আবরার - কুমিল্লা
৬৯৪৭. প্রশ্ন
আমি একজন ব্যবসায়ী। ব্যাবসার প্রয়োজনে মাঝেমধ্যে আমাকে বিভিন্ন এলাকা সফর করতে হয়। এ সময় ফরয নামায কসর পড়লেও সুন্নত নামাযগুলো আমি গুরুত্বের সাথেই আদায় করে থাকি। কিন্তু সেদিন এক ভাই বললেন, সফর অবস্থায় নাকি সুন্নত নামায পড়া যায় না। এতে আমার মনে বেশ দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়।
তাই জানার বিষয় হল, উক্ত ব্যক্তির কথা কি সঠিক? সফর অবস্থায় সুন্নত নামায পড়া কি গুনাহ?
উত্তর
না, ওই লোকটির কথা ঠিক নয়। সফর অবস্থায় সুন্নত নামায পড়া যাবে না– এ ধারণা সম্পূর্ণই ভুল। সফর অবস্থায় তাড়াহুড়ো বা ক্লান্তি ইত্যাদির কারণে সুন্নতে মুআক্কাদা না পড়ার সুযোগ আছে। এক্ষেত্রে সুন্নত না পড়লে সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হবে না। কিন্তু মুসাফিরের জন্য স্বাভাবিক অবস্থায় সুন্নতে মুআক্কাদা পড়াই উত্তম।
ইবনে জুরাইজ রাহ. বলেন–
عَنْ عَطَاءٍ، قُلْتُ: إِذَا سَافَرْتُ، فَقَصَرْتُ الصَّلَاةَ، أُصَلِّي قَبْلَهَا إِنْ شِئْتُ أَوْ بَعْدَهَا؟ قَالَ: نَعَمْ، آخُذُ بِالرُّخْصَةِ وَالسُّنَّةِ فَأَقْصُرُ، ثُمَّ أُحِبُّ زِيَادَةَ الْخَيْرِ فَأَتَطَوَّعُ.
আমি আতা রাহ.-কে জিজ্ঞাসা করলাম, আমি যখন সফরে থাকি এবং নামায কসর করে পড়ি, তখন কি ফরযের পূর্ববর্তী কিংবা পরবর্তী সুন্নত নামাযগুলো পড়তে পারব?
তিনি বললেন, হাঁ (পারবে)। আমি তো রুখসত (ছাড়) ও সুন্নতের অনুসরণে কসর পড়ে থাকি। আর অধিক কল্যাণ লাভের আশায় সুন্নত নামাযগুলোও পড়ে থাকি। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ৪৪৫২)
–জামে তিরমিযী ১/৫৫৩; আলমাবসূত, সারাখসী ১/২৪৮; আততাজনীস ওয়াল মাযীদ ২/১৭০; মাজমাউল আনহুর ১/২৩৯; শরহুল মুনইয়া, পৃ. ৫৪৫; রদ্দুল মুহতার ২/১৩১