সাকী আব্দুল্লাহ - শরীয়তপুর
৬৯১৫. প্রশ্ন
এক ব্যক্তি অন্য এক ব্যক্তির কাছে ১০ লক্ষ টাকায় একটি জমি বিক্রি করতে সম্মত হন। বায়না করার সময় ক্রেতা বিক্রেতাকে ৬ লক্ষ টাকা পরিশোধ করেন এবং স্ট্যাম্প পেপারে উভয় পক্ষ স্বাক্ষর করেন। স্ট্যাম্প পেপারে লেখা ছিল, অবশিষ্ট ৪ লক্ষ টাকা বিক্রেতা যখন ক্রেতাকে জমিটি পুরোপুরি বুঝিয়ে দেবেন (দলীল সম্পাদন করবেন), তখন পরিশোধ করা হবে।
চুক্তি সম্পাদনের পর থেকে ক্রেতা প্রায় দেড় বছর যাবৎ উক্ত জমিটি ব্যবহার করছেন। বায়না চুক্তি হওয়া সত্ত্বেও বিক্রেতা দেড় বছর ধরে ক্রেতাকে জমিটি দলীল করে বুঝিয়ে দিতে নানাভাবে টালবাহানা ও কালক্ষেপণ করছেন।
বর্তমানে জমির মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিক্রেতা এখন জমি দিতে চাচ্ছেন না। তিনি ক্রেতাকে পরিশোধিত ৬ লক্ষ টাকার সাথে অতিরিক্ত ৫০ হাজার টাকা লাভ দিয়ে বায়না চুক্তিটি বাতিল করে দিতে চাচ্ছেন।
এমতাবস্থায় শরীয়তের দৃষ্টিতে নিম্নোক্ত বিষয়গুলোর সমাধান জানতে চাই–
১. স্ট্যাম্প পেপারের লিখিত চুক্তিটি শরীয়তের দৃষ্টিতে চূড়ান্ত বিক্রয় চুক্তি হিসেবে গণ্য হবে, নাকি এটি কেবল একটি বায়না চুক্তি (وعد بالبيع)?
২. মূল্য পরিশোধের শর্ত পূরণের আগেই বিক্রেতার দেড় বছর টালবাহানা করা এবং মূল্য বৃদ্ধির কারণে চুক্তি বাতিল করতে চাওয়া শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে কি?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ক্রেতা যেহেতু উক্ত জমিটির বায়নামূল্য ৬ লক্ষ টাকা আদায় করে স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে জমিটি বুঝে নিয়েছেন, তাই এর দ্বারা ক্রেতা ওই জমিটির মালিক হয়ে গেছেন। এ ধরনের বায়না চুক্তি দ্বারা সরাসরি ক্রয়-বিক্রয় চুক্তি সম্পন্ন হয়ে যায়; এটি কেবল وعد بالبيع বা বিক্রয়ের প্রতিশ্রুতি নয়।
অতএব ক্রেতা যেহেতু ওই জমিটির মালিক হয়ে গেছেন, উপরন্তু তিনি জমিটির দখল বুঝে নিয়ে দেড় বছর যাবৎ ভোগও করে যাচ্ছেন, তাই এক্ষেত্রে বিক্রেতার দায়িত্ব হল, ক্রেতাকে অবিলম্বে জমিটির রেজিস্ট্রি বুঝিয়ে দেওয়া এবং অবশিষ্ট মূল্য তার থেকে গ্রহণ করা। কিন্তু তা না করে টালবাহানা করা এবং জমির দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতার অসম্মতিতে চুক্তিটি রহিত করতে চাওয়া নাজায়েয ও গুনাহের কাজ হচ্ছে। তার এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকা জরুরি। ক্রেতার সম্মতি ছাড়া বিক্রেতার জন্য এখন জমিটি তার থেকে ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই।
* كتاب >الحجة على أهل المدينة< ১/৭২৮ : محمد قال، قال أبو حنيفة، إذا تبايع الرجلان ولم يذكرا فيه خيارا، فقد وجب البيع حين عقداه، وإن لم يفترقا، ولا خيار لهما.
* كتاب >الأصل< ৪/৩২৩ : فلما وجب البيع وجب للبائع على المأمور ثمن ما اشترى منه، ووجب للمأمور على الآمر ما اشترى له.
–আলমুহীতুর রাযাবী ২/৩৫৫; বাদায়েউস সানায়ে ৪/৪৮২, ৫৯৭; আলইনায়া ৬/১১৪; আলবাহরুর রায়েক ৫/২৬২, ৬/১০১; আদ্দুররুল মুখতার ৪/৫০৪, ৫/১২১