আব্দুল্লাহ - খুলনা
৬৯৪৩. প্রশ্ন
আমার জানার বিষয় হল, কুঁচে এবং ক্যাঙারু কি খাওয়া যাবে?
উত্তর
কুঁচে/কুঁচিয়া মাছের অন্তর্ভুক্ত। তাই তা খাওয়া নাজায়েয হবে না।
আর ক্যাঙারু হালাল প্রাণী। কেননা ক্যাঙারু তৃণভোজী একটি বন্য প্রাণী; গোশতভোজী বা হিংস্র নয়। নোংরা প্রাণীও নয়। ক্যাঙারুর পরিচিতি সম্পর্কে আধুনিক আরবী অভিধান معجم اللغة العربية المعاصرة-এ বলা হয়েছে–
حيوان نباتي يتغذى على الحشائش وأوراق الشجر، ينتشر في سهول أستراليا.
অর্থাৎ উদ্ভিদভোজী প্রাণী বিশেষ। যা তৃণলতা ও গাছের পাতা খায় এবং অস্ট্রেলিয়ার সমভূমিতে বিচরণ করে। (মু‘জামুল লুগাতিল আরাবিয়্যা আলমুআসিরা ৩/১৯৬৩)
এছাড়াও ‘ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা’, ‘আলমাওসূআতুল আরাবিয়্যা আলআলামিয়্যা’ এবং প্রসিদ্ধ আরবী অভিধান ‘আলমুনজিদ’-এর মধ্যে ক্যাঙারুর পরিচিতিতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাই হারাম বা নাজায়েয হওয়ার কোনো কারণ এই প্রাণীর মধ্যে পাওয়া যায়নি। সুতরাং তা খেতে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই।
* كتاب >الأصل< للشيباني ৫/৩৯৪ : قلت: أرأيت المارماهيج وما أشبهه من السمك والجري، هل ترى بأكله بأسا؟ قال: لا بأس بأكله.
* >البناية شرح الهداية< ১৪/৩৩৭: الجريث: السمك السود، والمارماهي: السمكة التي تكون في صورة الحية.
–আলমাবসূত, সারাখসী ১১/২২০; আলমুহীতুর রাযাবী ৬/২৭-৩১; বাদায়েউস সানায়ে ৪/১৪৪, ১৫১, ১৫১; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৮৯; মাজমাউল আনহুর ৪/১৬৩; আদ্দুররুল মুখতার ৬/৩০৭