আরশাদ - মিরপুর, ঢাকা
৬৮৭৩. প্রশ্ন
বিভিন্ন রোগের চিকিৎসায় আমার খালুর অনেক টাকা খরচ হয়ে যায়। এতে তিনি অনেক টাকা ঋণী হয়ে যান। তিনি এখন তেমন কোনো উপার্জনও করতে পারছেন না। এদিকে শৌখিন জীবনযাপনে অভ্যস্ত থাকায় হাতে টাকা এলেই ঋণ আদায় না করে নিজের কাজে খরচ করে ফেলেন। আমরা ঋণ আদায় করে দিতে চাইলে বলেন, আমার কাছে দাও। আমি আদায় করে দেব। কিন্তু পরে আর আদায় করেন না। তিনি এখন যাকাত গ্রহণের উপযুক্ত।
এখন আমরা চাচ্ছি, আমাদের যাকাতের টাকা থেকে তার ঋণগুলো তাকে না জানিয়ে পরিশোধ করে দেব।
জানার বিষয় হল, এভাবে যাকাত আদায় করলে কি আমাদের যাকাত আদায় হবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
না, তার সম্মতি না নিয়ে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দিলে এতে আপনাদের যাকাত আদায় হবে না; বরং যাকাতের টাকা দ্বারা যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তির ঋণ আদায় করতে চাইলে ঋণ পরিশোধ করার আগেই তার থেকে অনুমতি নেওয়া জরুরি। অবশ্য এক্ষেত্রে যাকাতের টাকা দ্বারা ঋণ আদায়ের কথা তাকে জানানো জরুরি নয়; বরং তার থেকে শুধু এতটুকু সম্মতি নিলেই হবে যে, তার অমুক ঋণ আপনারা আদায় করে দিচ্ছেন। এতেই আপনাদের যাকাত আদায় হয়ে যাবে।
* >فتح القدير< ২/২০৮: (قوله: لأن قضاء دين الغير لا يقتضي التمليك منه) ... ومحمل هذا أن يكون بغير إذن الحي، أما إذا كان بإذنه وهو فقير، فيجوز عن الزكاة، على أنه تمليك منه، والدائن يقبضه بحكم النيابة عنه، ثم يصير قابضا لنفسه.
–ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৮০; ফাতাওয়া খানিয়া ১/২৬৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৩; তাবয়ীনুল হাকায়েক ২/১২১; আলবাহরুর রায়েক ২/২৪৩