শাব্বির - পঞ্চগড় সদর, পঞ্চগড়
৬৮৭১. প্রশ্ন
গত রমযানে একদিন আমরা দুই ভাই রাস্তা দিয়ে কথা বলতে বলতে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশের খেত থেকে একটি ছোট পোকা এসে আমার মুখে ঢুকে যায়। সাথে সাথেই গলা পর্যন্ত চলে যায়। অনেক চেষ্টা করেও বের করতে পারিনি। পরে তা পেটে চলে যায়।
জানার বিষয় হল, এতে কি আমার রোযাতে কোনো সমস্যা হয়েছে?
উত্তর
না, এ কারণে আপনার রোযার কোনো ক্ষতি হয়নি। তা আদায় হয়ে গেছে। কোনো পোকা, মশা-মাছি ইত্যাদি অনিচ্ছাকৃত গলার ভেতর চলে গেলে রোযা নষ্ট হয় না।
মুজাহিদ রাহ. থেকে বর্ণিত–
عَنِ ابْنِ عَبَّاسٍ؛ فِي الرَّجُلِ يَدْخُلُ حَلْقَهُ الذُّبَابُ، قَالَ : لاَ يُفْطِرُ.
(রোযা অবস্থায়) কারও গলায় মাছি চলে গেলে এ সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, এতে তার রোযা ভাঙবে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৯৮৮৬)
* >بدائع الصنائع< ২/২৩৮ : ولو دخل الذباب حلقه لم يفطره؛ لأنه لا يمكنه الاحتراز عنه، فأشبه الناسي، ولو أخذه فأكله فطره؛ لأنه تعمد أكله، وإن لم يكن مأكولا، كما لو أكل التراب.
–আলজামিউস সগীর, পৃ. ১৪০; আলমাবসূত, সারাখসী ৩/৯৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৮২; আদ্দুররুল মুখতার ২/৩৯৫