যুবায়ের - জামালপুর
৬৮৮৮. প্রশ্ন
আমি ঘরে বিতিরের নামায পড়ছিলাম। পেছন থেকে আমার ভাই এসে আমাকে একটি কথা জিজ্ঞাসা করল। আমি মুখে কিছু না বলে সামান্য মাথা নেড়ে হাঁ-সূচক উত্তর দেই।
জানার বিষয় হল, নামাযের মধ্যে ইশারায় তার কথার উত্তর দেওয়ায় কি নামায ভেঙে গেছে?
উত্তর
আপনার ওই নামায আদায় হয়ে গেছে। পুনরায় পড়তে হবে না। মাথার দ্বারা সামান্য ওই ইশারার কারণে নামায নষ্ট হয়নি। তবে খুব বেশি ওজর ছাড়া নামাযে এ ধরনের কাজ থেকে বিরত থাকা কর্তব্য।
ইবনে জুরাইজ রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন–
قُلْتُ لِعَطَاءٍ: أَفَتَكْرَهُ كُلَّ شَيْءٍ مِنَ الْإِيمَاءِ فِي الْمَكْتُوبَةِ؟ إِذَا جَاءَ رَجُلٌ فَقَالَ: أَصَلَّيْتَ الصَّلَاةَ؟ كَرِهْتَ أَنْ أُشِيرَ إِلَيْهِ بِرَأْسِي؟ قَالَ: نَعَمْ، أَكْرَهُ كُلَّ شَيْءٍ مِنْ ذূلِكَ.
আমি তাবেয়ী আতা রাহ.-কে জিজ্ঞাসা করলাম, আপনি কি ফরয নামাযে যে-কোনো ইশারা অপছন্দ করেন? কোনো ব্যক্তি এসে আমাকে নামায পড়েছ কি না জিজ্ঞেস করলে আমি মাথার ইশারায় তার কথার উত্তর দেওয়াকে কি আপনি অপছন্দ করেন?
তিনি (আতা রাহ.) উত্তরে বললেন, হাঁ, আমি ইশারাকে অপছন্দ করি। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৩২৮৪)
–আলমুহীতুল বুরহানী ২/১৬৯; আলগায়া, সারুজী ৪/১৩৭; তাবয়ীনুল হাকায়েক ১/৩৯৫; হালবাতুল মুজাল্লী ২/৪১৩; শরহুল মুনইয়া, পৃ. ৪৪৩; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২৭২; ইলাউস সুনান ৫/৪০