মুহাররম ১৪৪৮ || জুলাই ২০২৬

জয়নুল আবেদিন - চট্টগ্রাম

৬৯৪২. প্রশ্ন

আমি কুরবানীর উদ্দেশ্যে গ্রামের এক ব্যক্তি থেকে একটি গরু এবং একটি ছাগল কিনি। কিন্তু কুরবানীর আগের দিন ছাগলটি মারা যায়। তাই আমি শুধু গরু দ্বারাই কুরবানী করি।

মুফতী সাহেবের কাছে জানতে চাই, আমি তো ছাগলটি কুরবানীর উদ্দেশ্যেই কিনেছিলাম। কিন্তু মারা যাওয়ার কারণে তা দ্বারা কুরবানী করতে পারিনি। এতে কি কোনো অসুবিধা হয়েছে? আমার কি মারা যাওয়া ছাগলটির পরিবর্তে আরেকটি ছাগল কুরবানী করা জরুরি?

উত্তর

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে মরে যাওয়া ছাগলটির পরিবর্তে আপনাকে আরেকটি কুরবানী করতে হবে না। কেননা একজনের ওপর কুরবানী কেবল একটিই ওয়াজিব। কেউ একাধিক পশু কুরবানী করলে একটি দ্বারা ওয়াজিব কুরবানী আদায় হয়, বাকিগুলো নফল হিসেবে গণ্য হয়।

অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে ক্রয়কৃত ছাগলটি মারা গেলেও গরুটির কুরবানী দ্বারাই আপনার ওয়াজিব কুরবানী আদায় হয়ে গেছে। ছাগলের পরিবর্তে আরেকটি কুরবানী করা আবশ্যক নয়।

* >المحيط البرهاني< ৮/৪৮১ : اشترى شاتين للأضحية، فضاعت إحداهما، فضحى بالثانية، ثم وجدها في أيام النحر، أو بعد أيام النحر، فلا شيء عليه، سواء كانت هي أرفع من التي ضحى بها أو أدون منها.

আলমুহীতুর রাযাবী ৬/৫৮; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০৬; রদ্দুল মুহতার ৬/৩৩৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন