রমযান ১৪৪৭ || মার্চ ২০২৬

বায়েযীদ হাসান নাঈম - ফুলপুর, ময়মনসিংহ

৬৮৭৬. প্রশ্ন

একবার রাতে নফল তাওয়াফ করছিলাম। ছয় চক্কর তাওয়াফের পর আমার ইস্তেঞ্জার জরুরত হয়। তখন সাত চক্কর পূর্ণ করে ইস্তেঞ্জা করতে যাই। ওযু-ইস্তেঞ্জা থেকে ফারেগ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পুনরায় মাতাফে এসে দ্বিতীয় তাওয়াফ শুরু করি।

দ্বিতীয় তাওয়াফের দুই চক্কর দেওয়ার পর মনে পড়ে যে, প্রথম তাওয়াফের দুই রাকাত নামায পড়া হয়নি। কিন্তু যেহেতু দ্বিতীয় তাওয়াফ শুরু করে দিয়েছি, তাই এই তাওয়াফও পূর্ণ করি। তারপর দুই তাওয়াফের জন্য দুই-দুই করে চার রাকাত নামায পড়ি।

জানতে চাই, আসলে এক্ষেত্রে মাসআলা কী? তাওয়াফের দুই রাকাত না পড়ে কেউ যদি ভুলে দ্বিতীয় তাওয়াফ শুরু করে, তাহলে তার করণীয় কী?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে দ্বিতীয় তাওয়াফ পূর্ণ করে আগের তাওয়াফের নামায আদায় করা ঠিক হয়েছে। কেননা তাওয়াফ পরবর্তী দুই রাকাত নামাযের কথা ভুলে যদি কেউ আরেক তাওয়াফ শুরু করে দেয়, অতঃপর এক চক্কর বা এর বেশি পূর্ণ করার পর আগের তাওয়াফের নামাযের কথা মনে পড়ে, তাহলে নিয়ম হল, সে চলতি তাওয়াফটি পূর্ণ করে নেবে। অতঃপর উভয় তাওয়াফের নামায পড়ে নেবে। আর যদি পরবর্তী তাওয়াফের এক চক্কর পূর্ণ করার আগেই পূর্ববর্তী তাওয়াফের নামাযের কথা মনে পড়ে, তাহলে সে ওই তাওয়াফ পূর্ণ না করে আগে পূর্বের তাওয়াফের নামায পড়ে নেবে।

উল্লেখ্য, তাওয়াফের দুই রাকাত ওয়াজিব নামায তাওয়াফ শেষ করার পর বিলম্ব না করে আদায় করা, বিশেষ করে পরবর্তী তাওয়াফের আগে পড়ে নেওয়া সুন্নত। কোনো ওজর ছাড়া ইচ্ছাকৃত এক তাওয়াফের নামায না পড়ে আরেক তাওয়াফ আদায় করা মাকরূহ।

* >فتح القدير< ২/৩৬০: لو نسيهما، فلم يتذكر إلا بعد أن شرع في طواف آخر، إن كان قبل إتمام شوط رفضه. وبعد إتمامه لا، لأنه دخل فيه، فيلزمه إتمامه، وعليه لكل أسبوع منهما ركعتان.

আলমাবসূত, সারাখসী ৪/৪৮; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২৯৩; আলবাহরুল আমীক ২/১২৪৫, ১২১৪৭; মানাসিক, মোল্লা আলী কারী, পৃ. ১৬৬; রদ্দুল মুহতার ২/৪৯৯; গুনইয়াতুন নাসিক, পৃ. ১১৬-১১৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন