মুহাম্মাদ আবদুল্লাহ মাখদুম - বিজয়নগর, চট্টগ্রাম
৬৮৯৯. প্রশ্ন
এক লোক আমার থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছে। এর সিকিউরিটি হিসেবে তার ফ্ল্যাটটি আমার কাছে বন্ধক রাখে। তার সাথে এভাবে চুক্তি হয়েছে যে, আমার কাছে বন্ধক রাখার পরও ফ্ল্যাটটিতে সে তার পরিবারসহ থাকবে। বিনিময়ে সে আমাকে প্রতি মাসে ভাড়া দেবে।
জানতে চাই, এভাবে চুক্তি করা কি জায়েয হয়েছে?
উত্তর
প্রশ্নোক্ত চুক্তিটি সম্পূর্ণ নাজায়েয ও সুদী কাজ। কেননা এটি ঋণ দিয়ে ঋণগ্রহীতা থেকে ভাড়ার নামে অতিরিক্ত গ্রহণের চুক্তি। যা স্পষ্ট সুদ।
মুহাম্মাদ ইবনে সীরীন রাহ. বর্ণনা করেন–
ذُكِرَ لاِبْنِ مَسْعُودٍ أن رَجُلاً أَقْرَضَ رَجُلاً دَراهِمَ وَاشْتَرَطَ ظَهْرَ فَرَسِهِ، قَالَ: مَا أَصَابَ مِنْ ظَهْرِ فَرَسِهِ، فَهُوَ رِبًا.
এক লোক একজনকে ঋণ দিয়ে এই শর্তারোপ করে যে, সে ঋণগ্রহীতার ঘোড়ায় আরোহণ করবে। এ সম্পর্কে আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-কে জিজ্ঞেস করা হলে তিনি এর জবাবে বলেন, ঋণের বিনিময়ে সে যে ঋণগ্রহীতার ঘোড়ায় আরোহণ করেছে, তা সুদ হয়েছে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২১০৬৮)
অপর একটি বর্ণনায় এসেছে, হাকাম রাহ. বর্ণনা করেন–
عَنْ إبْرَاهِيمَ، قَالَ: كُلُّ قَرْضٍ جَرَّ مَنْفَعَةً، فَهُوَ رِبًا.
ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, ঋণ দিয়ে বাড়তি সুবিধা গ্রহণ করা হলে তা সুদের অন্তর্ভুক্ত। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২১০৭৮)
দ্বিতীয়ত, ফ্ল্যাটটির মালিক বন্ধকদাতা নিজেই। আর এক্ষেত্রে মালিকের কাছে মালিকের বস্তুই ভাড়া দেওয়া হচ্ছে। এটিও বাতিল চুক্তি। সুতরাং এই চুক্তিতে আবদ্ধ হওয়া আপনার জন্য জায়েয হবে না। লোকটিকে ঋণ দিতে চাইলে সওয়াবের আশায় সম্পূর্ণ সুদমুক্ত ঋণ দেবেন।
আর ঋণের সিকিউরিটি স্বরূপ ফ্ল্যাটটি বন্ধক নিতে চাইলে বন্ধক নিতে পারবেন। তবে বন্ধকি ফ্ল্যাট থেকে কোনো সুবিধা গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ নিজে তাতে থাকা, কাউকে ভাড়া দিয়ে ভাড়া ভোগ করা ইত্যাদি কোনো কিছু করা যাবে না।
হাঁ, বন্ধকদাতা মালিককে আপনি চাইলে তার থেকে কোনো ভাড়া না নিয়ে এমনিতেই থাকতে দিতে পারবেন। এতে আপনি সওয়াবের অধিকারী হবেন। এক্ষেত্রে বন্ধকের সুবিধা এই হবে যে, লোকটি ঋণের টাকা ফেরত না দিলে আপনি ফ্ল্যাট বিক্রি করে নিজ টাকা আদায় করে নিতে পারবেন।
* >الفتاوى التاتارخانية< ১৮/৫৬৩-৫৬৪: اعلم بأن عين الرهن أمانة في يد المرتهن، بمنزلة الوديعة. ... ثم الوديعة لا تودع ولا تعار ولا تؤاجر، كذلك الرهن ليس للمرتهن أن يؤأجر الرهن. ... وفي الملتقط: ولو آجره من الراهن فإجارة باطلة.
–শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ৩/১৪৯; খিযানাতুল আকমাল ৪/৪২১; ফাতাওয়া খানিয়া ৩/৬০২; আলবাহরুর রায়েক ৬/১২২; আদ্দুররুল মুখতার ৫/১৬৬, ৬/৫২২-৫২৩; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/২৩৬; রদ্দুল মুহতার ৬/৫১১