ইয়াসিন - ঢাকা
৬৮৮১. প্রশ্ন
আমাদের গ্রামের একজন বলেছে, আকীকা সপ্তম দিনেই আদায় করতে হয়। এর পর করলে সেটা আকীকা হিসেবে আদায় হয় না; বরং সাদকা হয়ে যাবে।
আমার জানার বিষয় হল, সপ্তম দিনেই কি আকীকা করা সুন্নত? যদি সাত দিনের মধ্যে আকীকা করতে না পারে তাহলে অন্য কোনো সময় আদায় করলে কি তা আদায় হবে? দলীলসহ জানিয়ে বাধিত করবেন।
উত্তর
আকীকার সর্বোত্তম সময় সন্তান জন্মের সপ্তম দিন। তবে সন্তান জন্মের সপ্তম দিনের পর আকীকা করলেও তা আকীকা হিসেবেই আদায় হয়; সাধারণ সাদকা হিসেবে নয়। এক হাদীসে সপ্তম দিনের পরও আকীকা করার কথা উল্লেখ রয়েছে।
উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন–
وَلْيَكُنْ ذَاكَ يَوْمَ السَّابِعِ فَإِنْ لَمْ يَكُنْ فَفِي أَرْبَعَةَ عَشَرَ فَإِنْ لَمْ يَكُنْ فَفِي إِحْدَى وَعِشْرِينَ.
আকীকা সপ্তম দিন করবে। সপ্তম দিনে করা না গেলে চৌদ্দতম দিনে করবে। আর তাও না করা গেলে একুশতম দিনে করবে। (মুস্তাদরাকে হাকেম, বর্ণনা ৭৬৬৯)
ফকীহগণ বলেছেন, এভাবে পরবর্তীতে যে কোনো দিন আকীকা করলেও আকীকা আদায় হয়ে যাবে এবং সেক্ষেত্রে যথাসম্ভব সপ্তম দিনের খেয়াল করে যে বারে তার জন্ম এর আগের দিন করবে।
তবে আকীকার সর্বোত্তম সময় সন্তান জন্মের সপ্তম দিনই। হাদীস শরীফে সাধারণত সেই দিন আকীকার কথাই বর্ণিত হয়েছে। তাই বিশেষ কোনো ওজর না থাকলে আকীকা সন্তান জন্মের সপ্তম দিনই করে ফেলা উচিত।
উল্লেখ্য, আকীকার জন্য যিয়াফত বা উৎসব করার কিছু নেই; বরং আকীকার নিয়তে পশু জবাই দিলেই তা আদায় হয়ে যাবে।
* >العقود الدرية في تنقيح الفتاوى الحامدية< ২/২৩২ : ولو قدم يوم الذبح قبل يوم السابع أو أخره عنه جاز، إلا أن يوم السابع أفضل.
–জামে তিরমিযী, হাদীস ১৫২২; আসসিরাজুল ওয়াহ্হাজ ১১/৫৩৫; ফয়জুল বারী ৪/৩৩৭; তুহফাতুল মাওদূদ, পৃ. ৬৪; ইলাউস সুনান ১৭/১১৮; রদ্দুল মুহতার ৬/৩৩৬