তাসরীফ আকন্দ - জামালপুর সদর
৬৯৫৪. প্রশ্ন
বর্তমানে আমি একটা কোম্পানিতে Network Engineer (NOC) হিসেবে কর্মরত আছি এবং পড়াশোনা করছি কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টে।
আমার প্রশ্ন হচ্ছে, পড়াশোনা শেষ হলে আমি Cybersecurity Engineer হিসেবে জব করতে চাই। Cybersecurity sector -এ জবের ক্ষেত্রে সাধারণত ব্যাংক, ফিন্যান্সিয়াল কোম্পানিতে বেশি নিয়োগ দিয়ে থাকে। এখন যদি আমি ব্যাংকে Cybersecurity (Soc) Engineer হিসেবে জব করি এটা কি হালাল হবে? এই কাজের সাথে তো সুদি লেনদেনের কোনো সম্পর্ক নেই; বরং কাজ হল শুধু টেকনিক্যাল সিস্টেম দেখাশুনা করা।
আশা করি, সঠিক সমাধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।
উত্তর
সাইবার সিকিউরিটির মূল কাজ বৈধ হলেও সাইবার সিকিউরিটির ইঞ্জিনিয়ার হিসেবে ব্যাংকে চাকরি করা জায়েয হবে না। কেননা আপনার ওই সেক্টরের সাথে ব্যাংকের সুদি লেনদেনের সম্পৃক্ততা না থাকলেও আপনার বেতন-ভাতা ব্যাংকের উপার্জন থেকেই আসবে। আর ব্যাংকের উপার্জন ও আয় সুদের ওপর নির্ভরশীল।
কোনো চাকরি বা কাজ বৈধ হওয়ার জন্য কেবল মূল কাজটি বৈধ হওয়াই যথেষ্ট নয়; বরং কাজের পারিশ্রমিকও হালাল খাত থেকে আসা জরুরি। তাই সুদী লেনদেনের সাথে সম্পৃক্ততা নেই, এমন চাকরিও ব্যাংকের অধীনে করা জায়েয নয়।
–উয়ূনুল মাসায়িল, পৃ. ২২০; আলমুলতাকাত, পৃ. ২৬৮; আয্যাখীরাতুল বুরহানিয়া ৭/৩৩০; গমযু উয়ূনিল বাসায়ির ১/৩৪৫; রদ্দুল মুহতার ৫/৯৮; তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৬১৯