রমযান ১৪৪৭ || মার্চ ২০২৬

আহমদ হাসান - ঢাকা

৬৮৭৮. প্রশ্ন

আমি একটি ব্যবসা পরিচালনা করি। ব্যবসাটা সম্পূর্ণ লিজিং পদ্ধতিতে হয়। আমি একজনের থেকে জমি লিজ নিয়ে আরেক জায়গায় লিজ দেই।

বিষয়টা ঠিক এরকম, আমি খালেদের উকিল হয়ে আরেক ব্যক্তির কাছ থেকে তার মালিকানাধীন জমি নগদ ১ লক্ষ টাকায় ১ বছরের জন্য খালেদের নামেই লিজ নিই। অতঃপর খালেদের কাছ থেকে সেই জমি আমি আমার জন্য বাকিতে ১ লক্ষ ১০ হাজার টাকায় ১ বছরের জন্য লিজ নিই। অতঃপর আমি এই জমিটিকে ১ লক্ষ ২০ হাজার টাকায় সম্পূর্ণ তৃতীয় আরেক ব্যক্তির কাছে বাকিতে ১ বছরের জন্য লিজ দেই। এখন তৃতীয় ব্যক্তি এক বছর ধরে চাষাবাদ করে সে আমাকে ১ লক্ষ ২০ হাজার টাকা পরিশোধ করে। আমি খালেদেকে ১ লক্ষ ১০ হাজার টাকা পরিশোধ করি।

এই ব্যবসা প্রক্রিয়া শরীয়তসম্মত কিনা?

উত্তর

প্রশ্নে আপনি যে লিজিং কারবারের বিবরণ দিয়েছেন, এতে খালেদ নামক প্রথম ব্যক্তি জমিটি লিজ নেওয়ার পর সে যদি তাতে কোনো সংস্কারমূলক কাজ না করে জমিটি যে অবস্থায় ভাড়া নিয়েছে সেভাবেই আপনার কাছে অতিরিক্ত ভাড়ার বিনিময়ে তা লিজ দেয় এবং আপনিও সংস্কারমূলক কোনো কাজ না করে এভাবেই তৃতীয় ব্যক্তির কাছে অতিরিক্ত ভাড়ার বিনিময়ে জমিটি লিজ দেন, তাহলে আপনাদের এই বাড়তি ভাড়ায় লিজ দেওয়া বৈধ হবে না। কেননা কোনো কিছু ভাড়া নিয়ে তাতে সংস্কারমূলক কোনো কাজ না করে সেটি যেভাবে ভাড়া নেওয়া হয়েছে সে অবস্থায়ই অন্যের কাছে বাড়তি ভাড়ায় লিজ দেওয়া জায়েয নয়; বরং তাতে ভাড়াগ্রহীতা সংস্কার/উন্নয়নমূলক কোনো কাজ করলে কেবল তখনই তার জন্য বাড়তি ভাড়া নেওয়া জায়েয হবে।

কাতাদা রাহ. বর্ণনা করেন

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَابْنِ عُمَرَ : أَنَّهُمَا كَانَا يَكْرَهَانِ إذَا اسْتَأْجَرَ الرَّجُلُ الشَّيْءَ أَنْ يُؤَاجِرَهُ بِأَكْثَرَ مِمَّا اسْتَأْجَرَهُ.

সাঈদ ইবনুল মুসায়্যিব ও আবদুল্লাহ ইবনে উমর রা. কোনো কিছু ভাড়া নেওয়ার পর তা বাড়তি ভাড়ায় (অন্যের কাছে) ভাড়া দেওয়াকে পছন্দ করতেন না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৩৭৬০)

ইমাম আবদুর রায্যাক রাহ. বলেন

أَخْبَرَنَا الثَّوْرِيُّ، وَسَأَلَهُ عَنِ الرَّجُلِ يَسْتَأْجِرُ ذَلِكَ، ثُمَّ يُؤَاجِرُهُ بِأَكْثَرَ مِنْ ذَلِكَ، فَقَالَ: أَخْبَرَنِي عُبَيْدَةُ عَنْ إِبْرَاهِيمَ، وَحُصَيْنٌ عَنِ الشَّعْبِيِّ، وَرَجُلٌ عَنْ مُجَاهِدٍ: أَنَّهُمْ كَانُوا يَكْرَهُونَهُ، إِلَّا أَنْ يُحْدِثَ فِيهِ عَمَلًا.

সুফিয়ান সাওরী রাহ.-কে জিজ্ঞাসা করা হল, কোনো কিছু ভাড়া নেওয়ার পর তা বাড়তি ভাড়ায় অন্যের কাছে ভাড়া দেওয়ার কী হুকুম?

তিনি বলেন, ইবরাহীম নাখায়ী, শাবী ও মুজাহিদ রাহ. তারা সকলে (কোনো কিছু ভাড়া নেওয়ার পর) তাতে (সংস্কারমূলক) কোনো কাজ না করে বাড়তি টাকায় ভাড়া দেওয়াকে পছন্দ করতেন না। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১৪৯৭১)

* كتاب >الأصل< ৩/৪২৮: محمد عن أبي يوسف عن حصين بن عبد الرحمن عن عامر الشعبي: أنه قال في رجل استأجر بيتا فآجره بأكثر مما استأجره، فقال عامر: لا بأس بذلك، إذا كان يفتح بابه ويغلقه ويخرج متاعه فلا بأس بالفضل. وقال أبو حنيفة: إذا أصلح في البيت شيئا فلا بأس بالفضل، وإن لم يصلح فيه شيئا بتطيين أو تجصيص أو لا يزيد فيه شيئا فلا خير في الفضل، ويتصدق به.

আলমাবসূত, সারাখসী ১৫/১৩০; খিযানাতুল আকমাল ৩/৮২; আয্যাখীরাতুল বুরহানিয়া ১১/৪৭৭; আলবাহরুর রায়েক ৭/৩০৪; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪২৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন