মুহাররম ১৪৪৮ || জুলাই ২০২৬

মুশতাক আহমাদ - মুহাম্মদপুর, ঢাকা

৬৯৩৭. প্রশ্ন

স্বামী মারা গেলে স্ত্রী তাকে এবং স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবে কি না?

উত্তর

স্বামী মারা গেলে স্ত্রীর জন্য তাকে গোসল করানো জায়েয আছে।

আবদুল্লাহ ইবনে আবু বকর রা. বলেন

أَنَّ أَسْمَاءَ بِنْتَ عُمَيْسٍ امْرَأَةَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ غَسَّلَتْ أَبَا بَكْرٍ حِينَ تُوُفِّيَ.

আবু বকর সিদ্দীক রা.-এর ইন্তেকালের পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস রা. তাকে গোসল দিয়েছেন। (মুআত্তা ইমাম মুহাম্মাদ, বর্ণনা ৩০৩)

সুফিয়ান ছাওরী রাহ. বলেন

تُغَسِّلُ الْمَرْأَةُ زَوْجَهَا؛ لِأَنَّهَا فِيْ عِدَّةٍ مِنْهُ.

স্বামী ইন্তেকালের পর স্ত্রী তাকে গোসল দিতে পারবে। কেননা সে এখনও স্বামীর ইদ্দতের মধ্যে আছে। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৬১১৯)

তবে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিবে না। ইমাম শা‘বী রাহ. ও সুফিয়ান ছাওরী রাহ. বলেন

لاَ يُغَسِّلُ الرَّجُلُ امْرَأَتَه.

(স্ত্রী মারা গেলে) স্বামী তাকে গোসল দেবে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১০৯২)

উমর ইবনুল খাত্তাব রা. থেকেও অনুরূপ কথা বর্ণিত আছে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১০৯৪)

কিতাবুল আছার, ইমাম আবু ইউসুফ, বর্ণনা ৩৮৩; কিতাবুল আছল ১/৩৫৫, ৩৫৭; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/২০৫; মুখতারাতুন নাওয়াযিল ১/৪০২; আলবাহরুর রায়েক ২/১৭৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন