الكريم< لابن كثير ৩/২২ : وقوله: {وَمَا أَكَلَ السَّبُعُ} أي: ما عدا عليها أسد أو فهد، أو نمر أو ذئب أو كلب، فأكل بعضها فماتت بذلك، فهي حرام وإن كان قد سال منها الدماء، ولو من مذبحها، فلا تحل بالإجماع.
–আহকামুল কুরআন, জাস্সাস ৩/৩০৫; কিতাবুল আছল ৫/৪০৩; শরহু মুখতাসারিল কারখী, কুদূরী ৬/২৭৯; বাদায়েউস সানায়ে ৪/১৫৭; আদ্দুররুল মুখতার ৬/২৯৪