ইবনে আনওয়ার - চাঁদপুর
৬৯৩৯. প্রশ্ন
আমার বড় ভাই বিবাহ করেছেন। তার স্ত্রীর পূর্বে একটি বিবাহ হয়েছিল। সেই পূর্বের স্বামীর ঔরসে তার একটি মেয়ে আছে।
এখন আমার প্রশ্ন হল, এই মেয়েটি কি আমার মাহরাম হবে, নাকি তার সাথে আমার পর্দা করতে হবে? তদ্রূপ সে আমার বাবার জন্যও মাহরাম হবে কি না? আমার বংশের পুরুষদের মধ্যে তার মাহরামদের তালিকা দিলে অনেক উপকার হবে।
উত্তর
ওই মেয়েটি কেবল আপনার ভাইয়ের মাহরাম। কিন্তু আপনি, আপনার বাবা– কেউই তার মাহরাম নন। কেননা সে আপনার ভাইয়ের সন্তান নয়; বরং তার স্ত্রীর আগের স্বামীর ঔরসজাত সন্তান। তাই মেয়েটির সাথে আপনাদের পর্দা করা জরুরি। শুধু নিজ স্ত্রীর সন্তান হিসেবে আপনার ভাই তার সাথে দেখা দিতে পারবে।
–সূরা নিসা (৪) : ২৩; কিতাবুল আছল ১০/১৮২, ১৮৫; শরহু মুখতাসারিল কারখী, কদূরী ৩/৩৮৫; আলগায়াহ, সারুজী ১০/১৮৪; তাবয়ীনুল হাকায়েক ২/৪৬২; আদ্দুররুল মুখতার ৩/৩১