সফর ১৪৪৮ || আগস্ট ২০২৬

মাওলানা খাইরুল আলম - কালিয়াকৈর, গাজীপুর

৬৯৫২. প্রশ্ন

একটা গাড়ি ঠাকুরগাঁও থেকে ছেড়ে এসেছে। শেষ গন্তব্য গাবতলী। গাড়িটা যেহেতু কোম্পানিভুক্ত। তাই সিট আগে থেকে বুকিং হয়ে যায়। গাবতলী আসা পর্যন্ত নানা জায়গায় যাত্রীরা নেমে যান। তাতে অনেকগুলো সিট খালি হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, চন্দ্রা থেকে গাবতলী যাওয়ার জন্য সেই ফাঁকা সিটগুলোতে হেলপাররা যাত্রী ওঠায়। তাদের কাছ থেকে এক শ টাকা করে ভাড়া নেয়। এই টাকাগুলো সুপারভাইজার, হেলপার ও ড্রাইভারের পকেটে যায়। আমি অনেকবার সুপারভাইজারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তারাও নিশ্চিত করেছেন যে, এটা নিজেদের খরচ হিসেবে রাখেন।

এখন আমার জানার বিষয় হল, নিশ্চিতভাবে একথা জানার পরও যে, উক্ত ভাড়াগুলো সুপারভাইজার নিয়ে নেবে; কোম্পানির ফান্ডে যাবে না। এক্ষেত্রে কি আমরা দায়িত্বমুক্ত হব?

এছাড়া অনেক সময় গাড়িতে সিট খালি থাকে না। তা সত্ত্বেও হেলপাররা যাত্রী উঠিয়ে গাড়ির এখানে-ওখানে নানা জায়গায় বসিয়ে গন্তব্যে নিয়ে যান। তাদের কাছ থেকে ভাড়া নিয়ে নিজেদের পকেটে রাখেন। সেক্ষেত্রেও কি যাত্রীরা দায়িত্বমুক্ত হবে?

উক্ত মাসআলাটি জানিয়ে বাধিত করবেন।

উত্তর

যেসব পরিবহণে মালিকপক্ষ থেকে লোকাল যাত্রী বা টিকিটবিহীন যাত্রী ওঠানো নিষেধ, সেসব পরিবহণের গাড়িতে হেলপার, সুপারভাইজার, চালক কারও জন্যই লোকাল বা টিকিটবিহীন যাত্রী ওঠানো জায়েয নয়। নিয়ম অমান্য করে কখনও লোকাল যাত্রী ওঠালেও তাদের থেকে প্রাপ্ত ভাড়া নিজেদের ভোগ করা বৈধ হবে না। কেননা এ টাকার মালিক তারা নয়; বরং এ টাকার মালিক গাড়ির মালিকপক্ষ। তাই এ টাকা তাদেরকে ফেরত দেওয়া জরুরি। স্বল্প দূরত্বের জন্যও লোকাল যাত্রী ওঠানো এবং ওই ভাড়া নিজেরা নিতে চাইলে মালিকপক্ষ থেকে সুস্পষ্ট অনুমতি নিতে হবে।

সুতরাং যেসব পরিবহণের ক্ষেত্রে বিষয়টি নিশ্চিতভাবে জানা থাকবে, কোনো লোকাল যাত্রীর জন্য জেনেশুনে তাতে বিনা টিকিটে আরোহণ করা বৈধ হবে না। কেননা এতে সে গুনাহের কাজে চালক ও হেলপারকে সরাসরি সহযোগিতা করছে। শুধু তাই নয়, বিরতিহীন গাড়িতে এভাবে লোকাল যাত্রী ওঠানোর কারণে বেশি ভাড়া দিয়ে চলাচল করা দূর গন্তব্যের যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হয়। অবশ্য কোনো যাত্রীর যদি বিষয়টি জানা না থাকে, তবে সেক্ষেত্রে তার অন্যায় হবে না।

ফাতাওয়া খানিয়া ২/৩০২; আলমুহীতুল বুরহানী ১১/২৭৬; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৩০; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, মাদ্দাহ ৪২২, ৫৯৬; দুরারুল হুক্কাম ২/২৩৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন