মুস্তাফিজ - ঢাকা
৬৮৯২. প্রশ্ন
অনেক মসজিদে রমযানে ইতিকাফের সময় নামাযের সময়টুকু ছাড়া ইতিকাফকারীগণ তাদের অবস্থানের অংশটুকু চাদর বা পর্দা দিয়ে ঢেকে রাখেন এবং সেই চাদর ঘেরা অংশে তারা অবস্থান করেন।
হুজুরের কাছে জানতে চাচ্ছি, এর হুকুম কী? এটি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত?
উত্তর
ইতিকাফের সময় মসজিদে নিজের অবস্থানের অংশ চাদর বা অন্য কিছু দিয়ে আবৃত করে রাখা জায়েয আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে এটি প্রমাণিত।
একটি হাদীসে এসেছে, উম্মুল মুমিনীন আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন–
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم‘ يَعْتَكِفُ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، فَكُنْتُ أَضْرِبُ لَهُ خِبَاءً، فَيُصَلِّي الصُّبْحَ ثُمَّ يَدْخُلُهُ.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং ইতিকাফের সময় (মসজিদে তার অবস্থানের জন্য) আমি তাঁবু স্থাপন করতাম। ফজর পড়ে তিনি ওই তাঁবুতে প্রবেশ করতেন। (সহীহ বুখারী, হাদীস ২০৩৩)
তবে লক্ষ রাখতে হবে, যাতে এর কারণে অন্য মুসল্লীদের কষ্ট না হয় এবং মসজিদের আদব পরিপন্থি কোনো কাজ না হয়। বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাযের সময় মুসল্লীদের নামায আদায়ে কোনো সমস্যা না হয়।
–মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৮০১৫; আলমুইয়াসসির শরহু মাসাবীহিস্ সুন্নাহ ২/৫৮৫; মিরকাতুল মাফাতীহ ৪/৪২৯; ফাতহুল মুলহিম ৩/১৯৮