মুহাম্মাদ মামুন - কুমিল্লা
৬৯২৩. প্রশ্ন
আমার চোখের পাতার ভেতরে ফোসকার মতো কিছু একটা উঠেছে। বিভিন্ন ধরনের ড্রপ ব্যবহার করেছি। কিন্তু বিশেষ কোনো ফায়েদা হয়নি। একজন সুরমা ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। এরপর থেকে নিয়মিত সুরমা ব্যবহার করছি। আলহামদু লিল্লাহ ফায়েদাও পাচ্ছি। এ বছর আমার হজ্বের সফরে যাওয়ার কথা।
তাই জানতে চাই, ইহরাম অবস্থায় সুরমা ব্যবহারের বিধান কী? এ অবস্থায় কি আমি সুরমা ব্যবহার করতে পারব?
উত্তর
ইহরাম অবস্থায় সুগন্ধিমুক্ত সুরমা ব্যবহার করা জায়েয আছে।
আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন–
يَكْتَحِلُ الْمُحْرِمُ بِأَيِّ كُحْلٍ شَاءَ، مَا لَمْ يَكُنْ فِيْهِ طِيْبٌ.
অর্থাৎ ইহরাম অবস্থায় যে-কোনো সুরমা ব্যবহার করা যাবে, যদি তাতে সুগন্ধি না থাকে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৫০৮২)
কিন্তু সুরমা যদি সুগন্ধিযুক্ত হয়, তবে ইহরাম অবস্থায় তা ব্যবহার করা যাবে না।
* >المبسوط< للسرخسي ৪/ ১২৪ : ولا بأس بأن يكتحل المحرم بكحل ليس فيه طيب، فإن كان فيه طيب فعليه صدقة، إلا أن يكون كثيرا فعليه الدم.
–বাদায়েউস সানায়ে ২/৪১৮; আলমুহীতুল বুরহানী ৩/৪৩৭; আলমাসালিক ফিল মানাসিক ২/৭৪২; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৩১৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২৪১