মিসবাহ বিন শফি - রাজশাহী
৬৯৫১. প্রশ্ন
স্বামী স্ত্রীকে তিন তালাক দিয়েছে। কিন্তু স্বামীসহ কেউ এটাকে পাত্তা দিচ্ছে না। ছয় মাস যাবৎ একসাথে আছে এবং মেলামেশাও হচ্ছে।
স্ত্রী জানত যে, এটা হারাম হচ্ছে। কিন্তু স্বামী তাকে হালালই মনে করে। এখন স্ত্রী চাচ্ছে, শরীয়তের বিধান অনুযায়ী যা হুকুম, তাই করবে।
জানার বিষয় হল, এখন কি নতুন করে ইদ্দত পালন করতে হবে, না এই মুহূর্তেই কাউকে বিয়ে করতে পারবে?
উত্তর
তিন তালাক হয়ে যাওয়ার পর তালাকদাতা স্বামীর সাথে থাকা হারাম জানার পরও মহিলাটির তার সাথে থাকা, মেলামেশা করা ভয়াবহ গুনাহের কাজ হয়েছে। তার স্বামীর মাসআলাটি বাস্তবেই জানা না থাকলে, তার করণীয় ছিল বিষয়টি তাকে জানানো। প্রয়োজনে কোনো মুফতী বা ফতোয়া বিভাগের শরণাপন্ন হওয়া। এর কোনোটিই না করে নিজে জানার পরও উল্টো তার সাথে এতদিন থাকার কারণে মারাত্মক গুনাহ হয়েছে। তার ওপর জরুরি, এক্ষুনি তার থেকে আলাদা হয়ে যাওয়া এবং কায়মনোবাক্যে আল্লাহর দরবারে তওবা-ইস্তেগফার করা।
আর এতদিনে তার তালাকের ইদ্দত শেষ হয়ে গেলেও তার স্বামী যেহেতু মাসআলা না জেনে হালাল মনে করেই তার সাথে থেকেছে, তাই এক্ষেত্রে তার থেকে পৃথক হয়ে যাওয়ার পর মহিলাটির আরেকটি ইদ্দত (অর্থাৎ ঋতুমতী হলে পূর্ণ তিনটি ঋতুস্রাব আর অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়) অতিবাহিত হওয়া জরুরি। এই ইদ্দত শেষ হওয়ার পর মহিলাটি চাইলে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এর আগে তার জন্য অন্য কারও সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে না।
–আলমুহীতুল বুরহানী ৫/২৩৩; আলইয়ানাবী‘ ২/১৬৮; আলমুজতাবা, যাহেদী ৪/২৫২; আলগায়া, সারুজী ১৩/২৯৪; আলবাহরুর রায়েক ৪/১৪৬; আদ্দুররুল মুখতার ৩/৫২২