রমযান ১৪৪৭ || মার্চ ২০২৬

আশিকুল্লাহ - জয়দেবপুর, গাজীপুর

৬৮৭৫. প্রশ্ন

মুহতারাম, আমার বাবা প্রত্যেক বছর যে পরিমাণ যাকাত ওয়াজিব হয় তা আত্মীয়স্বজন ও গরিব লোকদের মাঝে ধীরে ধীরে পুরো বছরে আদায় করে দেন। এ বছর বাবার যাকাত এসেছে পঞ্চাশ হাজার টাকা। তিনি এ টাকাগুলো আলাদা করে রাখেন এবং এখান থেকে বিশ হাজার টাকা আদায় করে দেন। বাকি টাকাগুলো আদায় করার আগেই বাবার ইন্তেকাল হয়ে যায়। অবিশিষ্ট যাকাত আদায় করে দেওয়ার কথাও কাউকে বলে যেতে পারেননি।

জানার বিষয় হল, উক্ত টাকায় ওয়ারিশদের করণীয় কী? তা কি যাকাত হিসেবে আদায় করা জরুরি?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বাবার যাকাত হিসেবে এই টাকাগুলো সদকা করে দেওয়া আপনাদের ওপর জরুরি নয়। তবে আপনার বাবা যেহেতু যাকাত আদায়ের নিয়তে এই টাকাগুলো পৃথক করে সেখান থেকে যাকাত আদায় করে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে ইন্তেকাল করার কারণে বাকি টাকাগুলো সদকা করতে পারেননি। আর সেই পরিমাণ টাকা সদকা না করা হলে তার জিম্মায় এ পরিমাণ যাকাত অনাদায়ি থেকে যাবে, তাই এক্ষেত্রে আপনাদের জন্য তা আপনার বাবার পক্ষ থেকে যাকাতের নিয়তে সদকা করে দেওয়াই উত্তম হবে। যাতে করে তার অবশিষ্ট যাকাত আদায় হয়ে যায়।

অবশ্য ওয়ারিশদের কেউ অপ্রাপ্তবয়স্ক থাকলে তার অংশ থেকে সদকা করা যাবে না। তখন প্রাপ্তবয়স্ক ওয়ারিশগণ সেই অংশ তাদের থেকে দিবে।

* >الحجة على أهل المدينة< ১/২৯২ : قال أبو حنيفة في رجل هلك، ولم يؤد زكاة ماله، وقد وجبت عليه ... فإن لم يأمر بها الميت، ولم يوص بوصية، ففعل أهله ذلك، فهو أقرب إلى الصواب، وإن لم يفعلوا لم يلزمهم أن يفعلوا.

ফাতাওয়া খানিয়া ১/২৬৩; আলইখতিয়ার ১/৩৪৪; আলবাহরুর রায়েক ২/২১১; আননাহরুল ফায়েক ১/৪১৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন