যিলকদ ১৪৪৭ || মে ২০২৬

ইকরামুল হক - বি. বাড়িয়া

৬৯০৪. প্রশ্ন

আমার ছেলের মূত্রনালিতে সমস্যার কারণে ক্যাথেটার লাগানো হয়েছে। ক্যাথেটার লাগানো থাকলে যেহেতু এর নল সরাসরি মূত্রাশয়ের সাথে সংযুক্ত থাকে, তাই সব সময় ক্যাথেটারের ব্যাগে মূত্র জমা হতে থাকে।

জানার বিষয় হল, সে নামাযের জন্য কীভাবে পবিত্রতা অর্জন করবে?

উত্তর

ক্যাথেটারের নল দিয়ে যেহেতু তার অনবরত পেশাব বের হতে থাকে, তাই আপনার ছেলে শরীয়তের দৃষ্টিতে মাযূর। এ অবস্থায় তাকে প্রতি ওয়াক্তে একবার পবিত্রতা অর্জন করতে হবে। কোনো নামাযের ওয়াক্ত হওয়ার পর একবার ওযু করলে এই ওয়াক্তের মধ্যে ওযু ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া না গেলে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত তার ওযু বহাল আছে বলে ধর্তব্য হবে। ওয়াক্ত শেষ হওয়ার পর তার ওযুও শেষ হয়ে যাবে। এরপর তাকে পুনরায় ওযু করতে হবে। তবে ওযু করার পর কখনো তার থেকে ওযু ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া গেলে তার ওযু ভেঙে যাবে।

* >المبسوط< للسرخسي /১৩৯ : ثم حقيقة المعنى فيه أن الذي انفجر كان ساكنا حين توضأ، فيجعل بمنزلة ما لو لم يسكن أصلا، فتبقى طهارته ما بقي الوقت. ... وعلى هذا حكم المستحاضة والمبطون الذي لا ينقطع استطلاق بطنه، ومن به سلس البول أو سقوط الدود أو انفلات الريح.

শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ১/৪৮৬; বাদায়েউস সানায়ে ১/১২৬; আলইখতিয়ার ১/১০৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৪০; আদ্দুররুল মুখতার ১/৩০৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন